টাকা দিয়ে আপদ কিনেছে চীন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এজেকিয়েল লাভেজ্জির (বাঁয়ে) এই ভঙ্গিটাই জন্ম দিয়েছে বিতর্কের। চীনে আসার পর বিতর্ক থেকে খুব বেশি দূরে থাকতে পারেননি কার্লোস তেভেজ (মাঝে) ও অস্কারও l ফাইল ছবি
এজেকিয়েল লাভেজ্জির (বাঁয়ে) এই ভঙ্গিটাই জন্ম দিয়েছে বিতর্কের। চীনে আসার পর বিতর্ক থেকে খুব বেশি দূরে থাকতে পারেননি কার্লোস তেভেজ (মাঝে) ও অস্কারও l ফাইল ছবি

কী চাইলাম, আর কী পেলাম!

না, না, জীবনের হিসাব-নিকাশ মেলাতে কেউ বসেনি। তবে এমন ছোটখাটো হতাশা থাকতে পারে চীনের ফুটবল সমর্থকদের, যখন তাঁরা বিদেশি তারকা ফুটবলারদের পারফরম্যান্সের খেরোখাতা নিয়ে বসবেন। কার্লোস তেভেজ, অস্কার, হাল্ক, এজেকিয়েল লাভেজ্জিদের মতো তারকাদের কত শখ করে, কাঁড়ি কাঁড়ি টাকা আর চোখ উল্টে দেওয়ার মতো বেতন দিয়ে নিয়ে এসেছিল চীনের ক্লাবগুলো। চীনের সমর্থকেরাও হয়েছিলেন উচ্ছ্বসিত, এই বুঝি দিন বদলাল! এই তারকাদের সৌজন্যে তাঁদের দেশের ফুটবলও এবার বিশ্বজুড়ে আলোচিত হবে, চীনের ফুটবলাররাও কিছু শিখবেন...কত আশা!

আশার গুড়ে বালি! মৌসুমটা মাঝপথে চলে এসেছে, কিন্তু পারফরম্যান্স বেশির ভাগ তারকারই ভালো নয়। বিশ্বজুড়ে আলোচনাও যা কিছু, সেটি আবার মাঠে ও মাঠের বাইরে তাঁদের ঘিরে থাকা যত বিতর্ক নিয়ে। টাকা দিয়ে যেন আপদ কিনেছে চীন!

কদিন আগে মাঠে মেজাজ হারিয়ে প্রতিপক্ষের গায়ে বল মেরেছেন অস্কার, যে জন্য জুটেছে আট ম্যাচের নিষেধাজ্ঞাও। তবে চীনা ফুটবলের বিদেশি তারকাসংক্রান্ত অঘটনের তালিকায় নবতর সংযোজন এটি। এর আগে নিজে চোটে থাকলেও ক্লাবের খেলা চলার সময় ডিজনিল্যান্ডে গিয়ে বিতর্কিত হয়েছেন তেভেজ। লাভেজ্জি ও হাল্কের বিরুদ্ধে অভিযোগ আরও গুরুতর। দুজনই নাকি চীনাদের অপমান করেছেন, অবশ্য দুজনই অভিযোগ অস্বীকার করেছেন। আর গত সোমবারই প্রতিপক্ষের ফুটবলারকে চড় মেরে লাল কার্ড দেখেছেন বেইজিং গুয়ানের তুর্কি স্ট্রাইকার বুরাক ইলমাজ।

‘বিদেশি ফুটবলারদের মানসিকতা বদলায়নি। ওরা চীনে এসেছে শুধু বেশি বেতনের টানে’—সাংহাই শেনহুয়ার সমর্থক লিউ ইউয়ানের কথায় যেন বিরক্তিই মিশে থাকে। অবশ্য তাঁর ক্ষোভটা বেশি থাকার কথা শেনহুয়া স্ট্রাইকার তেভেজের ওপরই। ১৬ দলের লিগে এখন অষ্টম স্থানে আছে তেভেজের দল। তাঁর নিজের পারফরম্যান্সও যাচ্ছেতাই, গত সপ্তাহে শেনহুয়ার জার্সিতে মাত্র দ্বিতীয় গোল পেয়েছেন ৩২ বছর বয়সী আর্জেন্টাইন স্ট্রাইকার। আর বিতর্ক তো আছেই। সব মিলিয়ে এমনই অবস্থা, চীন ছেড়ে যাওয়ার কথাই নাকি ভাবছেন তেভেজ। যদিও গত জানুয়ারিতেই বছরে ৪ কোটি ডলারের চুক্তিতে সই করেছেন!

সাংহাইয়েরই অন্য ক্লাব এসআইপিজিতে অস্কার ও হাল্কের মাঠের পারফরম্যান্স অবশ্য ভালো। গত জানুয়ারিতে এশীয় রেকর্ড ৬০ মিলিয়ন ইউরোতে চেলসি থেকে আসার পর ১৩ ম্যাচে অস্কার গোল করেছেন ১টি, তবে বেশ কিছু নজরকাড়া পারফরম্যান্স ছিল তাঁর। হাল্কও অস্কারের পাশে আলো ছড়াচ্ছেন, ১৪ ম্যাচে করেছেন ৯ গোল। তবে তাঁদের আচরণ নিয়েই যত ঝামেলা। অস্কার তো আট ম্যাচের লম্বা নিষেধাজ্ঞাই পেলেন। আর গত মাসে গুয়াংজু জিশেংয়ের বিপক্ষে খেলার সময় প্রতিপক্ষ দলের সহকারী কোচকে ঘুষি মারা ও চীনবিরোধী মন্তব্যের অভিযোগ ওঠে হাল্কের বিরুদ্ধে।

হেবেই চায়না ফরচুনের স্ট্রাইকার লাভেজ্জিকে তো চীনের ফুটবল অ্যাসোসিয়েশন তাঁর কথা ও আচরণ আরও শোধরানোর জন্য সতর্কই করে দিয়েছে। আর্জেন্টাইন তারকার বিরুদ্ধে অভিযোগ? সামাজিক যোগাযোগমাধ্যমে লাভেজ্জির একটা ছবি প্রকাশিত হয়েছে, যেখানে দেখা যায় তিনি দুই চোখ টেনে ধরে ছোট করে রেখেছেন। চীনাদের চোখ সাধারণত ছোট হয়, সেটি নিয়ে এভাবে মজা করায় লাভেজ্জিকে ঘিরেও ওঠে বিতর্কের ঝড়।

তারকা ফুটবলাররা চীনে আসায় চীনাদের যে উচ্ছ্বাস ছিল, সেটি এখন ধীরে ধীরে যেন কমে যাচ্ছে তাঁদের এমন আচরণে। সাংহাই এসআইপিজির সমর্থক ইয়াং কুইনং বলছিলেন, ‘ওরা ভাবে ওরা হটশট, ওদের অনুশীলনের দরকার নেই, অন্যদের মতো করে নিজেদের নিয়ন্ত্রণে রাখারও দরকার নেই। কারণ ওরা অন্যদের চেয়ে বেশি টাকা পায়, অভিজ্ঞতাও বেশি।’ চীনে এখন নতুন নিয়ম করা হয়েছে, এক ম্যাচে মাঠে তিন বিদেশির বেশি রাখা যাবে না। তারকাদের আচরণে বিরক্তির কারণেই কি না একটু অখুশি হলেও নিয়মটা মনে ধরেছে ইয়াংয়ের, ‘বিদেশি খেলোয়াড় খেলানোর এই সীমা টেনে দেওয়াটা ভালোই হয়েছে, যদিও এতে চীনা সুপার লিগের আকর্ষণ কিছুটা কমে যাবে।’

তবে আরেক সমর্থক ফ্যাং হুই দিচ্ছেন অন্য ব্যাখ্যা। বিদেশিদের ঘিরে চীনাদের প্রত্যাশার বাড়াবাড়িটাকেই যত সমস্যার মূলে দেখছেন তিনি, ‘(চোটে পড়ে মাঠের বাইরে থাকার সময়ে শেনহুয়ার ম্যাচে না গিয়ে) তেভেজ যখন ডিজনিল্যান্ডে যায়, সমর্থকেরা এটাকে অনেক বড় করে তোলে। ওরা কিছু একটা ভুল করলেই সমর্থকেরা মনে করে, ওরা আসলে এত টাকা বেতন পাওয়ার যোগ্য নয়। বিদেশিদের ঘিরে সমর্থকদের প্রত্যাশা অনেক বেশি।’ এএফপি।