টঙ্গীতে এবার ফুটবল লিগের ম্যাচ, হতে পারে মুন্সিগঞ্জেও
১০ জানুয়ারি ফেডারেশন কাপের ফাইনাল। তিন দিনের ছোট্ট বিরতি শেষে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ মাঠে গড়াবে ১৩ জানুয়ারি। করোনায় এবার প্রিমিয়ার লিগের ভেন্যু কাটছাঁট করা হয়েছে। গতবার ভেন্যু ছিল ৬টি। এবার ৪টি। নতুন পরিস্থিতিতে ভ্রমণ কমাতে সব ভেন্যুই ঢাকার কাছাকাছি রাখা হয়েছে।
বরাবরের মতো বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামই হবে মূল ভেন্যু। ১৩ দলের লিগে ৮ দলেরই হোম ভেন্যু এই স্টেডিয়াম। কুমিল্লার ভাষাসৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম এবারও ভেন্যু হিসেবে আছে। গতবার এটি এককভাবে ছিল ঢাকা মোহামেডানের ভেন্যু। এবার মোহামেডানের সঙ্গে যৌথভাবে ভেন্যুটি নিয়েছে লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।
প্রথমবারের মতো টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ম্যাচ আয়োজন নিশ্চিত। মুন্সিগঞ্জ স্টেডিয়াম হতে পারে চতুর্থ ভেন্যু। বাফুফে চোখ রেখেছিল বনানীর আর্মি স্টেডিয়ামের দিকে। কিন্তু আর্মি স্টেডিয়াম ভেন্যু হিসেবে নিতে অনেক নিয়মকানুনের বাধ্যবাধকতা রয়েছে। তাই বাফুফে সিদ্ধান্ত পাল্টে আর্মি স্টেডিয়ামের বদলে মুন্সিগঞ্জ স্টেডিয়ামের দিকে হাত বাড়িয়েছে। এরই মধ্যে স্টেডিয়ামটি পরিদর্শন করে সবুজ সংকেত মিলেছে।
বাফুফের পেশাদার লিগ কমিটির সদস্য জাকির হোসেন চৌধুরী আজ প্রথম আলোকে বলেন, ‘সব দিক ঠিক রেখে ভেন্যু যাচাই–বাছাই করা জটিল কাজ। মুন্সিগঞ্জ স্টেডিয়াম আমরা পছন্দ করেছি। এখন কারা এই ভেন্যু নেবে, সেটা ঠিক হবে শনিবার।’ কেউ মুন্সিগঞ্জ ভেন্যু না নিলে? বাফুফের পেশার লিগ কমিটির কর্মকর্তা জাবের বিন তাহের আনসারি বলেন, ‘এখন পর্যন্ত মুন্সিগঞ্জকে ভেন্যু ধরেই আমরা এগোচ্ছি। তবে কেউ না নিলে হয়তো সেটা পরে সিদ্ধান্ত হবে।’
পরিকল্পনায় থাকলেও শেষ মুহূর্তে বাদ দিতে হয়েছে নরসিংদীর স্টেডিয়াম। এই স্টেডিয়ামে হোম ভেন্যু করতে চেয়েছিল সাইফ স্পোর্টিং ক্লাব। কিন্তু মাঠ খেলার উপযুক্ত নয়। তা ছাড়া ওই স্টেডিয়ামে চলছে সংস্কারকাজ। গত মৌসুমে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম ছিল সাইফের হোম ভেন্যু। ক্লাবটির ইচ্ছা ছিল এবারও ঢাকার বাইরে ভেন্যু নেওয়ার। এখন মুন্সিগঞ্জ না নিলে বঙ্গবন্ধুই হবে তাদের হোম ভেন্যু।
করোনাভাইরাসের কারণে ক্লাবগুলোর ভ্রমণ কমাতে এবার বাদ পড়েছে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম, নীলফামারীর শহীদ শেখ কামাল স্টেডিয়াম, সিলেট জেলা স্টেডিয়াম, চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম ও ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম।
গত মৌসুমে শেখ রাসেল ক্রীড়া চক্রের হোম ভেন্যু ছিল সিলেট জেলা স্টেডিয়াম। ভেন্যুটি এবার বাতিল হওয়ায় শেখ রাসেল নতুন মৌসুমে চাইছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। বরাবরের মতোই ঢাকা আবাহনীর হোম ভেন্যু বঙ্গবন্ধু স্টেডিয়াম। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস গত মৌসুমে হোম ভেন্যু করে নীলফামারীর শহীদ শেখ কামাল স্টেডিয়ামে। নতুন মৌসুমে ভেন্যুটি বাতিল হওয়ায় তারা এবার কুমিল্লায় যাচ্ছে।