টট্টি-জাভির রেকর্ডের রাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩৮ বছর বয়সেও গোলক্ষুধা কমেনি টট্টির l রয়টার্স
৩৮ বছর বয়সেও গোলক্ষুধা কমেনি টট্টির l রয়টার্স

রায়ান গিগস ও রাউল গঞ্জালেস অভিনন্দনবার্তা পাঠিয়েছেন কি না জানা যায়নি। এখনো না জানালেও শিগগিরই হয়তো তাঁরা টট্টি ও জাভিকে ধন্যবাদ জানাবেন। রেকর্ড হাতছাড়া হওয়ার বেদনা বুকে চেপে নতুন রেকর্ডধারীকে অভিনন্দন জানানোটা যে সৌজন্যবোধেরই অংশ!
পরশু চ্যাম্পিয়য়নস লিগে টট্টি ও জাভি দুজনই রেকর্ড গড়েছেন। গিগসকে টপকে ফ্রান্সেসকো টট্টি গড়েছেন চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে গোল করার রেকর্ড। রাউলকে টপকে জাভি হার্নান্দেজ গড়েছেন চ্যাম্পিয়নস লিগের মূল পর্বে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড। রেকর্ডের আনন্দকে অবশ্য জয়ে রাঙাতে পারেননি কেউই। টট্টির গোল ম্যানচেস্টার সিটির মাঠে গিয়ে পিছিয়ে পড়া রোমাকে অবশ্য ড্র এনে দিয়েছে। জাভির দল বার্সেলোনা পিএসজির মাঠে হেরেই গেছে ৩-২ গোলে।
নিজেদের মাঠে ম্যানচেস্টার সিটি ৪ মিনিটেই এগিয়ে যায় সার্জিও আগুয়েরোর পেনাল্টি গোলে। ২৩ মিনিটে রোমাকে সমতায় ফেরান টট্টি। শনিবার ৩৮তম জন্মদিন পালন করেছেন টট্টি, পরশু চ্যাম্পিয়নস লিগে নিজের ১৭তম গোলটি করেছেন ৩৮ বছর তিন দিন বয়সে। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ওয়েলস কিংবদন্তি গিগস আগের রেকর্ডটা গড়েছিলেন ৩৭ বছর ২৮৯ দিন বয়সে, ২০১১ সালের ১৪ সেপ্টেম্বর বেনফিকার বিপক্ষে। ম্যাচ শেষে রোমা কোচ রুডি গার্সিয়া ৩৮ বছরের ‘তরুণ’ টট্টিকে ভাসিয়েছেন প্রশংসায়, ‘যখন টট্টিকে নিয়ে কথা বলবেন, আপনি কেবল সে যা করেছে, তার সঙ্গেই তুলনা করতে পারেন। আজ ওর গোল দেখে আমি সত্যিই খুব আনন্দিত। ওর প্রতিভাই গোলমুখে পার্থক্য গড়ে দিয়েছে। আশা করি, এটা রোমার চমৎকার এক গল্পের শুরু।’
বার্সেলোনার হয়ে তিনবার চ্যাম্পিয়নস লিগসহ আরও অনেক পদক জেতা জাভিকে নতুন কোচ লুইস এনরিকে প্রথম একাদশে জায়গা দিচ্ছেন না! পরশুও যেমন ইভান রাকিতিচের বদলি হিসেবে নামেন ৬৯ মিনিটে। চ্যাম্পিয়নস লিগের মূল পর্বে এটি তাঁর ১৪৩তম ম্যাচ। পেছনে ফেলেছেন রিয়াল মাদ্রিদের স্বদেশি কিংবদন্তি রাউলকে (১৪২ ম্যাচ)। বাছাইপর্বের ম্যাচ ধরলে ১৫১ ম্যাচ নিয়ে এখনো অবশ্য শীর্ষে গিগস। তবে এর মধ্যে ১০টি ম্যাচ তিনি খেলেছেন বাছাইপর্বে। ফলে মূল পর্বের ম্যাচের হিসাবে জাভিই শীর্ষে। দুইয়ে রাউল। গতকাল লুদোগোরেৎসের বিপক্ষে খেলে থাকলে রিয়ালের গোলরক্ষক ইকার ক্যাসিয়াস ধরে ফেলেছেন রাউলকে। এএফপি।

চ্যাম্পিয়নস লিগে বেশি বয়সে গোল (শীর্ষ ৬)
বয়স ম্যাচ তারিখ
ফ্রান্সেসস্কো টট্টি ৩৮ বছর ৩ দিন রোমা-ম্যানচেস্টার সিটি ৩০ সেপ্টেম্বর, ২০১৪
রায়ান গিগস ৩৭ বছর ২৮৯ দিন ম্যান ইউনাইটেড-বেনফিকা ১৪ সেপ্টেম্বর ২০১১
ফিলিপ্পো ইনজাগি ৩৭ বছর ৮৬ দিন এসি মিলান-রিয়াল মাদ্রিদ ৩ নভেম্বর, ২০১০
হাভিয়ের জানেত্তি ৩৭ বছর ৭১ দিন ইন্টার মিলান-টটেনহাম ২০ অক্টোবর, ২০১০
লরাঁ ব্লাঁ ৩৬ বছর ৩৩৮ দিন ম্যান ইউনাইটেড-বোয়াভিস্তা ২০ অক্টোবর ২০০৩
পাওলো মালদিনি ৩৬ বছর ৩৩৩ দিন এসি মিলান-লিভারপুল ২৫ মে, ২০০৫

সবচেয়ে বেশি ম্যাচ
ম্যাচ
জাভি হার্নান্দেজ ১৪৩
রাউল ১৪২
ইকার ক্যাসিয়াস ১৪১*
রায়ান গিগস ১৪১
ক্লারেন্স সিডর্ফ ১২৫