জয়ের পরও দুয়ো
লাউডস্পিকারে নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই উড়ে এল দুয়ো। বার্নাব্যু কি তাহলে আপন করে নিতে পারেনি রাফায়েল বেনিতেজকে? রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ৩-১ গোলের জয়ের পর অন্তত দুয়োটা পাওনা ছিল না রিয়াল মাদ্রিদ কোচের! তবে বেনিতেজ আশ্বস্ত হতে পারেন রিয়াল ডিফেন্ডার পেপের কথা শুনে। দলের খেলোয়াড়েরা সবাই কোচের পাশে আছেন, নতুন বছরের আগে এমন একটা উপহারই তো তিনি চেয়েছিলেন!
কদিন আগেই বেনিতেজ অভিযোগ করেছিলেন, রিয়ালের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র হচ্ছে। ইঙ্গিতটা প্রচারমাধ্যমের দিকেই, সেটি অনুমান করতে কষ্ট হওয়ার কথা নয়। পরশু অবশ্য কূটনৈতিক পথেই হাঁটলেন রিয়াল কোচ, ‘সবার নিজস্ব মতামত থাকতেই পারে। ক্লাবের সঙ্গে আমার চিন্তাভাবনা মিলে যায়। তবে কিছু সাংবাদিক সে রকম মনে করেন না, সেটা বোঝাই যাচ্ছে।’
তবে বছরের শেষটা জয় দিয়ে করতে পেরেছেন, এটাই বেনিতেজের জন্য স্বস্তির। ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য সেটি আরেকটু বেশিই হওয়ার কথা। এই মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে প্রথম পেনাল্টি নষ্ট করলেন, আর রিয়ালের হয়ে প্রথমবারের মতো পোস্টেই পেনাল্টি রাখতে পারেননি। শেষ পর্যন্ত ২ গোল করে অবশ্য আফসোসটা বড় হয়ে উঠতে দেননি। বেনিতেজও রোনালদোর প্রশস্তি গাইলেন, ‘পেনাল্টি মিস করার পর ও-ই দায়িত্ব নিয়েছে, দলকে ঐক্যবদ্ধ করেছে।’
কিন্তু এত কিছুর পরও বেনিতেজকে বিদ্রূপ সইতে হচ্ছে কেন? সমর্থকদের একাংশের অনাস্থা থাকতে পারে, তবে পেপের অন্তত বেনিতেজকে নিয়ে কোনো সংশয় নেই, ‘অনেকেই কোচ বদলের কথা বলছেন। সে রকম হলে আবার নতুন কোনো কোচের সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে আমাদের। সেটা ভালো কিছু হবে না। তাঁকে তাঁর কাজটা আমাদের করতে দেওয়া উচিত। মৌসুমের শেষ পর্যন্ত অপেক্ষা করা উচিত।’
বিদায়ী বছরটা ভুলে যাওয়ার মতোই গেল, এই বছরটা রিয়াল স্মরণীয় করে রাখতে পারবে? বেনিতেজ আশাবাদী, ‘আমরা জিতছি, আমাদের চাওয়াও সেটাই। দল ঠিক পথে আছে বলেই আমার বিশ্বাস।’
রোনালদোরা এই বিশ্বাসের মান রাখতে পারবেন তো? এএফপি, মার্কা, এএস।