টানা জয়ে শীর্ষে ব্রাজিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বল দখলের লড়াইয়ে ব্রাজিলের রেনাতো আগাস্তু। তাঁর পা থেকে এসেছে একটি গোলও। ছবি: রয়টার্স।
বল দখলের লড়াইয়ে ব্রাজিলের রেনাতো আগাস্তু। তাঁর পা থেকে এসেছে একটি গোলও। ছবি: রয়টার্স।

নেইমার ছিলেন না। মেরদিয়ার মাঠ ভেজা ছিল প্রচণ্ড বৃষ্টিতে। বিদ্যুৎ–বিভ্রাটে ২০ মিনিট বন্ধ ছিল স্টেডিয়ামের ফ্লাডলাইট। কিন্তু এসবের কিছুই বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলার বিপক্ষে ব্রাজিলের জয় আটকাতে পারেনি। ২-০ গোলে জিতে লাতিন অঞ্চলে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।


খেলা শুরুর ৮ মিনিটের মধ্যেই এগিয়ে যায় ব্রাজিল। গোলটিও ছিল কিছুটা হাস্যকর। ভেনেজুয়েলার গোলকিপার ড্যানিয়েল হার্নান্দেজ পাস বাড়াতে চেয়েছিলেন নিজ সতীর্থের উদ্দেশে। কিন্তু ৩০ গজ দূরে থাকা সতীর্থের পায়ে বল পৌঁছেনি, মাঝখানে গ্যাব্রিয়েল জেসুস তা ধরে হার্নান্দেজের মাথার ওপর দিয়ে তা পাঠিয়ে দেন জালে।

এগিয়ে যেতেই ম্যাচের পুরো নিয়ন্ত্রণ চলে আসে ব্রাজিলের হাতে। ভেনেজুয়েলা বিশ্বকাপ বাছাইপর্বে আগের নয় ম্যাচে জয় পায়নি—এমন এক প্রতিপক্ষকে পেয়ে একের পর এক আক্রমণে ঝাঁপিয়েছেন ব্রাজিল ফুটবলাররা। ম্যাচের ৫৩ মিনিটে রেনাতো আগাস্তুর নিচু এক ক্রস থেকে বল ধরে গোল করেন উইলিয়ান।

৭৩ মিনিটে মেট্রোপলিটানো স্টেডিয়ামের ফ্লাডলাইট বন্ধ হয়ে গেলে খেলা বন্ধ থাকে ২০ মিনিট। এরপর খেলা শুরু হলে বাকি সময়টাতে বলার মতো তেমন কিছুই ঘটেনি।

এই ম্যাচটি জিতে ব্রাজিল কোচ হিসেবে শতভাগ জয়ের রেকর্ড ধরে রাখলেন তিতে। গত জুলাইয়ে দায়িত্ব নেওয়ার পর তিতের অধীনে চার ম্যাচের চারটিতেই জিতেছে ব্রাজিল।

এই জয়ে উরুগুয়েকে টপকে পয়েন্ট তালিকার শীর্ষে চলে গেল ব্রাজিল। দিনের অপর ম্যাচে কলম্বিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করে উরুগুয়ে।

১০ দলের লাতিন অঞ্চলে শীর্ষ চার দল সরাসরি জায়গা করে নেবে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে। পঞ্চম দলটিকে বিশ্বকাপে যেতে হবে ওশেনিয়ার একটি দলের সঙ্গে প্লে অফ খেলে। সূত্র: রয়টার্স।