টাকা না উড়িয়েও হয়

টাকায় কী না হয়! আবার টাকাই সব নয়। ফুটবলের ক্ষেত্রে কোনটা সত্যি?
সম্ভবত দুটোই। প্রথম কথাটির জন্য উদাহরণ হিসেবে নিতে পারেন ম্যানচেস্টার সিটি কিংবা পিএসজির মতো ক্লাবগুলোকে। পেট্রোডলারের দাপটেই হাল আমলে ইংলিশ প্রিমিয়ার লিগ আর ফ্রেঞ্চ লিগ ওয়ানের পরাশক্তি হয়ে উঠেছে ক্লাব দুটি। কিংবা গত দশকের শুরুর দিকে প্রিমিয়ার লিগে চেলসির উত্থানও রুশ ধনকুবের রোমান আব্রামোভিচের অর্থবিত্তের ওপর ভর করেই।
কিন্তু ফুটবলে অর্থই কি সাফল্যের শেষ কথা? জবাবটা ‘না’ হবে যদি গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলা অ্যাটলেটিকো মাদ্রিদ কিংবা এবারের ফাইনালিস্ট জুভেন্টাসের কথা মাথায় থাকে আপনার। আর্থিক দিক দিয়ে পরাশক্তি না হয়েও গত মৌসুমে দুই ঘোড়ার দৌড় হয়ে যাওয়া লা লিগায় রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার আধিপত্য ভেঙে দিয়ে শিরোপা জিতেছে অ্যাটলেটিকো। চ্যাম্পিয়নস লিগে হয়েছে রানার্সআপ। এবারও ইউরোপ-সেরার লড়াইয়ে জুভেন্টাসের ফাইনালে ওঠা আরও একবার যেন ওই সত্যটাকেই তুলে আনল—অর্থই ফুটবলে সাফল্যের শেষ কথা নয়!
ফুটবলীয় ঐতিহ্য আর সাফল্যের পরিসংখ্যান বিচার করলে অবশ্য সেমিফাইনালে জুভেন্টাস ও রিয়াল মাদ্রিদের মধ্যে লড়াইটাকে ‘ডেভিড বনাম গোলিয়াথ’ লড়াই বলা যাবে না কিছুতেই। জুভেন্টাস বাকিদের চেয়ে বেশ এগিয়ে থেকে সিরি ‘আ’র সবচেয়ে সফল ক্লাব। ইউরোপেও তারা দুবারের চ্যাম্পিয়ন, এবার ফাইনাল খেলবে অষ্টমবারের মতো। কিন্তু হিসাবটা যদি হয় অর্থবিত্তের সেখানে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা কিংবা বায়ার্ন মিউনিখের সঙ্গে তুলনাতেই আসবে না জুভেন্টাস। ফোর্বস সাময়িকীতে প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিং অনুযায়ী ইউরোপের সবচেয়ে ধনী ক্লাবের তালিকায় এক, দুই ও চার নম্বর অবস্থানে রিয়াল, বার্সেলোনা ও বায়ার্ন। ২০০৮-০৯ মৌসুম থেকে এখন পর্যন্ত এ তিনটি দলের যেকোনো একটিকে ছাড়া কখনো চ্যাম্পিয়নস লিগের ফাইনাল হয়নি!
সম্পদের হিসাব করলে রিয়াল জুভেন্টাসের চেয়ে এগিয়ে চার গুণ! ফোর্বস-এর তালিকায় জুভদের অবস্থান ৯ নম্বরে। ২০১৩-১৪ মৌসুমে জুভেন্টাসের চেয়ে প্রায় দ্বিগুণ আয় করেছে রিয়াল। শুধু তা-ই নয়, ২০১১-১২, ২০১২-১৩ ও ২০১৩-১৪ মৌসুম একসঙ্গে হিসাব করলেও জুভদের চেয়ে প্রায় ৮৩৫ মিলিয়ন ইউরো বেশি আয় রিয়ালের। সান্তিয়াগো বার্নাব্যুতে গত বুধবার জুভেন্টাসের বিপক্ষে রিয়ালের প্রথম একাদশের আনুমানিক মূল্য ছিল ৪২৫.৫ মিলিয়ন ইউরো, সেখানে জুভেন্টাসের একাদশের মূল্য ছিল প্রায় ১২৮.৮ মিলিয়ন ইউরো। রিয়ালের তিন বিখ্যাত ফরোয়ার্ড বেল-বেনজেমা আর ক্রিস্টিয়ানোর (বিবিসি) দামই (২২৯ মিলিয়ন ইউরো) জুভেন্টাসের পুরো একাদশের চেয়ে বেশি! অথচ দুই লেগ মিলিয়ে সেই জুভেন্টাসই রিয়ালকে ছিটকে দিয়ে বার্লিনের ফাইনালে।
৬ জুনের সেই ফাইনাল শেষে বুফন-পিরলো-কিয়েলিনি-তেভেজদের সাফল্য তাই শুধু ট্রফি জেতা বা না জেতা দিয়ে বিচার করলে হবে না। মাসিমিলিয়ানো আলেগ্রির দল এরই মধ্যে প্রমাণ করেছে ফুটবলে অর্থই সব নয়। যেটি গত মৌসুমে করেছিল অ্যাটলেটিকো মাদ্রিদ, তার আগের মৌসুমে বরুসিয়া ডর্টমুন্ড কিংবা ২০০৯-১০ সালে ইন্টার মিলান। তথ্যসূত্র: ফোর্বস, গোলডটকম।