টাকা কথা বলে
টাকায় সবকিছু হয় না হয়তো। কিন্তু টাকায় অনেক কিছু হয়। বিশেষ করে, ফুটবলে যে টাকা সাফল্য আনে, সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি আর পিএসজি। বিশাল অর্থ বিনিয়োগ করেই গত এক দশকের মধ্যে ইউরোপের বড় শক্তি হয়ে উঠেছে দল দুটি।
আশি ও নব্বইয়ের দশকে ইংল্যান্ডের ফুটবলের শীর্ষ দুই লিগে আসা-যাওয়া করেই কেটেছে সিটির। অবনমন এড়াতে লড়াই করাটাই ছিল তাদের নিয়তি। ২০০৬-০৭ মৌসুমটা ছিল প্রিমিয়ার লিগে সিটির টানা ষষ্ঠ মৌসুম। সেবার চতুর্দশ স্থানে থেকে লিগ শেষ করেছিল স্টুয়ার্ট পিয়ার্সের দল। তখন কে জানত একসময় অবনমনের ‘প্রার্থী’ কয়েক বছরের মধ্যেই হয়ে উঠবে শিরোপার নিয়মিত দাবিদার! গত মৌসুমে তৃতীয় স্থানে থেকে লিগ শেষ করেছে পেপ গার্দিওলার দল।
ম্যানচেস্টার ইউনাইটেডের দুই বছর পরই জন্ম সিটির। কিন্তু সাফল্যে একই শহরের ক্লাবটির চেয়ে যোজন যোজন পিছিয়ে তারা। ২০০৬-০৭ মৌসুমেও লিগে দুটি ম্যাচেই ইউনাইটেডের কাছে হেরেছিল তারা। সিটির ছোট থেকে বড় হয়ে ওঠার ফলক স্থাপিত হয় পরের মৌসুম শেষে, ২০০৮ সালের ১ সেপ্টেম্বর। ২০০ মিলিয়ন পাউন্ডে থাকসিন সিনাওয়াত্রার কাছ থেকে এদিন ক্লাবটি কিনে নেয় শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ানের আবুধাবি ইউনাইটেড গ্রুপ ইনভেস্টমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড।
মনসুর ক্লাবটি কেনার পরই ট্রান্সফার ফির তখনকার ব্রিটিশ রেকর্ড (৩২.৫ মিলিয়ন পাউন্ড) গড়ে রবিনহোকে দলে টানে সিটি। প্রথম দুই বছরে জো, ভিনসেন্ট কোম্পানি, শন রাইট-ফিলিপস, ওয়েইন ব্রিজ, ক্রেগ বেলামি, নাইজল ডি ইয়ং, এমানুয়েল আদেবায়োর, কার্লোস তেভেজ, রক সান্তা ক্রুজকে কিনে নেয়। ২০১০ ও ২০১১ সালে সিটি শক্তি আরও বাড়ায় ইয়াইয়া তোরে, ডেভিড সিলভা, এডিন জেকো, সার্জিও আগুয়েরোদের দলে ভিড়িয়ে। রবার্তো মানচিনির অধীনে জেতে প্রিমিয়ার লিগের শিরোপাও। তবে ঘরোয়া ফুটবলে সাফল্য পেলেও ইউরোপের মঞ্চে চূড়ান্ত সাফল্য অধরাই রয়ে গেছে সিটির।
মনসুর অবশ্য দমে যাননি তাতে। বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখকে সাফল্যে ভাসানো কোচ পেপ গার্দিওলাকে নিয়ে এসেছেন। খেলোয়াড় কেনার জন্য ‘ব্ল্যাঙ্ক চেক’ তুলে দিয়েছেন তাঁর হাতে। গত মৌসুমে সিটির দায়িত্ব নিয়েই তিনি কিনেছেন ব্রাজিলের স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুসকে। এই গ্রীষ্মের দলবদলে এরই মধ্যে খেলোয়াড় কেনায় ২২০ মিলিয়ন পাউন্ড খরচ করেছেন গার্দিওলা। ফোর্বস-এর তথ্য বলছে, সিটি এখন বিশ্বের পঞ্চম ধনী ফুটবল ক্লাব। ২০০ মিলিয়ন পাউন্ড দিয়ে কেনা মনসুরের ক্লাবটির মূল্য এখন ২.০৮ বিলিয়ন!
১০ বছর আগে ফরাসি লিগ ওয়ানে ১৫তম হয়েছিল পিএসজি। ফ্রান্সের মাঝারি মানের এই ক্লাবই গত মৌসুমের আগে টানা চারবার জিতেছে লিগ। পিএসজিতে পরিবর্তনের হাওয়া লাগতে শুরু করে ২০১১ সালে। ওই বছর ক্লাবটিকে কিনে নেয় নাসের আল-খেলাইফির ওরিক্স কাতার স্পোর্টস ইনভেস্টমেন্ট (কিউএসআই)। আল-খেলাইফি ক্লাবের মালিক হওয়ার পরপরই হাভিয়ের পাস্তোরে, ম্যাক্সওয়েল, অ্যালেক্স, থিয়াগো মোত্তার মতো খেলোয়াড় কিনে ফেলে পিএসজি। ২০১১-১২ মৌসুমের মাঝামাঝি কোচ করে নিয়ে আসে কার্লো আনচেলত্তিকে। সেবার দ্বিতীয় স্থানে থেকে লিগ শেষ করে পিএসজি।
এরপর ইব্রাহিমোভিচ, এজেকিয়েল লাভেজ্জি, মার্কো ভেরাত্তি ও এডিনসন কাভানিকে দলে ভেড়ায় ফ্রান্সের ক্লাবটি। কিউএসআইয়ের অর্থ লগ্নির দ্বিতীয় মৌসুমেই লিগ-সেরার মুকুট মাথায় তোলে। এরপর টানা আরও তিনটি। তবে স্বপ্নের চ্যাম্পিয়নস লিগে শেষ আটের বাধা এখনো পেরোতে পারেনি। আল-খেলাইফি অবশ্য হতোদ্যম হননি। বরং চ্যাম্পিয়নস লিগ জিততে আরও মরিয়াই যেন হয়ে উঠেছেন। নইলে কি আর ১৯৬ মিলিয়ন পাউন্ড নিয়ে নেইমারের পেছনে ছুটে পিএসজি! মেইল অনলাইন