মাহমুদউল্লাহকে সতীর্থদের দেওয়া গার্ড অব অনার নিশ্চিত করেছে, এ ম্যাচে বাড়তি একটি উপলক্ষ আছে। তবে তাঁকে বিদায়ী উপহার দিতে বেশ খানিকটা অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশকে।
ডোনাল্ড তিরিপানো ও ডিওন মায়ার্সের জুটি হতাশ করছিল তাদের। তবে মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ, জয়ের আরও কাছে চলে গেছে তারা।
সকালে তিন–তিনটি ক্যাচ পড়েছিল, তাতেও শেষ পর্যন্ত তেমন কিছু যায়–আসেনি বাংলাদেশের। মধ্যাহৃ বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত ৭ উইকেট ১৭৬ রান তুলেছে জিম্বাবুয়ে। জয়ের জন্য ৪৭৭ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকেরা।
একপ্রান্তে টিকে আছেন ডোনাল্ড তিরিপানো, তবে কতক্ষণ বাধা হয়ে থাকতে পারবেন তিনি, প্রশ্ন সেটিই।
পঞ্চম দিনের শুরুতে দুই প্রান্তেই স্পিনার এনেছিলেন অধিনায়ক মুমিনুল হক। মেহেদী মিরাজের সঙ্গে বোলিং আক্রমণে এসেছিলেন সাকিব আল হাসান। তবে প্রথম ব্রেক–থ্রু পেতে ১৮তম ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশকে।
এর মাঝে দুবার বেঁচেছেন ডিওন মায়ার্স, একবার ডোনাল্ড তিরিপানো। সাকিবের বলে উইকেটের পেছনে মায়ার্সের (২২ রানে) ক্যাচ ছেড়েছেন লিটন দাস। মায়ার্সের ফিরতি ক্যাচ নিতে পারেননি তাসকিন। শেষ পর্যন্ত শর্ট মিডউইকেটে মিরাজের বলে সাদমান ইসলামের হাতে ক্যাচ দেন মায়ার্স, ২৬ রান করে। দুই বল পর টিমাইসেন মারুমা হয়েছেন এলবিডব্লু, মিরাজের বলের লাইনই বুঝতে পারেননি তিনি।
পরের দুই উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। আগুনে স্পেলে রয় কাইয়া ও রেজিস চাকাভাকে ফিরিয়েছেন এই পেসার।
কাইয়া ফুললেংথ থেকে ভেতরের দিকে ঢোকা বল মিস করে হয়েছেন এলবিডব্লু। আর চাকাভা ফুললেংথের বলে ব্যাট-প্যাড কিছুই না লাগাতে পেরে হয়েছেন বোল্ড।
ভিক্টর নিয়াউচিও বোল্ড হয়েছিলেন। তবে তাসকিনে ফ্রন্টফুট ছিল পপিং ক্রিজের বাইরে। নিয়াউচিকে ফিরিয়ে আনা হয়েছে এরপর।