জয়ের ধারায় বাংলাদেশ

উদ্বোধনী দিনে পুরুষ দল ১৯-১ গোলে উড়িয়ে দিয়েছিল হংকংকে। কাল রোলবল বিশ্বকাপের দ্বিতীয় দিনে জিতল বাংলাদেশের পুরুষ ও মহিলা দুই দলই। মিরপুর ইনডোরে পুরুষ দল ভুটানকে হারিয়েছে ৯-২ গোলে। মহিলা দল নেপালকে হারিয়েছে ৮-২ গোলে। গ্রুপ পর্বে এটি ছিল মেয়েদের প্রথম ম্যাচ।
পরশুর মতো কালও আলো ছড়িয়েছেন দীন হাসান হৃদয়। পুরুষ দলের সর্বোচ্চ ৪টি করে গোল করেছেন হৃদয় ও আরাফাত ইসলাম। মহিলা দলের অধিনায়ক হিয়া করেছেন সর্বোচ্চ ৫ গোল।
ভিয়েতনাম না আসায় শেখ রাসেল কমপ্লেক্সে ওয়াকওভার পেয়েছে চীনা তাইপে পুরুষ দল। লাটভিয়া মহিলা দল ১২-০ গোলে জিতেছে গায়ানার বিপক্ষে। মিসর পুরুষ দল ৬-৪ গোলে হারিয়েছে উগান্ডাকে। আর্জেন্টিনা পুরুষ দল ৩-১ গোলে তানজানিয়াকে, ভারত ১১-০ গোলে ইংল্যান্ডকে, ভুটান ৭-১ গোলে হংকংকে, ফ্রান্স ২-০ গোলে বেনিনকে হারিয়েছে। সেনেগাল ও শ্রীলঙ্কা পুরুষ দলের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।
আজ বাংলাদেশ পুরুষ দল খেলবে মিয়ানমারের সঙ্গে, মহিলা দলের প্রতিপক্ষ ফিলিপাইন।