টাকার গরম দেখিয়েছেন নেইমার
নেইমারের বিরুদ্ধে অভিযোগ শেষই হচ্ছে না আলভারো গঞ্জালেসের। মাঠের খেলায় ঠোকাঠুকি থেকে বাদানুবাদ। সেখান থেকে ঘটনা এত দূর গড়াবে কে জানত? স্প্যানিশ ডিফেন্ডারের মাথার পেছনে আঘাত করে লাল কার্ড দেখেছিলেন নেইমার। ওদিকে গঞ্জালেসের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ তুলেছিলেন ব্রাজিলিয়ান তারকা। আবার জাপানি খেলোয়াড়ের বিরুদ্ধেও জাতিগত বিদ্বেষের অভিযোগ উঠেছিল নেইমারের বিপক্ষে।
প্রমাণের অভাব থাকায় শেষ পর্যন্ত দুজনই পার পেয়ে গেছেন। কিন্তু নেইমারের প্রতি অভিযোগ এখনো কমেনি গঞ্জালেসের। মার্শেই ডিফেন্ডার এবার জানাচ্ছেন, সেদিন নেইমার তাঁর সঙ্গে যে আচরণ করেছেন তাতে তাঁর ওপর সব শ্রদ্ধা হারিয়েছেন। তাঁকে নাকি টাকার গরম দেখিয়েছেন নেইমার!
এর আগে গঞ্জালেস দাবি করেন, নেইমারের সঙ্গে ঝামেলা করায় তাঁকে ও তাঁর পরিবারকে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছিল। ১৩ সেপ্টেম্বরে মারামারি হয়েছিল নেইমার-গঞ্জালেসের মধ্যে। এরপর থেকেই নাকি হুমকি পেয়ে আসছেন গঞ্জালেস, ‘হোয়াটসঅ্যাপে আমাকে ২০ লাখের বেশি বার্তা পাঠানো হয়েছে। বিভিন্ন ভাষায় লেখা সব হুমকি পাঠানো হয়। এর কিছুই আমি বুঝতে পারিনি।’ এবার তিনি দাবি করেছেন, পুরো ম্যাচেই নাকি তাঁকে খেপানোর চেষ্টা করেছেন নেইমার।
মার্শেইয়ের ডিফেন্ডারকে খেপিয়ে তুলতে নাকি বেতন নিয়েও খোঁচা দিয়েছিলেন নেইমার। বেতনের দিক থেকে ফুটবল বিশ্বে মেসির পরেই আছেন পিএসজি ফরোয়ার্ড। ওন্দা সেরোকে গঞ্জালেস বলেছেন, ‘নেইমার আমাকে বলেছে তুমি এক বছরে যা আয় করো, সেটা আমি একদিনে পাই। এবং এটা সত্য। আমি ওকে বলেছি আমার বেতনেই আমি খুশি। সেদিন পুরো ম্যাচে নেইমার যা করেছে সেটা খুবই দুর্ভাগ্যজনক। সারাক্ষণ খেপানোর চেষ্টা করেছে।’
বর্ণবাদী আচরণের দায় থেকে মুক্তি পেয়েছেন। কিন্তু স্প্যানিশ ডিফেন্ডারের দুঃখ এখনো যায়নি। তাঁর নামের পাশে যে কালিমা লেগেছে, সেটা এখনো মেনে নিতে পারেনি গঞ্জালেস, ‘কোনো বর্ণবাদী অপমান করিনি। আমি আমার নাম ও ফুটবল ক্যারিয়ারে দাগ লাগতে দেব না। আমার কাছ থেকে নেইমার কখনো কিছু পাবে না। আমার শ্রদ্ধা পাবে না, কিছুই না। আমাদের খুব বাজে সময় গেছে। শুধু আমার নয়, আমার পরিবারেরও। আমি যদি ওকে কিছু বলতাম, তাহলে সেটা ক্যামেরাতে ধরা পড়তই।’
গঞ্জালেসের দাবি, নেইমার বড় তারকা হতে পারেন। কিন্তু এখনো হার মেনে নেওয়ার মতো মানসিকতা গড়ে ওঠেনি তাঁর, ‘সে ম্যাচে আমি নেইমারের চেয়ে ভালো ছিলাম। সেদিন সে অসহায় হয়ে পড়েছিল। আপনাকে হার মানা শিখতে হবে, জানতে হবে কীভাবে ফল মেনে নিতে হয় এবং যখন কোনো কিছু পক্ষে যায় না তখন কী করতে হয়।’