টানা চার ফাইনালে হার, তবু 'দুর্ভাগা' ক্লপই প্রেরণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিভারপুলের সঙ্গে নিজের ভাগ্যও বদলাতে চাইছেন ক্লপ। ছবি: এএফপি।
লিভারপুলের সঙ্গে নিজের ভাগ্যও বদলাতে চাইছেন ক্লপ। ছবি: এএফপি।

অল অর নাথিং! অল অর নাথিং! অল অর নাথিং!

লিভারপুল খেলোয়াড়, সমর্থক—সবার মুখে এই একটা কথাই বারবার শোনা যাচ্ছে। ইউরোপা লিগের ফাইনালে আজ রাতে সেভিয়ার সঙ্গে খেলবে ইয়ুর্গেন ক্লপের দল। কিন্তু ম্যাচ–পূর্ব আলোচনায়, সংবাদ সম্মেলনে এই একটা কথাই বারবার উঠে আসছে। জিতলে আগামী মৌসুমে লিভারপুল সব পাবে, না জিতলে কিছুই নয়। কিন্তু এমন সন্ধিক্ষণে দাঁড়িয়ে যাঁকে প্রেরণা মানছে ‘অলরেড’রা, সেই ক্লপ কি পারবেন আজ নিজেরও একটা ভাগ্য বদলাতে? বরুসিয়া ডর্টমুন্ডের সাবেক এই কোচ যে টানা চারটি ফাইনাল থেকে ফিরেছেন খালি হাতে।
‘অল অর নাথিং’ কেন? শুধুই একটা শিরোপা নয়, এই ইউরোপা লিগ যে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলারও টিকিট। ইংলিশ লিগে অষ্টম স্থানে থেকে শেষ করা লিভারপুলের আগামী মৌসুমে মহাদেশীয় ফুটবল খেলার একমাত্র সুযোগও এখন এই একটি ম্যাচের ওপর নির্ভর করছে।
সেই সুযোগ নিজের করে নেওয়ার পথে সেভিয়া অবশ্যই একটা বড় বাধা। উনাই এমেরির দলও তো টানা তিন ইউরোপা লিগ জিতে রেকর্ড গড়ার সামনে দাঁড়িয়ে। এই টুর্নামেন্টটাও এরই মধ্যে পরিচিতি পাচ্ছে ‘সেভিয়ার টুর্নামেন্ট’ নামে। কিন্তু লিভারপুলকে জেতাতে আজ সেভিয়াকে রুখে দেওয়ার পাশাপাশি নিজের ভাগ্যকেও বদলাতে হবে ক্লপকে।
বরুসিয়া ডর্টমুন্ডকে বদলে দিয়েছেন ঠিকই, তবে জার্মান ক্লাবটিতে থাকার সময় সর্বশেষ তিনটি নকআউট টুর্নামেন্টের ফাইনালেই তিনি জিততে পারেননি—দুটি জার্মান কাপ ফাইনাল (২০১৪ ও ২০১৫), আর ২০১৩ চ্যাম্পিয়নস লিগ ফাইনাল। লিভারপুলেও প্রথমবারে ধারাটা বদলাতে পারেননি ক্লপ। লিগ কাপের ফাইনালে দলকে তুলে নিয়েও টাইব্রেকারে হারতে হয়েছে ম্যানচেস্টার সিটির কাছে। সব মিলিয়ে পাঁচটি ফাইনালে উঠে জয় পেয়েছেন মাত্র একটিতে, ২০১২ জার্মান কাপ ফাইনালে।
টানা চারটি ফাইনালে পরাজয়, ‘দুর্ভাগ্যে’র বৃত্তটা আজ ভাঙতে পারবেন ক্লপ? সংবাদ সম্মেলনে অবশ্য ভাগ্যের ব্যাপারটা উড়িয়ে দিয়েছেন লিভারপুল কোচ, ‘সত্যি বলতে, আমার মনে হয় না ভাগ্যের প্রয়োজন আছে। ফাইনালে তো দুটি ফলই হতে পারে, হয় আমরা জিতব, না হলে হারব। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, পারফরম্যান্স। আপনারা দেখেছেন, আমি এই পর্যন্ত যতগুলো দলের হয়ে ফাইনালে ছিলাম, সবাই ভালো খেলেছে।’
কিন্তু ‘ভালো খেলা’ আর ‘জয়ে’র পার্থক্য কী একটুও হতাশ করে না? ক্লপের উত্তরটা শুনে নিন, ‘ফাইনালের রেকর্ড নিয়ে আমি হতাশ নই। হয়তো আরেকটু ভালো হতে পারত, হেরে নিশ্চিতভাবেই আমি খুশি ছিলাম না। তবে একবার যা শেষ, সেটি পুরোপুরিই অতীত। আর আমি এটা জানি, প্রতিটিতেই আমার দল সবটুকু ঢেলে দিয়েছে, ম্যাচগুলোও অনেক জমেও উঠেছিল। আমার বাসায় অনেক রুপার মেডেল আছে, এটা সত্যি। তবে কোনো মেডেল না পাওয়ার চেয়ে এটাও তো ভালো। আমার মনে হয়, যখন আপনি কঠোর পরিশ্রম করবেন, লেগে থাকবেন, একটা সময় সেখানেই পৌঁছাবেনই।’
আজ পৌঁছাতে পারবেন কি না, সেটি জানতে আর মাত্র ঘণ্টা কয়েকের অপেক্ষা। সূত্র : টেলিগ্রাফ, দিস ইজ অ্যানফিল্ড।