টঙ্গীর মাঠ যেমন, এর পরিবেশও তেমন
বলটা তো যখন–তখন বাসে উঠে ময়মনসিংহে চলে যেতে পারে! কথাটা একজন রসিকতার সুরে বললেও সেটি উড়িয়ে দেওয়ার উপায় নেই। বল হারিয়ে যেতে পারে, এই ভয়ে ম্যাচ চলাকালে স্টেডিয়ামের বাইরের রাস্তায় নিয়োজিত রাখতে হয় চারজন লোক। দেশের ফুটবলের সর্বোচ্চ আসরের ভেন্যু হিসেবে টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামের অবস্থা বোঝাতে আর কিছু কি লাগে?
স্টেডিয়ামের অবস্থান ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের ঠিক পাশে। সেখানে আবার চলছে উড়ালসড়ক নির্মাণের কাজ। রাস্তা থেকে সারাক্ষণই মাঠে উড়ে আসছে ধুলা। যানবাহনের হর্ন আর উড়ালসড়ক নির্মাণের শব্দে কান পাতা দায়। মাঠের অবস্থাও যেন পারিপার্শ্বিক আবহের মতোই! নতুন মাটি ফেলা হয়েছে। এখানে–সেখানে বিক্ষিপ্তভাবে তার চিহ্ন। বৃষ্টি হলে তো কথাই নেই, অসমতল মাঠের জায়গায় জায়গায় পানি জমে যায়। ঢাকার বাইরের একটি স্টেডিয়ামের পরিবেশ এমন হওয়াটা অস্বাভাবিক নয়। প্রশ্নটা হলো, এমন একটি স্টেডিয়ামকে প্রিমিয়ার লিগের ভেন্যু হিসেবে বাফুফে বেছে নিল কেন? সেটা করতে গিয়ে এমনকি দেশের অন্যতম সম্ভাবনাময় খেলা আর্চারির সঙ্গে দ্বন্দ্বে জড়াতেও পিছপা হয়নি তারা।
স্টেডিয়ামে একটাই গেট। সেটা দিয়েই দর্শক থেকে শুরু করে সবার আসা–যাওয়া। আলাদা ব্যবস্থা না থাকায় খেলোয়াড়দের ড্রেসিংরুমের টয়লেট ব্যবহার করতে হয় সংবাদকর্মী থেকে শুরু করে মাঠকর্মীদেরও। করোনা সংক্রমণ থেকে বাঁচতে লিগের ভেন্যু কমিয়ে আনা হলেও উল্টো যেন আরও বেশি করে স্বাস্থ্যঝুঁকির মধ্যেই ফেলে দেওয়া হলো খেলোয়াড়দের!
অতিরিক্ত খেলোয়াড়দের বসার জন্যও আলাদা কোনো জায়গা নেই এই স্টেডিয়ামে। গত শুক্রবার আবাহনী লিমিটেড ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের ম্যাচ চলাকালে বৃষ্টি নামলে ছোট্ট গ্যালারির একাংশেই গাদাগাদি করে খেলা দেখতে হয়েছে দুই দলের অতিরিক্ত খেলোয়াড়, সংবাদকর্মী ও মাঠের লোকজনকে। চোটের কারণে ম্যাচটি খেলতে না পারায় সেখানে ছিলেন আবাহনীর ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফায়েল আগুস্তোও। তিনি বলছিলেন, ‘এমন পরিস্থিতি কাম্য নয়। প্রিমিয়ার লিগের খেলা আরও ভালো পরিবেশে হওয়া উচিত।’
খেলা কাভার করতে যাওয়া সংবাদকর্মীদের সুযোগ–সুবিধার কথা বাদই দিন, দেশের ফুটবলের সর্বোচ্চ লিগ আয়োজনেরই উপযুক্ত নয় এই স্টেডিয়াম। ৩ ফেব্রুয়ারি লিগ শুরুর দিন এ মাঠে দাঁড়িয়েই বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম বলছিলেন, ‘এখানে আমরা গত বছরও খেলেছি। বেশ কয়েকটি ক্লাব মাঠ দেখেছে। অন্যান্যবারের তুলনায় এবার আয়োজন ভালো।’
এ–ই যদি হয় ভালোর নমুনা, দেশের ফুটবলের বর্তমান চেহারাটা তো অনুমেয়ই।