জয়ের পরও ঘাস নিয়ে সপ্তমে গার্দিওলার মেজাজ
জানুয়ারির ১৫ তারিখেও দ্বিতীয় স্থানে থাকা লিভারপুলের সঙ্গে পয়েন্টের ব্যবধান ছিল ১৪। টানা ১০ ম্যাচ জিতে সেই লিভারপুলই এখন গরম নিশ্বাস ফেলছে ম্যান সিটির ঘাড়ের ওপর।
ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলার মন–মেজাজ এমনিতেই ঠিক থাকার কথা নয়। তার ওপর প্রতিপক্ষের মাঠের বাজে অবস্থার জন্য যদি তাঁর দল সেরা খেলাটা খেলতে না পারে, তাহলে গার্দিওলার মেজাজ তো সপ্তমে চড়বেই!
আন্তর্জাতিক ফুটবলের বিরতির আগে ম্যানচেস্টার সিটি খেলতে গিয়েছিল ক্রিস্টাল প্যালেসের মাঠে। গোলশূন্য ড্র নিয়ে ফিরেছে তাঁর দল।
পয়েন্ট হারানো সেই ম্যাচ শেষে ক্রিস্টাল প্যালেসের মাঠের ঘাস নিয়ে ক্ষোভের কথা বলেছিলেন গার্দিওলা। বড় ঘাসের কারণে তাঁর খেলোয়াড়েরা নিজেদের সেরা খেলাটা উপহার দিতে পারেননি, এমনটাই বলেছিলেন তিনি। কাল বার্নলির মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে ফেরার পরও টার্ফ মুরের ঘাস নিয়ে অসন্তুষ্টির কথা বলেছেন ম্যান সিটির কোচ।
মাঠের ঘাস নিয়ে গার্দিওলার খুঁতখুঁতানি নতুন নয়। বার্নলির মাঠ টার্ফ মুরের ঘাস নিয়ে কাল ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘আন্তর্জাতিক বিরতির পর আবহটা অন্য রকমই থাকে। আন্তর্জাতিক বিরতি থেকে ফেরার পরের ম্যাচটায় কী হবে, তা আপনি বলতে পারবেন না। বিশেষ করে (বার্নলির বিপক্ষে) এ ম্যাচে মাঠের অবস্থা খুব খারাপ ছিল। ঘাস খুবই বড়। আমরা অবশ্য মানিয়ে নিতে পেরেছি।’
এর আগে ক্রিস্টাল প্যালেসের মাঠ নিয়ে সমালোচনা করতে গিয়ে গার্দিওলা বলেছিলেন, ‘আমরা ম্যাচটা জয়ের জন্যই খেলেছি। আমরা গোলের অনেক সুযোগও তৈরি করেছি। মাঠের ঘাস ঠিক ছিল না। এমন একটি মাঠে আমরা যেভাবে খেলেছি, সেটা ছিল দারুণ।’
কাল দিনের প্রথম ম্যাচে ওয়াটফোর্ডকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গিয়েছিল লিভারপুল। তবে বার্নলির বিপক্ষে জয়ে আবার শীর্ষস্থান ফিরে পেয়েছে ম্যান সিটি। ৩০টি করে ম্যাচ খেলে ম্যান সিটির পয়েন্ট ৭৩ ও লিভারপুলের পয়েন্ট ৭২।