টাকা বড়, না খেলার সুযোগ?

খেলার সুযোগ পাবেন না জেনেও কেন শেখ জামালেই থেকে গেলেন?
তকলিচ আহমেদ উত্তর হাতড়ে বেড়াচ্ছেন। শেষ পর্যন্ত ভুল স্বীকার করতে বাধ্যই হলেন, ‘ভুলই হয়েছে। গত মৌসুমে বসে থাকার পর এবার অন্য দলে যাওয়া উচিত ছিল।’
তকলিচ এখানে প্রতীকী চরিত্র। বাংলাদেশের ফুটবলারদের গড়পড়তা মানসিকতাই এমন, ‘টাকা তো পেলাম। খেলার সুযোগ না পেলে ক্ষতি কী!’
টাকা একটা বড় ব্যাপার। কিন্তু খেলাও তো প্রয়োজন। সামনে জাতীয় দলের অনেক ম্যাচ। কিরগিজস্তান ও তাজিকিস্তান জুনে ঢাকায় খেলবে। তোড়জোড় শুরু হয়ে গেছে। কিন্তু গোল করে দলকে জেতাবেন কে? ভরসা করার মতো স্ট্রাইকার কোথায়?
এসব প্রশ্ন প্রতিনিয়ত ভাবাচ্ছে কোচ-ফেডারেশনকে। তকলিচকে নিয়ে আশা করে সবাই এখন চরম হতাশ। অথচ সিলেটের তরুণ বিজেএমসির জার্সিতে ২০১১-১২ মৌসুমে গোল করেছিলেন ৭টি। জাতীয় দলে এলেন, কমবেশি আলোও ছড়িয়েছেন। সেই তিনি দুই মৌসুম ধরেই শেখ জামালের বেঞ্চ গরম করছেন! নিজেকে নিঃশেষ করছেন নীরবেই।
প্রথম মৌসুমে মাত্র এক ম্যাচে ছিলেন একাদশে, তিন ম্যাচে বদলি। গোল দুটি। এবার ১০ ম্যাচে মাঠে নামার সুযোগ মিলেছে মাত্র দুবার, তাও বদলি হিসেবে কয়েক মিনিট! অনেকে এসব নিয়ে দুঃখ করেন। তকলিচ নিজে বলেন, ‘মামুনুল ভাইসহ সবাই বলল, এবার বিদেশি একজন কম। চান্স পাবি, থেকে যা। তাই থেকে গেলাম। তখন তো আর বুঝিনি এমন হবে।’ এক বছর শেখ জামালে থেকেও তাঁর এই ‘না বোঝাটা’ বিস্ময়করই।
শাখাওয়াত রনিরও প্রায় অভিন্ন অবস্থা। শেখ জামালের ফরোয়ার্ড লাইনে দুই বিদেশি খেলছেন গতবারের মতো এবারও। সুযোগ মিলবে না জেনেও বিকল্প ভাবেননি। এবার ফেডারেশন কাপে দুটি ম্যাচে বদলি হিসেবে সুযোগ পেয়ে গোল করেছেন একটি। চলমান প্রিমিয়ার লিগে প্রথম দুটি ম্যাচে সেরা একাদশে ছিলেন, গোল নেই। পরের তিন ম্যাচে আবার আড়ালে। জেনে-বুঝে বেঞ্চে বসে থাকার এই ‘বিষ’ পান কেন?
শাখাওয়াতের অনুতাপ, ‘গতবার কোচ আপুসি সুযোগ দিতেন না। এবার সনি নর্দেও নেই। বিদেশি চার থেকে তিন। কোচ মারুফ ভাই ভরসা দিয়েছিলেন সুযোগ পাব। তাই থেকে গেছি।’
এই থেকে যাওয়ার সিদ্ধান্তও শাখাওয়াত-তকলিচরা নেন অনেক আগে। অপেক্ষা করেন না অন্য দল থেকে ডাক পাওয়ার। এটা ঘটনা, শেখ জামাল ও শেখ রাসেল অনেক আগেই ঘর গুছিয়েছে। ওই সময় অনিশ্চয়তায় না ভুগে জামালের প্রস্তাবে রাজি হয়ে গেছেন। এই দলে সুযোগ-সুবিধা তো আছেই, টাকাও অন্যদের চেয়ে তুলনামূলক বেশি। কিন্তু টাকাই কি সব? শাখাওয়াতের যুক্তি, ‘টাকার ব্যাপারটা অস্বীকার করা যাবে না। তবে ওই সময় অন্য দলে যাওয়ার ঝুঁকি নিতে ভয় পাচ্ছিলাম।’ শাখাওয়াত এখন অন্যদের দেখে খানিকটা দীর্ঘশ্বাস ফেলেন, ‘অন্য অনেকে নিয়মিত খেলছে। আমিও অন্য দলে গেলে নিয়মিত খেলতে পারতাম, এটা ভাবলে আফসোস লাগে।’
এবার মোহামেডানে ১০ নম্বর জার্সি নিয়ে নিয়মিত খেলছেন তৌহিদুল আলম সবুজ। টাকা কম পেলেও তিনি ‘ধনাঢ্য’ শাখাওয়াত-তকলিচদের চেয়ে সুখী। আমিনুর রহমান সজীব, ওয়াহেদরা আকাশি-নীলের একাদশে সুযোগ পাচ্ছেন। মুক্তিযোদ্ধার জার্সিতে এবার বেশ উজ্জ্বল অভিজ্ঞ এনামুল ৫টি গোল করে ফেলেছেন (মৌসুমে ১০টি)। শেখ রাসেলের এমিলির গোল মাত্র দুটি। তবু তাঁরা নিয়মিত খেলছেন।
শাখাওয়াত-তকলিচদের সুযোগ না পাওয়ার প্রভাব পড়বে জাতীয় দলেও। এভাবে চললে জাতীয় দলে তাঁদের ডাক পাওয়া হবে বিস্ময়কর। চূড়ান্ত বিচারে ভুগবে জাতীয় দল। বিশ্বকাপ বাছাই নিয়ে এত তোড়জোড় সবই মাঠে মারা যাবে।