টাকা গুনেই রাত শেষ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেতন, বোনাস ও বিশ্বকাপে অংশগ্রহণ ফি নিয়ে ঘানার ফুটবল ফেডারেশনের সঙ্গে টানাপোড়েন শুরু হয়েছিল দেশটির ফুটবলারদের। বিশ্বকাপ চলাকালেই সব পাওনা শোধ করে দেওয়ার দাবিতে বিদ্রোহ করেছিলেন ঘানার খেলোয়াড়েরা। এমনকি পর্তুগালের বিপক্ষে গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে না নামার হুমকি পর্যন্ত দিয়েছিলেন। উপায় না দেখে দেশটির প্রেসিডেন্ট জন মাহামার হস্তক্ষেপে তড়িঘড়ি করে ভাড়া করা বিমানে প্রায় ৩০ লাখ ডলারেরও বেশি অর্থ পাঠানো হয় ব্রাজিলে। ওই সময়ের পুরো ঘটনা তদন্তে একটা কমিটিও গঠন করেছিলেন প্রেসিডেন্ট। সেই কমিটির সামনে নিজের বক্তব্য দিতে গিয়ে এত দিন পর বেশ চমকপ্রদ তথ্যই দিয়েছেন বিশ্বকাপে ঘানার কোচ কোয়েসি আপিয়া।
টাকা পেয়ে খুশিতে আত্মহারা খেলোয়াড়েরা নাকি চুমু খেয়েছিলেন টাকার বস্তায়। এমনকি খেলার চেয়ে টাকাটাই নাকি তখন বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল তাঁদের কাছে। ‘রাত ৯টায় খেলোয়াড়দের টাকা দেওয়া হলো। ম্যাচটা ছিল পরদিন দুপুর ১টায়। বেশির ভাগ খেলোয়াড়ের ব্যাগেই তখন এক লাখ ডলার করে। অনেকে তো গভীর রাত পর্যন্ত শুধু টাকাই গুনেছে’—বলেছেন আপিয়া। পরের দিন ম্যাচের ফল কী হয়েছিল সবাই জানেন। পর্তুগালের কাছে হেরে গ্রুপপর্বেই বিদায় ঘানার। এএফপি।