টট্টি অনুপ্রেরণা রোনালদোরও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টট্টিতে মুগ্ধ রোনালদো। ছবি-টুইটার
টট্টিতে মুগ্ধ রোনালদো। ছবি-টুইটার

৪০তম জন্মদিনটা পেরিয়েছেন গত মাসে। ওই সময়েই উসাইন বোল্ট আর লিওনেল মেসির মতো মহাতারকাদের শুভেচ্ছাবার্তা পেয়েছেন, পেয়েছেন শ্রদ্ধাও। কিন্তু ফ্রান্সেসকো টট্টিকে নিয়ে এই সময়ের তারকাদের মুগ্ধতা শেষ হয়নি এখানেই। এবার রোমা কিংবদন্তিকে নিয়ে মুগ্ধতার কথা জানিয়েছেন সময়ের আরেক সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোও। টট্টির কাছ থেকে নিজেও অনুপ্রেরণা নেন বলে জানিয়েছেন রিয়াল মাদ্রিদ উইঙ্গার।

ধারণা করা হচ্ছে, রোমে এটিই টট্টির শেষ মৌসুম। তবে মাঠের পারফরম্যান্স দিয়ে বোঝার উপায় নেই তাঁর বয়স ৪০ হয়ে গেছে। আন্তর্জাতিক বিরতির আগে তুরিনোর বিপক্ষে লিগের ম্যাচেই পেয়েছেন সিরি আ’তে নিজের ২৫০তম গোল। সর্বশেষ ১১ ম্যাচে ছয় গোল, করিয়েছেন আরও পাঁচটি! গাজেত্তা দেল্লো স্পোর্তের সঙ্গে সাক্ষাৎকারে তাই রোনালদোও মুগ্ধ টট্টিকে নিয়ে, ‘তিনি সর্বকালের সেরাদের একজন। গত বছর আমি যখন প্রতিপক্ষ হিসেবে তাঁর মুখোমুখি হয়েছিলাম, তখনই এটা বুঝেছি। আমার তো মনে হয়, তিনি নিশ্চিন্তে আরও দুই-তিন বছর খেলে যেতে পারবেন।’

এই বয়সে টট্টির এমন ফিটনেস অনুপ্রেরণা রোনালদোর কাছেও, ‘ওকে এভাবে পারফর্ম করতে দেখা তরুণদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এতে সবাই বুঝতে পারবে, বয়স কোনো ব্যাপার নয়। ব্যক্তিগতভাবে আমিও অবসরের কথা কখনো ভাবি না। আমি দীর্ঘদিন খেলে যেতে চাই। আশা করি, আমার শরীরও সায় দেবে।’ গোল ডটকম।