জয়ের পরও বিতর্কে নেইমার!

এমএসএনের তিন ফলার দুটিই নেই। লুইস সুয়ারেজ দলে যোগ দেওয়ার পর এই প্রথমবার মেসি আর তাঁকে ছাড়াই মাঠে নামল বার্সেলোনা। এমএসএন তাই বদলে গেল মুনির-আরদা তুরান-নেইমার ‘এমএএন’ ত্রয়ীতে। তবে বাকি দুজনকে নিয়ে নেইমার দেখিয়ে দিলেন, দরকার হলে কাঁধটা চওড়া করে দায়িত্বও নিতে পারেন। তাঁর আর মুনিরের গোলেই বার্সেলোনা পরশু কোপা ডেল রের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে অ্যাথলেটিক বিলবাওকে ২-১ গোলে হারিয়েছে স্যান মামেসে। জয়টা যখন প্রতিপক্ষের মাঠে, শেষ চারে বলতে গেলে এক পা দিয়েই রেখেছে বার্সা।
শুধু তো দলকে জেতানো নয়, এই ম্যাচ দিয়ে নেইমার একটা বার্তাও দিলেন। মেসির পর বার্সেলোনার ব্যাটনটা যে তাঁর হাতে উঠতে যাচ্ছে সেটা নিয়ে সংশয় এখন কমই। অথচ এমন একটা ম্যাচেও নেইমারকে বিঁধল বিতর্কের কাঁটা। বিতর্কটা তুলেছেন আরিয়ান আদুরিজ। ৮৯ মিনিটে গোল করে বিলবাওয়ের আশার সলতেটা টিমটিম করে জ্বালিয়ে রেখেছেন আদুরিজই। দ্বিতীয়ার্ধে আদুরিজের মাথার ওপর দিয়ে একটা বল ফ্লিক করেছিলেন নেইমার। আদুরিজের কাছে এটি মনে হয়েছে অসম্মান, দৌড়ে গিয়ে মেসিকে ফাউল করে ফেলে দেন মাটিতে। তবে ব্যাপারটা খুব বড় হয়ে উঠতে পারেনি, আদুরিজ নিজেই বলেছেন নেইমারকে ‘সামান্য ছোঁয়া লাগানো’য় তাঁর কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন পরে। তবে এই মৌসুমে ২৩ গোল করা আদুরিজ বলেছেন, নেইমারের খেলার ধরনটা বদলাতে হবে, বদলাতে হবে তাঁর দৃষ্টিভঙ্গিও, ‘নেইমার একজন বিশ্বতারকা, তবে মাঝেমধ্যে মনে হয় দৃষ্টিভঙ্গিটা বদলালেই সে ভালো করবে। শারীরিক ক্ষতি করার উদ্দেশ্য নিয়ে আমি তাকে ফাউল করিনি। এই ব্যাপারগুলো মাঠেই চুকেবুকে যায়।’
এমন ঘটনা অবশ্য প্রথম নয়। বিলবাওয়ের সঙ্গে কোপা ডেল রের গত মৌসুমের ফাইনালেও এমন সমালোচনা সইতে হয়েছিল নেইমারকে। সেবারও বিলবাওয়ের এক খেলোয়াড়ের মাথার ওপর দিয়ে বল ফেলেছিলেন ব্যাক ফ্লিক করে। সমালোচনার ঝড় উঠেছিল তাই নিয়ে।
বিলবাওয়ের সঙ্গে বার্সেলোনার একটা চাপান-উতোরই যেন চলছে। গত বছর বার্সা স্প্যানিশ সুপার কাপটা তো হারিয়েছে প্রথম লেগে বিলবাওয়ের মাঠে ৪-০ গোলে হেরে যাওয়াতেই। গত শনিবার লা লিগায় ১০ জনের বিলবাও বার্সার কাছে ৬-০ গোলে হেরে গেছে, তবে তাদের খেলার মধ্যে একটা ‘যুদ্ধংদেহী’ মনোভাব কিন্তু ছিলই। আর বিলবাওকে পেলে যেন একটু বেশিই জ্বলে ওঠেন নেইমার। বাস্ক ক্লাবের সঙ্গে মুখোমুখি গত পাঁচ ম্যাচেই গোল পেয়েছেন। তাঁকে রুখতে পরশু অনেক চেষ্টাই করেছে বিলবাও। শুধু আদুরিজই নন, বিলবাওয়ের অন্য খেলোয়াড়দেরও ফাউলের শিকার হয়েছেন নেইমার। এসব নিয়ে অবশ্য কোনো অনুযোগই নেই নেইমারের মুখে, ‘মাঠে যা হয়েছে, সেটা ওখানেই শেষ। ওরা তো আর সব সময় আমার ওপর চড়াও হয়নি। আর রেফারি তো ওখানে ছিলেনই। আমার মনে হয় তার বিচারটা ঠিকই হয়েছে।’
বোঝা গেল, মাঠের মধ্যে মুহূর্তের উত্তেজনায় অনেক কিছু করে ফেললেও কথাবার্তায় পরিণত হয়ে উঠছেন ২৩ বছর বয়সী নেইমার! এএফপি, মার্কা, এএস।