জয়-ভাবনায় নামছে জামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিরগিজস্তান গিয়ে আশরাফউদ্দিন আহমেদ চুন্নুর মনে হচ্ছে, ‘দুটি ম্যাচেই জেতা সম্ভব।’ শেখ জামাল ধানমন্ডির এই কর্মকর্তা পরশু ম্যাকাওয়ের সিএসএসএ বেনফিকার বিপক্ষে কিরগিজস্তানের এফসি আলগার ২-০ গোলে জয়টা মাঠে বসে দেখে আশাবাদীই হয়ে উঠেছেন। কাল ফোনে বলছিলেন, ‘ওরা আমাদের ধরাছোঁয়ার বাইরের কোনো দল নয়। আশা করছি দুটি ম্যাচেই জয় তুলে এএফসি কাপের বাছাইয়ে যেতে পারব আমরা।’
সেই যাত্রাপথে আজ শেখ জামালের সামনে প্রথম বাধা ম্যাকাওয়ের সিএসএসএ বেনফিকা। বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় শুরু হবে ম্যাচটা। শেখ জামাল কোচ যোসেফ আপুসি ৮ আগস্ট ঢাকা ছাড়ার আগে বলেছিলেন, ‘এই প্রতিযোগিতায় ভালো করার যোগ্যতা আমার দলের আছে।’ কিরগিজস্তানে পাঁচ দিন থেকে তাঁর সেই আত্মবিশ্বাস এতটুকু কমেনি। কাল ফোনে বললেন, ‘সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে বেনফিকাকে অবশ্যই হারানো সম্ভব।’
কিরগিজস্তান যাওয়ার আগে ওখানকার আবহাওয়া নিয়ে একটু চিন্তিতই ছিল শেখ জামাল। শীতপ্রধান অঞ্চলে খেলা বাংলাদেশের ফুটবলারদের জন্য বরাবরই একটা সমস্যা। তবে কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এখন আবহাওয়া বাংলাদেশের মতোই। পরশু তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি। তাই সমস্যা হওয়ার কথা নয়।
ঢাকায় প্রিমিয়ার লিগ জয়ের সুখস্মৃতি নিয়েই এএফসি কাপের মঞ্চে দাঁড়াচ্ছে শেখ জামাল। যে মঞ্চে ভালো করার তাড়না বরাবরই প্রকাশ করে এসেছে দলটি। কলকাতার আইএফএ শিল্ডে দুর্দান্ত নৈপুণ্য, ভুটানের কিংস কাপ জয়—ভালো করতে প্রেরণার তো অভাব নেই আপুসির দলের। মাঠে তা পারফরম্যান্সে অনূদিত করারই অপেক্ষা আজ।