জয়ের টনিকে হাওয়া বদল
এক দিন আগেও যে মুখগুলোতে ভর করেছিল রাজ্যের অন্ধকার, কাল সেগুলো ঝকঝকে রোদ্দুরের মতো। হাসিখুশি-উজ্জ্বল। একটা জয় কতটা বদলে দিতে পারে বাংলাদেশ দলের অন্দর ও বাইরের রং, চোখে না দেখলে বিশ্বাস করা খানিক কঠিনই।
শ্রীলঙ্কার বিপক্ষে পরশু অসাধারণ নৈপুণ্যে পাওয়া জয়টা এমনই টনিক হয়ে এসেছে। ফুরফুরে একটা হাওয়া বইছে হোটেল সোনারগাঁওয়ে। বঙ্গবন্ধু কাপের দলগুলোর আবাসস্থলে গিয়ে কাল লাল-সবুজের প্রতিটি সদস্যকেই লাগল প্রাণবন্ত এবং অবশ্যই নির্ভার।
সত্যি বলতে, এক জয়ে খেলোয়াড়-কোচ-কর্মকর্তাদের শরীরী ভাষাও গেছে বদলে। সিলেটে মালয়েশিয়া যুব দলের কাছে হার যদি সবার মনটা খারাপ করে দিয়ে থাকে, পরের ম্যাচে ঘুরে দাঁড়িয়ে সেমিফাইনালের টিকিট কাটা বাংলাদেশের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে অনেকগুণ। আত্মবিশ্বাসের অভাব বাংলাদেশ দলের জন্য নতুন নয়। ভালো খেলেও অনেক সময় হারতে হয় এটির অভাবেই। স্নায়ুচাপ জয় করার ক্ষমতাও বাংলাদেশের ফুটবলারদের কম বলে আক্ষেপ অনেক দিনের। এই যখন অবস্থা, শ্রীলঙ্কাকে হারিয়ে নতুন আশার দুয়ারও তো খুলল হঠাৎ! ফুটবল দলের সামনে এমন বর্ণিল দিন কমই আসে। একটা বাজে হারে যেমন সমালোচনার তির ছোটে, একটা জয়ে আবার খেলোয়াড়েরা মাথার মণি। উপচে পড়া আবেগ ঘিরে ধরে চারপাশে।
শ্রীলঙ্কার সঙ্গে জয়ের মাহাত্ম্য অনেক বেশি, তাই উচ্ছ্বাসের মাত্রাও বাঁধনহারা। বঙ্গবন্ধু কাপের সেমিফাইনালে ওঠার প্রতিশ্রুতি পূরণের পরদিন হোটেল লবিতে নাসির, সোহেল রানা, জামাল ভূঁইয়ারা দরাজ কণ্ঠে সেসবই প্রকাশ করলেন। সাতসকালে সংবাদমাধ্যম সেখানে হাজির। কেউ কথা বলছেন শ্রীলঙ্কা ম্যাচের সেরা খেলোয়াড় মিডফিল্ডার হেমন্তর সঙ্গে, কেউ ব্যস্ত অধিনায়কের ‘কোট’ নিতে। সে এক অন্য ছবি। এ দেশে যেটি বেশি দেখা যায় ক্রিকেট দলকে ঘিরেই।
মামুনুলের দুশ্চিন্তার পৃথিবীতে ভর করেছে স্বস্তির আভা। সেমিফাইনালে উঠতে না পারলে জাতীয় দল ছেড়ে দিতে চেয়েছিলেন, সেই পথে হাঁটতে হচ্ছে না। এখন তাঁর চোখে নতুন স্বপ্ন। ‘আমরা ফাইনালে যেতে চাই’ শ্রীলঙ্কাকে হারিয়ে বলেছিলেন সংবাদ সম্মেলনে। সেটি যে মুহূর্তের আবেগে ভাসা কথা নয়, কাল জিনস-টি-শার্ট পরা উচ্ছল মামুনুল তা বোঝালেন এভাবে, ‘এখন আমরা একাত্ম একটা দল, মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী। ফাইনালে খেলবই ইনশা আল্লাহ।’
‘ফাইনাল’ শব্দটা ঘুরেফিরে এল সবার মুখেই। সেমিফাইনালই যেখানে কষ্টসাধ্য হয়ে উঠেছিল, রাতারাতি সেখানে ফাইনালের দুয়ারে উঁকি মারা তো একটু অন্য রকমই। এখন সেটিকেও সম্ভব মনে করা হচ্ছে। এই টুর্নামেন্টে শ্রীলঙ্কা বাদে বাকি বিদেশি দলগুলো বয়সভিত্তিক। এদের সঙ্গে ফাইনাল কেন, চ্যাম্পিয়নই হওয়া উচিত বলছেন অনেকে।
খোদ বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের মুখেও ‘চ্যাম্পিয়ন’ শব্দটা। দলের জয়ে তিনি খুব আনন্দিত। বাফুফে ভবনে কাল সাংবাদিকদের সঙ্গে আড্ডায় এমনও বলেছেন, ‘ফাইনাল কেন, চ্যাম্পিয়নও তো হতে পারি আমরা।’ তাঁর স্বপ্নের সীমা কতটা বিস্তৃত করে দিয়েছে শ্রীলঙ্কা ম্যাচ, বলাই বাহুল্য।
হোটেল লবিতে মজার একটা তথ্য দিলেন বাংলাদেশ দলের সদা সক্রিয় ম্যানেজার আমিরুল ইসলাম বাবু। পরশু কোচ ডি ক্রুইফের মতো তিনিও সাদা শার্ট পরেছিলেন। এটার কারণ, কুসংস্কার। দলকে সার্বক্ষণিক নানাভাবে সহায়তা করা বাবু বলছিলেন, ‘সাদা শার্ট পরে এর আগে সুপার কাপ, এসএ গেমসে চ্যাম্পিয়নসহ অনেক ফাইনালে জিতেছি আমরা। শ্রীলঙ্কা ম্যাচেও জয় পেতে সেই পথই ধরেছিলাম। এটা আমার লাকি শার্ট।’
খানিক দূরেই তখন জাহিদকে ঘিরে সাংবাদিকদের জটলা। খারাপ সময় পেছনে ফেলে খানিকটা ফিরে এসেছেন। অস্থিরতার রোগমুক্ত হতে পারছেন না বলে ঝলকে ওঠা হচ্ছে না পুরোপুরি। তার পরও জাহিদ মাঠে আছেন, নড়াচড়া করছেন সেটিও কম নয়! তাঁর মুখে শ্রীলঙ্কা ম্যাচের টুকরো একটা ছবি, যেটি ভয় ধরিয়ে দিয়েছিল সবাইকেই, ‘শ্রীলঙ্কা পেনাল্টি পাওয়ার পর আমার তো হাত-পা কাঁপা শুরু হয়ে গিয়েছিল। ভাবছিলাম, এই বুঝি সব শেষ!’
গোলরক্ষক সোহেল পেনাল্টি উপহার দিয়ে পরে ‘প্রায়শ্চিত্ত’ করেছেন সেটি আটকে। এই তরুণ পেলেন নতুন উদ্যম, ‘জীবনে এমন আনন্দের দিন কমই এসেছে। পেনাল্টির সময় সৃষ্টিকর্তাকে ডেকে শুধু ওটা রোখার শক্তি চেয়েছিলাম। সেটা আমি পেয়েছি।’
তাতে নতুন শক্তি পেল বাংলাদেশও।