টাকায় মিলছে না জাভির বিকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৫ সালে মে মাসে ন্যু ক্যাম্পকে বিদায় জানিয়েছিলেন বার্সেলোনার ইতিহাসের অন্যতম সেরা মিডফিল্ডার জাভি হার্নান্দেজ। যেন এক অধ্যায়েরই পরিসমাপ্তি ঘটেছিল সেদিন। জাভির শূন্যতা কি পূরণ করতে পেরেছে বার্সেলোনা? সেটা বোধ হয় বেশ কঠিনই।

বার্সার সোনালি দিনগুলোয় জাভি। ছবি এএফপি।
বার্সার সোনালি দিনগুলোয় জাভি। ছবি এএফপি।

জাভি যে জায়গাটিতে খেলতেন, সে জায়গাটিতে তাঁর যোগ্য উত্তরসূরিকে আনতে চেয়েছে কাতালান ক্লাবটি। কিন্তু সেটি সম্ভব হয়নি এখনো। খরচেও কার্পণ্য করেনি তারা। সেন্টার মিডফিল্ড পজিশনে এখন পর্যন্ত ১১২ মিলিয়ন খরচ করেছে ক্লাবটি। কিন্তু গোটা চারেক খেলোয়াড় কিনেও জাভির জায়গাটা খালিই পড়ে আছে। মাঝমাঠের নেতা হতে পারেননি কেউই।

প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন তুরান। ছবি এএফপি।
প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন তুরান। ছবি এএফপি।

শুরুতে এসেছিলেন আরদা তুরান। অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে নজরকাড়া নৈপুণ্য দেখিয়ে ৩৪ মিলিয়ন ইউরোয় বার্সেলোনাতে এসেছিলেন। প্রত্যাশা মেটাতে পারেননি। খেলার সুযোগও যে খুব পেয়েছেন, তা-ও নয়। এই গ্রীষ্মেই বিদায় বলতে পারেন বার্সার জার্সিকে।

খেলার ধরন বদলাতে গিয়ে বাজে খেলেছেন গোমেজ। ছবি এএফপি।
খেলার ধরন বদলাতে গিয়ে বাজে খেলেছেন গোমেজ। ছবি এএফপি।

পরের মৌসুমেই ৩৫ মিলিয়ন ইউরো বিনিময়ে এসেছেন আন্দ্রে গোমেজ। মজার ব্যাপার হলো, তিনি রাকিটিচের মতোই বক্স টু বক্স মিডফিল্ডার। তাঁর কাছ থেকে জাভির মতো সৃষ্টিশীলতা আশা করাটা একটু বাড়াবাড়িই।

সদ্য ক্যাম্প ন্যুতে আসা পাওলিনহোও একই ধরনের মিডফিল্ডার। ৪০ মিলিয়নের এই ব্রাজিলিয়ানের জন্য অপেক্ষা করে আছে সমর্থকদের ক্রূর দৃষ্টি। শুরুর কয়েকটা ম্যাচে বেশ চাপেই থাকবেন। এখন পর্যন্ত জাভির সবচেয়ে কাছে যেতে পেরেছে ডেনিস সুয়ারেজ। কিন্তু একাদশেই তো তাঁর জায়গাটা পাকা নয়।

অ্যাসিড টেস্টে পড়তে যাচ্ছেন পাওলিনহো। ছবি এএফপি।
অ্যাসিড টেস্টে পড়তে যাচ্ছেন পাওলিনহো। ছবি এএফপি।

সমস্যাটা আসলে অন্য জায়গায়। বার্সা কি সত্যিকার অর্থেই জাভির বিকল্পের সন্ধানে নেমেছে? নতুন একটা জাভি তৈরিতে কি তাদের কোনো উদ্যোগ দেখা গেছে? উত্তরটা অবশ্যই না। হাল আমলের বক্স টু বক্স মিডফিল্ডারদেরই ঠেলেঠুলে নিজেদের টিকি-টাকা কৌশলে আঁটিয়ে নিতে চেয়েছে। কিন্তু এঁরা তো কেউই জাভির মতো সৃষ্টিশীল মিডফিল্ডার নন। এ কারণেই বার্সার মধ্যমাঠ অকার্যকর হয়ে পড়েছে। গেল মৌসুমে মাঝমাঠের দৈন্যদশা ঢেকে রেখেছিলেন মেসি-সুয়ারেজ-নেইমারের ‘এমএসএন-ত্রয়ী’। এবার নেইমার নেই। মাঝমাঠের দুর্বলতা কিন্তু এরই মধ্য প্রকাশিত হয়ে পড়েছে।

ডেনিস সুয়ারেজেই ভরসা? ছবি এএফপি।
ডেনিস সুয়ারেজেই ভরসা? ছবি এএফপি।

জাভির ঘরানার খেলোয়াড়দের মধ্যে ভেরাত্তি কিংবা সেরিকে আনার গুজবই কেবল এসেছে। আরেকটি নতুন মৌসুমের শুরুতেও তাই মাঝমাঠের সিংহাসনটা খালিই পড়ে আছে। রিয়ালের প্রতাপের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে একজন জাভির ভীষণ দরকার মেসিদের। সূত্র: মার্কা