‘টটেনহাম বদলালে, বাংলাদেশও বদলাতে পারে’

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে নতুন কোচ হাভিয়ের কাবরেরাছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবাহনী লিমিটেড ও উত্তর বারিধারার পর আজ সাইফ স্পোর্টিং ক্লাবের অনুশীলন দেখতে গিয়েছিলেন জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরা।

সাইফের অনুশীলনে দলটির অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে দেখা করেন কোচ। জামালের কাঁধে জাতীয় দলের অধিনায়কত্বের দায়িত্বও। এর মধ্যে দিয়ে আজ প্রথমবারের মতো সাক্ষাৎ হলো জাতীয় দলের কোচ ও অধিনায়কের।

কোচ কাবরেরা যেমন অধিনায়ক জামালের প্রশংসা করেছেন, অধিনায়কও প্রশংসায় ভাসিয়েছেন কোচকে। জামাল ভূঁইয়া কোচ নিয়ে বলতে গিয়ে তুলনা করেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহাম হটস্পারের ইতালিয়ান কোচ আন্তোনিও কন্তের সঙ্গে। বাংলাদেশকে তিনি মেলাতে চেয়েছেন কন্তের দল টটেনহামের সঙ্গে।

মাত্র ১০ দিন আগে বাংলাদেশ দায়িত্ব নিলেও অনলাইনে স্বাধীনতা কাপ ও সাফ চ্যাম্পিয়নশিপের খেলা দেখেছেন কাবরেরা। মিডফিল্ডার জামালের খেলা ভালো লেগেছে তাঁর। অধিনায়ক জামালের ভূয়সী প্রশংসা করলেন কাবরেরা, ‘সে একজন নেতা। খুব ভালো খেলোয়াড়। সাইফ স্পোর্টিংয়ের প্রাণভোমরা। সামনে জাতীয় দলের পারফরম্যান্স উন্নত করতে তাঁকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।’

সাইফ স্পোর্টিং ক্লাবের অনুশীলন দেখতে গিয়েছিলেন কাবরেরা
ছবি: প্রথম আলো

কোচ হিসেবে কেমন অধিনায়ক চান? কাবরেরার প্রত্যাশা, ‘দলের জন্য অধিনায়ক খুবই গুরুত্বপূর্ণ। অধিনায়ক মূলত টেকনিক্যাল স্টাফ ও খেলোয়াড়দের মধ্যে সংযোগ সিঁড়ি হিসেবে কাজ করে থাকে। দলে এবং খেলোয়াড়দের মধ্যে উৎসাহ জোগায়। এ ধরনের গুণাবলির অধিনায়কই আমি প্রত্যাশা করি।’

এখনো নতুন কোচের অধীনে অনুশীলন করেনি জাতীয় দল। তাই কাবরেরার অনুশীলন ধরন ও কৌশল সম্পর্কে জানা নেই জামালের। তবে স্প্যানিশ কোচ হিসেবে খেলার ধরন কী হবে, তা অজানা নয় জামালের।

নিজস্ব ধারণা থেকে সাবেক কোচ জেমি ডের সঙ্গে কাবরেরার খেলার কৌশলের পার্থক্য করতে চাইলেন জামাল, ‘স্প্যানিশ কোচরা ইংলিশদের চেয়ে কিছুটা ব্যতিক্রম হয়ে থাকে। তারা পায়ে বেশিক্ষণ বল রাখতে চায়। বল নিজেদের দখলে রেখে খেলতে চায়। বল দখল এবং গোল স্কোরিংটাই মূল। কারণ, আমরা কম গোল করি।’

অধিনায়কের সঙ্গে আলাপচারিতায় জাতীয় দলের কোচ কাবরেরা
ছবি: প্রথম আলো

ইংলিশ প্রিমিয়ার লিগের দল টটেনহামের উদাহরণ টেনেছেন জামাল। দলটির কোচ আন্তোনিও কন্তের সঙ্গে মেলানোর চেষ্টা করেছেন কাবরেরাকে। বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘আমাদের সক্ষমতা আছে। আমি যদি উদাহরণ দিই কন্তের—সে টটেনহামে আসার পর সবকিছু বদলে গেছে। সে–ও (কাবরেরা) এটা করতে পারে। কেন পারবে না? সে–ও করতে পারবে।’

নভেম্বরে টটেনহামের দায়িত্ব নেন কন্তে। ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলের সাতে লন্ডনের ক্লাবটি।