জয়ের ধারায় আবাহনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের ম্যাচে নিজের খেলোয়াড়দের ওপর ক্ষুব্ধই ছিলেন জর্জ কোটান। পোস্টে শট নেওয়ার অক্লান্ত অনুশীলন করেও তাঁর খেলোয়াড়েরা নাকি মাঝারি বা দূরপাল্লার শট নিতে পারেন না! কাল বিজেএমসির সঙ্গে সেই ঘাটতি কিছুটা দূর করলেন আবাহনীর খেলোয়াড়েরা। তবে তাড়াহুড়োয় দূরপাল্লার এলোমেলো শটে অনেক সুযোগ তাঁরা নষ্টও করেছেন।
প্রথমার্ধের মাঝামাঝি হাঙ্গেরিয়ান স্ট্রাইকার সাবোলাস চরবার শট লাগল ক্রসবারে। আগে-পরে বিজেএমসির পোস্টে গেল দু-তিনটি দূরপাল্লার শটও। অব্যাহত শট নেওয়ার প্রবণতায় ৩২ মিনিটে ধরা দিল গোল।
বক্সের ওপর থেকে মিডফিল্ডার শাহেদের শট জালে। অন্য সময় হলে হয়তো শট নিয়ে আরেকটা পাস খেলতে চাইতেন। কাল সেই পথে হাঁটেননি। খেলোয়াড়দের মানসিকতায় খানিকটা পরিবর্তনই এনেছেন কোচ কোটান। এদিন গোল পেলেন আক্রমণের অন্যতম অস্ত্র কোমল, ৩৬ মিনিটে ডিফেন্ডার নাসিরের বাড়ানো বল প্লেস করে।
২-০-তে এগিয়ে যাওয়া আবাহনী দ্বিতীয়ার্ধে খেলেছে হালকা মেজাজে। গোলের তৃষ্ণাটা আর খুঁজে পাওয়া যায়নি তাদের মধ্যে। বিজেএমসি এবার বেশ দুর্বল। সাংগঠনিক কাঠামো ভেঙে পড়ায় টানা তিন ম্যাচ হারল দলটি। অন্যদিকে রহমতগঞ্জের সঙ্গে ড্র দিয়ে লিগ শুরু করা আবাহনী থাকল জয়ের ধারায়। টানা তিন জয়ে ১০ পয়েন্ট তাদের, শেখ জামাল ও মুক্তিযোদ্ধার ১২।