ঝুঁকিটা নিচ্ছেন রজার্স

রুদ্ধদ্বার কক্ষে মুখোমুখি বসে আছেন দুজন। নীরবতা ভেঙে কথা শুরু করলেন লিভারপুল কোচ ব্রেন্ডন রজার্স, ‘শোনো, এখানে খেলতে হলে নিজেকে বদলে ফেলতে হবে। আগে যা করেছ, সে রকম কিছু একদমই বরদাশত করা হবে না।’ এরপর কী কী করতে পারবেন না, সেটার একটা লম্বা ফর্দ ধরিয়ে দিলেন। তালিকাটা পড়ে একটু দম নিলেন মারিও বালোতেল্লি, ‘ঠিক আছে, আমি সব শর্ত মেনে নিতে প্রস্তুত।’ হাত মিলিয়ে হাসিমুখে বেরিয়ে এলেন দুজন। অ্যানফিল্ড প্রস্তুত ‘বালোতেল্লি-বরণের’ জন্য।
দৃশ্যটা কাল্পনিক। তবে এটা ঠিক, রজার্স ও বালোতেল্লির মধ্যে কথোপকথন আজকালের মধ্যেই হওয়ার কথা। কালই লিভারপুলে এসে গেছেন, সেখানে তাঁর দ্বিতীয় স্বাস্থ্যপরীক্ষাও হয়ে গেছে। ‘অলরেড’দের হয়ে যাওয়াটা এখন মনে হচ্ছে শুধুই সময়ের ব্যাপার। সেই কথোপকথনে আসলে কী হবে? ব্রিটিশ সংবাদমাধ্যম জানাচ্ছে, দুজনের বৈঠকের পরেই এই খ্যাপাটে স্ট্রাইকারের লিভারপুলে যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
তিন দিন আগেই মিলানের অনুশীলনে বোমা ফাটিয়েছিলেন বালোতেল্লি, ‘আজই এখানে আমার শেষ দিন’। ইতালিয়ান ও ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়ে দিল, এসি মিলান ও লিভারপুলের মধ্যে প্রায় ২ কোটি পাউন্ডের চুক্তি হয়েছে। শুধু বালোতেল্লির সঙ্গে বেতন-ভাতা নিয়ে সমঝোতায় আসা বাকি। গার্ডিয়ান জানাচ্ছে, সেটাও হয়ে গেছে। বিস্ময়কর যেটা, মিলানে যে বেতন পেতেন (সপ্তাহে প্রায় ২ লাখ ইউরো), লিভারপুলে পাবেন তার অর্ধেক। চুক্তির যে ধারাটা আরও মজার তা হলো, আচরণগত সমস্যা না থাকলে বছর শেষে আড়াই কোটি ইউরো বোনাস পাবেন। আপাতত চুক্তিটা হচ্ছে তিন বছরের, তবে সেটি আরও এক বছর বাড়ানোর সুযোগও থাকছে এতে। গার্ডিয়ানের খবর ঠিক হলে এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা আসা বাকি। তবে রজার্স তার আগে কথা বলে নিশ্চিত হতে চান, ২৪ বছর বয়সী ইতালিয়ান স্ট্রাইকার লিভারপুলে অতীত ইতিহাসের পুনরাবৃত্তি করবেন না!
পরশু সংবাদ সম্মেলনে রজার্স যেন বালোতেল্লিকে বার্তাই দিলেন, ‘খেলোয়াড় ও স্টাফদের জন্য আমাদের আচরণবিধি আছে, আলাদাভাবে কারও জন্য কিছু নেই। আমাদের এই ক্লাবটা একটা পরিবারের মতো, মূল্যবোধের চর্চা এখানে অনেক দিন ধরে হয়ে আসছে। কোনো কিছুই এই পরিবেশটা নষ্ট করতে পারবে না।’ কিন্তু বালোতেল্লির মতো একজন খেলোয়াড়ের জন্য শেষ কিছু বলা সব সময় ঝুঁকির। রজার্স সুয়ারেজের মতো খেলোয়াড়কে সামলেছেন, তাঁর কণ্ঠে তাই আত্মবিশ্বাসের অভাব নেই, ‘কখনো কখনো আপনাকে ঝুঁকি নিতেই হবে। আর অনেক সময় ঝুঁকি নিলে আপনি সেটার পুরস্কারও পাবেন। যারা আমাকে চেনে তারা জানে, আমি সব সময় খেলোয়াড় হিসেবে তো বটেই, মানুষ হিসেবেও উন্নতির চেষ্টা করি। আমি যদি বুঝি কেউ চেষ্টা করছে, তার জন্য নিজেকে উজাড় করে দেব।’
রজার্সের কথাগুলো কি বালোতেল্লি শুনেছেন? এএফপি, গার্ডিয়ান।