
ফুটবলে টাইব্রেকারের রোমাঞ্চ ছড়ায় নকআউট পর্বে। কিন্তু কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফেডারেশন কাপের গ্রুপ ম্যাচেই ছড়াল সেই রোমাঞ্চ!
শেখ রাসেল-শেখ জামাল কাল মুখোমুখি লড়াইয়ে জিততে না পারায় এই টাইব্রেকার। যদিও গ্রুপ পর্বে দুই দলই ফরাশগঞ্জকে ৩-০ গোলে হারানোয় এক জয়েই উঠে যায় কোয়ার্টার ফাইনালে। কাল দুই দল মুখোমুখি হয়েছিল গ্রুপ চ্যাম্পিয়নশিপ মীমাংসার প্রশ্নে। কিন্তু ম্যাচটা গোলশূন্য থাকায় ৯০ মিনিট শেষে সরাসরি তারা নামল টাইব্রেকারের ভাগ্যপরীক্ষায়।
টাইব্রেকারে জিতে গ্রুপসেরা শেখ জামাল। অথচ ম্যাচ ড্র থাকলে টাইব্রেকার হবে জেনে আগের দিন ছাত্রদের টাইব্রেকার অনুশীলন করিয়েছেন শেখ রাসেলের কোচ শফিকুল ইসলাম মানিক। অনুশীলনে ২০টি শটের ১৯টিতেই নাকি গোল হয়েছে। কিন্তু ম্যাচে হলো উল্টো। তিনটি শটে গোল মাত্র একটি। শেখ জামাল চারটি শটকেই গোলে পরিণত করে জিতে নিয়েছে ‘দুই ভাইয়ের’ লড়াই।
শেখ রাসেলের তৃতীয় শটেই শুধু লক্ষ্যভেদ করেছেন অরূপ। সাইদ হাসান ও খালেকুজ্জামানের শট রুখে দিয়েছেন শেখ জামালের গোলরক্ষক সামিউল। গত বছর রহমতগঞ্জে খেলা এই গোলরক্ষক বড় দলে এসে প্রথম পরীক্ষাতেই উত্তীর্ণ!
টাইব্রেকারে দলের হার দেখে শেখ রাসেলের কোচ মানিক বলছিলেন, ‘অনুশীলনে সবাই খুব সুন্দর শট করেছে। কিন্তু ম্যাচে হয়তো স্নায়ুচাপে ভেঙে পড়তে পারে।’ নিশ্চিত করেই সেই মনঃসংযোগ ধরে রেখে টাইব্রেকারে গোল করেছেন শেখ জামালের জাহেদ, রাফায়েল, আলাউদ্দিন ও মোমোদু।
গুরুত্বহীন হলেও ম্যাচটা দুই দলের কাছেই মর্যাদার লড়াই ছিল। বর্তমানে ক্লাব দুটির সভাপতি একটি ব্যবসায়িক গ্রুপের দুই ভাই। ম্যাচের আগে শেখ রাসেলের পতাকা হাতে একদল সমর্থক বঙ্গবন্ধু স্টেডিয়ামে স্লোগান দিয়েছেন। ম্যাচের সময়ও নেচেগেয়ে আনন্দ করেছেন। কখনো কখনো মনে হচ্ছিল, এটা বুঝি কোনো ঢাকা ‘ডার্বি’ হচ্ছে!
মৌসুমের প্রথম বড় ম্যাচ হিসেবে মন্দ হয়নি মাঠের খেলা! গরম থাকলেও দুই দলই জেতার আকাঙ্ক্ষায় আক্রমণে উঠেছে। ম্যাচে তাই গতি ছিল। শেষ দিকে শেখ জামাল গোল পেতে নাইজেরিয়ান মিডফিল্ডার সোলেমানকে তুলে স্ট্রাইকার রাফায়েলকে নামায়। আক্রমণে আরও ধার আসে দলটির।
শেখ জামালের আক্রমণে তখন দুই বিদেশি। শুরু থেকেই খেলছিলেন মোমোদু। এই দুজনকে সামলাতে শেখ রাসেল একটু চাপেই ছিল শেষ দিকে। এটুকু বাদ দিলে ম্যাচে জিততে পারত যে কেউ।
শেখ জামাল জিতে কোয়ার্টার ফাইনালে চট্টগ্রাম আবাহনীকে এড়িয়ে পেয়েছে মোহামেডানকে। ২৪ মে দুই দল মুখোমুখি হবে শেষ আটে। ২৫ মে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে শেখ রাসেলের লড়াই। দুটিই কঠিন ম্যাচ। তাই কালকের হারে তেমন কোনো হতাশা নেই শেখ রাসেলের।