টানা চতুর্থ ফাইনালে ভারত
টানা চতুর্থবারের মতো মেয়েদের সাফের ফাইনালে উঠে রেকর্ড গড়ল ভারত। কাল দিনের প্রথম সেমিফাইনালে তিনবারের চ্যাম্পিয়ন ভারত ৩-১ গোলে হারিয়েছে নেপালকে।
ম্যাচের ৪৪ মিনিটে ভারত এগিয়ে যায় কমলা দেবীর গোলে। ৫৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইন্দুমতী। ম্যাচে ফেরার প্রাণপণ চেষ্টা ছিল নেপালের। কিন্তু গোলমুখে গিয়ে বারবার খেই হারিয়েছেন নেপালি মেয়েরা। যদিও ৭৫ মিনিটে সাবিত্রা ভান্ডারির গোল নেপালকে ম্যাচে ফেরার একটা আশা জুগিয়েছিল। এবারের টুর্নামেন্টে সাবিত্রার এটি ১২তম গোল। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা তিনিই। কিন্তু ৮৪ মিনিটে সুস্মিতা মালিক সেই গুড়ে বালি ঢেলে করেছেন ভারতের তৃতীয় গোলটি।
ম্যাচ শেষে নেপালের কোচ কুমার থাপা হারের জন্য দুষেছেন বাংলাদেশের রেফারি আনিসুর রহমানকে, ‘আমরা রেফারির বাজে কয়েকটি সিদ্ধান্তের কারণে হেরে গেছি। নিশ্চিত তিনটি পেনাল্টি দেননি রেফারি। শুধু আমরা নই, ভারতও সঠিক সিদ্ধান্ত পায়নি অনেক ক্ষেত্রেই।’