টাইটানিক ডোবার আগেই ভাসল ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
টাইটানিক যখন ডুবছিল, মঞ্চ নাটকে ডুবে ছিলেন দর্শকেরা। ফাইল ছবি।
টাইটানিক যখন ডুবছিল, মঞ্চ নাটকে ডুবে ছিলেন দর্শকেরা। ফাইল ছবি।

বিশ্বকাপ জ্বরে কাঁপছে বিশ্ব। সেই ছোঁয়া লেগেছে ইংল্যান্ডেও। তাদের দল যে এবার দারুণ খেলে চলেছে। তবে নাটকের সঙ্গে গোলযোগ বেধে গেল ফুটবলের। যখন একই সঙ্গে নাটক মঞ্চায়িত হয়, আর নিজ দেশের খেলাও থাকে, তখন কেমন হয় পরিস্থিতি!

জুলাইয়ের ৩ তারিখ। ইংল্যান্ডে তখন সময় সন্ধ্যা ৬টা। ওদিকে রাশিয়ায় শেষ ষোলোতে কলম্বিয়ার মুখোমুখি ইংল্যান্ড। সেখানে যখন চলছে টাইব্রেকারের নাটক, একই সময় নটিংহাম শহরের এক মঞ্চে চলছিল ‘টাইটানিক দ্য মিউজিক্যাল’। ওদিকে ইংল্যান্ডের খেলা গড়িয়েছে টাইব্রেকারে। এদিকে আবার মঞ্চে চলছে টাইটানিক ডুবে যাওয়ার করুণ দৃশ্য। সে এক টানটান অবস্থা। পিনপতন নীরবতা দর্শকসারিতে। কী হয় না হয়। এমন সময় দর্শকসারি থেকে চিৎকার ভেসে এল, ‘ওহ্ ইয়েস!’

দর্শকসারির দুই ফুটবলপ্রেমী উত্তেজনা ধরে রাখতে পারেননি। মঞ্চনাটক দেখতে এসেও মোবাইল ফোনে দেখছিলেন খেলা। টাইব্রেকারে ইংল্যান্ডের প্রতিটি গোলে আর নিজেদের আটকে রাখতে পারেননি। যদিও নাটক দেখার প্রথা হলো, আপনাকে চুপটি মেরে বসে দেখতে হবে। শেষ হলে কেবল করতালি দিতে পারেন। কিন্তু এদিন ফুটবলের নাটকের কাছে হেরে গেল মঞ্চের নাটক। টাইটানিক ডোবার আগেই যে ভেসে উঠেছিল ইংল্যান্ডের আশা, স্বপ্ন!

তবে ব্যাপারটি হজম করতে পারেননি ওই নাটকের শিল্পীরা। তাঁদের কথা, খেলাই যদি বেশি টেনে থাকে তো বাসায় বসে দেখলেই পারতেন। নাটক দেখতে আসার কী দরকার ছিল বাপু! অভিনেতা নিয়াল শিহি ক্ষোভ প্রকাশ করলেন টুইটারে, ‘দুজন নারী প্রথম সারিতে বসে ছিলেন। তাঁরা যে ফোনে শুধু খেলাই দেখছিলেন তা নয়, প্রতিটি গোলে ইয়েস বলে আনন্দ প্রকাশ করছিলেন। আপনারা দুজন আমার দেখা সবচেয়ে অশিক্ষিত দর্শক। আমার দুর্ভাগ্য যে আপনাদের সামনে আমাকে অভিনয় করতে হয়েছে এবং যখন একজন অভিনেতা ইশারায় জানালেন ফোন রেখে নাটকে মন দিতে, আপনারা হেসে বুড়ো আঙুল দেখালেন আর উল্টো বললেন, আমরা জিতে গেছি। আমার মনে হয়, আপনারা জানাতে চেয়েছিলেন যে পৃথিবীর সবচেয়ে নির্বোধ নারী আপনারা।’

টাইটানিক যখন ডুবছিল, ইংল্যান্ড তখন জয়ের অপেক্ষায় প্রহর গুনছিল। ছবি: রয়টার্স।
টাইটানিক যখন ডুবছিল, ইংল্যান্ড তখন জয়ের অপেক্ষায় প্রহর গুনছিল। ছবি: রয়টার্স।

তাঁর আরেক সহ-অভিনেতা কিরান ব্রাউনও এমন ক্ষোভ উগরে দিয়েছেন, ‘নির্বোধ। ২ জন নারী, ১ জন বুড়ো, ১ জন মধ্য বয়স্ক...নাটকের সবচেয়ে আকর্ষণীয় মুহূর্তে যে আচরণ করল, সেটা স্কুলের বাচ্চারা করলে মানায়।’

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এ দুজন নারী সমর্থন পেয়েছেন আমজনতার। একজন রসিকতা করে লিখেছেন, ‘টাইটানিক যে ডুববে সেটা তো আমাদের সবার জানা, কিন্তু টাইব্রেকারে কী হবে, সেটা তো কেউ জানত না! ইংল্যান্ডের টাইব্রেকারের ইতিহাস যে খুব একটা ভরসা করার মতো নয়।’

বিশ্বকাপে ১৯৯০ সালের পর আবার নিজেদের ফিরে পেয়েছে ইংল্যান্ড। বিশ্বকাপ জ্বরে কাঁপছে গোটা দেশ। এমন সময় শিল্প-সংস্কৃতির সঙ্গে ফুটবল উন্মাদনার একটু গোলযোগ হতেই পারে! আর দুই ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন! কী যে হবে!