জয়ের পর মেসির অন্য চমক

সংবাদ সম্মেলনে তিনি আসতেই সবার ভুরু কুঁচকে গেল। এমন একটা জয়ের পর তো লিওনেল মেসির মুখে ঝুলে থাকার কথা চওড়া হাসি। কিন্তু আর্জেন্টাইন অধিনায়কের মুখটা কেমন যেন থমথমে। আর সঙ্গে পুরো দলই বা এসেছে কেন? সবাইকে স্তম্ভিত করে মেসি জানালেন, এখন থেকে তাঁরা সাংবাদিকদের সঙ্গে আর কথা বলবেন না। আর্জেন্টাইন সতীর্থ এজেকিয়েল লাভেজ্জিকে নিয়ে বানোয়াট খবর প্রকাশ করার জন্যই তাঁদের এই সিদ্ধান্ত।
কিন্তু খানিক আগে যা ঘটেছে, তাতে উপস্থিত সাংবাদিকদের মনে অনেক প্রশ্নই আসে। টানা চার ম্যাচ জয়হীন আর্জেন্টিনা এভাবে জেগে উঠল কোন জাদুমন্ত্রে? কলম্বিয়ার বিপক্ষে ৩-০ গোলে জয়ের আগে মেসি সতীর্থদের অনুপ্রাণিত করেছিলেন কীভাবে? এক গোল করে ও দুই গোল করানোর অনুভূতিটাই বা কেমন ছিল? কিন্তু প্রশ্নগুলো সব প্রশ্নই রয়ে গেল।
মেসিকে নিয়ে তখনো ঘোর কাটেনি। জাতীয় দলের হয়ে বিবর্ণ থাকার তমকা অনেক আগেই গা থেকে মুছে ফেলেছেন। বরং মেসিকে ছাড়া আর্জেন্টিনার গতি নেই, সেটিই যেন আপ্তবাক্যের মতো হয়ে গেছে। এক ব্রাজিলের সঙ্গে হারটা বাদ দিলে মেসি খেলেছেন এমন একটা ম্যাচেও আর্জেন্টিনা হারেনি। এই জয়ে বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা এখন অনেক স্বস্তিদায়ক জায়গায়। সবচেয়ে বড় কথা, কাল আর্জেন্টিনা যেমন খেলেছে তাতে রাশিয়ার যাত্রাপথের দিকে তাকিয়ে কোচ এদগার্দো বাউজার কপালের ভাঁজটা অনেকটাই কমার কথা। কলম্বিয়াকে হারিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট তালিকার পাঁচে চলে এসেছে আর্জেন্টিনা, ইকুয়েডর ও চিলির চেয়ে মাত্র ১ পয়েন্ট পেছনে।
আর্জেন্টিনার কালকের ম্যাচটি ছিল আসলে মেসিময়। ৬ মিনিটেই ফ্রি-কিক থেকে ওটামেন্ডির নেওয়া শট চলে যায় পোস্টের বাইরে। দুই মিনিট পর কলম্বিয়ার ফ্যালকাও সুযোগ পেয়েছিলেন, কিন্তু কাজে লাগাতে পারেননি। কিন্তু ৯ মিনিটেই ফ্রি-কিক থেকে গোল করেন মেসি। ক্যারিয়ারে ফ্রি-কিক থেকে কম গোল করেননি। এই বছরেই আর্জেন্টিনার হয়ে আরও তিনটি গোল পেয়েছেন ফ্রি-কিক থেকে। তবে প্রেক্ষাপট ও সময় বিবেচনায় মেসি হয়তো এ গোলটাকে অনেক ওপরে রাখবেন। কলম্বিয়ার গোলরক্ষক ডেভিড অসপিনা ম্যাচের আগে বলেছিলেন, মেসিকে রোখা তাঁদের জন্য খুবই কঠিন। সেটি বুঝলেন অসপিনা, যখন বক্সের ওপর থেকে নেওয়া ফ্রি-কিকটা ক্রসবারের নিচের দিকে লেগে ঢুকে যায় জালে।
কিন্তু অসপিনার পরীক্ষার সেটি কেবল শুরু। ২২ মিনিটে আবারও মেসি-জাদু। এবার তাঁর চিপটা কলম্বিয়ার দুই ডিফেন্ডারের মাথা টপকে খুঁজে নেয় লুকাস প্রাত্তোকে। গঞ্জালো হিগুয়েইনের জায়গায় দলে আসা স্ট্রাইকার হেড করে বলটা পাঠিয়ে দেন কাঙ্ক্ষিত ঠিকানায়। ৮৩ মিনিটে আবারও মেসির ঝলক। কলম্বিয়ান ডিফেন্ডারদের ভুলে বল কেড়ে নিয়ে দুর্দান্ত এক দৌড়ে বল বানিয়ে দেন অ্যাঙ্গেল ডি মারিয়াকে। তা থেকে গোল না করে উপায় ছিল না ডি মারিয়ার!
প্রশ্নটা তাই আবারও এসে যায়, মেসিরা সাংবাদিকদের বর্জন করলেন কেন? মেসি বলেছেন, লাভেজ্জিকে নিয়ে মনগড়া একটা প্রতিবেদনের পরেই সিদ্ধান্তটা নিতে তাঁরা বাধ্য হয়েছেন। রেডিও স্টেশন মিত্রের একটি প্রতিবেদনে দাবি করা হয়, এই ম্যাচের আগে অনুশীলনের পর লাভেজ্জি মারিজুয়ানা সেবন করেছেন। মেসি সংবাদ সম্মেলনে স্পষ্ট বলেছেন, ‘আমাদের বিরুদ্ধে অনেক অভিযোগই এসেছে, সম্মানও দেওয়া হয়নি। কিন্তু কখনো আমরা কিছুই বলিনি। এ রকম কিছু করতে হচ্ছে বলে আমরা খুবই দুঃখিত, কিন্তু আমাদের হাতে কোনো বিকল্প নেই।’ এএফপি।
বিশ্বকাপ বাছাই
দক্ষিণ আমেরিকা
এক নজরে
বলিভিয়া ১ প্যারাগুয়ে ০
ইকুয়েডর ৩ ভেনেজুয়েলা ০
চিলি ৩ উরুগুয়ে ১
আর্জেন্টিনা ৩ কলম্বিয়া ০
পেরু ০ ব্রাজিল ২
প্রথমে স্বাগতিক দল