জয়ের পর বিতর্কেও রোনালদো
ম্যাচে দুর্দান্ত কিছু দেখার আশায় চোখ ছিল তাঁর দিকে। সে দাবি মিটিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাঁর গোলে পরশু রাশিয়ার মাটিতে এই প্রথম রাশিয়াকে হারিয়েছে পর্তুগাল। পর্তুগিজ অধিনায়ক কনফেডারেশনস কাপে টানা দ্বিতীয় ম্যাচে হয়েছেন ম্যাচসেরা। তবে মাঠের বাইরের অযাচিত আলোটা এখন যেন এড়িয়েই চলতে পারলেই বাঁচেন রোনালদো। পরশুও যেমন, ম্যাচের পরে সংবাদ সম্মেলনে ম্যাচের বাইরের কোনো প্রশ্নের জবাবই দেননি!
এ মুহূর্তে ম্যাচের বাইরের কোনো ব্যাপার মানেই তাঁর বিরুদ্ধে ওঠা সেই কর ফাঁকির অভিযোগ, তাঁর রিয়াল মাদ্রিদ ছাড়ার গুঞ্জন নিয়ে প্রশ্ন। এসব নিয়ে কিছু বলা মানে উল্টো বিতর্কের জন্ম দেওয়া। ৩২ বছর বয়সী ফরোয়ার্ড সে পথে হাঁটেননি। ওসব নিয়ে প্রশ্ন উঠতেই সোজা সংবাদ সম্মেলনকক্ষ ছেড়ে বেরিয়ে যান।
অথচ এর আগে ম্যাচ নিয়ে প্রশ্নগুলোয় কী সুন্দর গড়গড় করে মনের ভাবটা জানিয়ে দিচ্ছিলেন! পরশু ম্যাচের অষ্টম মিনিটে তাঁর গোলেই রাশিয়ার মাটিতে রাশিয়ার বিপক্ষে প্রথম জয় পায় পর্তুগাল। কনফেডারেশনস কাপে দুই ম্যাচে পর্তুগালের হলো ৪ পয়েন্ট, আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ১ পয়েন্ট পেলেই সেমিফাইনাল নিশ্চিত। এ নিয়ে কথা বলতে আপত্তি নেই রোনালদোর, ‘এই প্রথম রাশিয়ায় এসে জিতল পর্তুগাল। অনেক সুযোগ পেয়েও জিতেছি ন্যূনতম ব্যবধানে। এরই মধ্যে ৪ পয়েন্ট হয়ে গেছে আমাদের, এ জন্য দলকে অভিনন্দন।’
কিন্তু ম্যাচ শেষে বড় হয়ে উঠল তাঁর ওই জবাব না দেওয়াই। যেটি নিয়ে পরে কথা বলতে হলো পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোসকে। তিনি অবশ্য প্রিয় ছাত্রের পক্ষ নিয়ে সাংবাদিকদেরই ধুয়ে দিয়েছেন, ‘কী আশা করেন আপনারা, ও ম্যাচের বাইরের প্রশ্নের জবাব দেবে? ও এখানে ম্যাচ নিয়ে কথা বলবে, পরিবার, রিয়াল মাদ্রিদ, অন্য কিছু নিয়ে নয়। জানি আপনারা জানতে উৎসুক, তবে খেলোয়াড়ের ব্যক্তিগত জীবনকেও তো সম্মান দিতে হবে। ও প্রশ্নের উত্তর না দিয়ে ভালোই করেছে।’
এদিকে কাল কনফেডারেশনস কাপে অস্ট্রেলিয়া ১–১ গোলে রুখে দিয়েছে ক্যামরুেনকে। গোলডটকম।