টট্টিই এমন গল্প লিখতে পারেন

ম্যাচের বাকি মাত্রই ৫ মিনিট। ঘরের মাঠে তুরিনোর বিপক্ষে দল পিছিয়ে ২-১ গোলে। হারলে চ্যাম্পিয়নস লিগে খেলার স্বপ্নটা খাবে ধাক্কা। রোমা কোচ জুলিয়ানো স্প্যালেত্তির কপালে চিন্তার ভাঁজ, কাকে নামাবেন?
দাবার শেষ চালের মতো স্প্যালেত্তি নামিয়ে দিলেন ‘দ্য কিং’কে—ফ্রান্সেসকো টট্টি। তাতেই কিস্তিমাত! হলিউডি সিনেমাকেও হার মানানোর মতো রোমের স্তাদিও অলিম্পিওর এই গল্পটা—৩ মিনিট, বলে দুবার স্পর্শ টট্টির, ২ গোল! ম্যাচটা রোমাই জিতল ৩-২ গোলে।
৮৬ মিনিটে যখন নামলেন, রোমা ফ্রি-কিক পেয়েছে তুরিনোর অর্ধে। পিয়ানিচের ফ্রি-কিকটি কস্তাস মানোলাসের পা হয়ে এল টট্টির কাছে। বলে প্রথম স্পর্শ ইতালিয়ান কিংবদন্তির, গোল! তিন মিনিট পর আবার। এটি যদিও বিতর্কিত পেনাল্টি থেকে, তবে একে ফুটবলেরই রূপকথা লেখার ইচ্ছে ধরে নিতে পারেন। যেন আগে থেকেই ঠিক করা ছিল, আরও একবার টট্টিই হবেন রূপকথার নায়ক!
ইংলিশ ব্যান্ড কোল্ড প্লের একটা গান আছে, যার প্রথম লাইনটা এমন—‘আই ইউজড টু রুল দ্য ওয়ার্ল্ড’। টট্টির ক্ষেত্রে কথাটা সম্ভবত মানিয়ে যায়। ২৬ বছর ধরে রোমাকে নিজের সাম্রাজ্য বানিয়ে রেখেছেন। কিন্তু ‘সিংহাসন’টা এই মৌসুমে একটু টলে গেছে রোমান সম্রাটের। দুই মাস আগে কোচ স্প্যালেত্তির সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েছিলেন। এরপর থেকেই তাঁর জায়গা বেঞ্চে, সঙ্গে চোট, সব মিলিয়ে মৌসুমে ম্যাচই খেলেছেন ১১টি, গোল মাত্র ৪টি!
তবে শেষ তিনটি গোল ভালোভাবে বুঝিয়ে দিয়েছে, কেন টট্টিই রোমের অবিসংবাদিত রাজা। আটালান্টার সঙ্গে আগের ম্যাচেও ৮৫ মিনিটে নেমে গোল করে ড্র এনে দেন রোমাকে (৩-৩)। সেদিন কোচ স্প্যালেত্তি বলেছিলেন, ‘টট্টি আমাদের বাঁচায়নি, ম্যাচ বেঁচেছে পুরো দলের কৃতিত্বে।’ স্প্যালেত্তির কাছে দল অবশ্যই সবার আগে, কিন্তু সেটির হৃৎস্পন্দন তো টট্টিই। পরশুর ম্যাচের পর আলেসান্দ্রো ফ্লোরেঞ্জির কথা থেকেই এটি বুঝে নিতে পারেন, ‘জানি না কীভাবে বর্ণনা করব, যেন কোনো সিনেমার মহাকাব্যিক সমাপ্তির মতো!’
৩৯ বছর বয়সে এসেও এমন সমাপ্তি শুধু টট্টির পক্ষেই লেখা সম্ভব। এএফপি।