টানা তিন ম্যাচে হার আবাহনীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এএফসি কাপে আবাহনীর দুর্দশা চলছেই। বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হেরেছে বেঙ্গালুরু এফসির বিপক্ষেও। আজ বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে আই লিগের দল দলটির কাছে ২-০ গোলে হেরেছে। পরাজয়ের ব্যবধানটা ৫-০ গোলে হলেও অবশ্য অবাক হওয়ার কিছু ছিল না! দুর্দান্ত কয়েকটি গোল বাঁচিয়েছেন গোলরক্ষক সোহেল। বেঙ্গালুরুর ফরোয়ার্ডরাও অন্তত গোটা চারেক সহজ সুযোগ নষ্ট করেছেন। একবার গোললাইন সেভ করেছেন মামুন মিয়া।

গ্রুপে এটি আবাহনীর টানা তৃতীয় হার। আর টানা তৃতীয় জয় নিয়ে ‘ই’ গ্রুপে শীর্ষে রইল বেঙ্গালুরু এফসি।
এমনিতেই ভাঙাচোরা একটা দল নিয়ে এএফসি কাপে খেলছে আবাহনী। এর ওপর দলের অন্যতম গুরুত্বপূর্ণ ডিফেন্ডার সামাদ ইউসুফ ভিসা জটিলতায় ভারতে যেতে পারেননি। ছয়জন ডিফেন্ডার দিয়ে রক্ষণ দেওয়ালকে চীনের প্রাচীর বানিয়েও অবশ্য শেষ রক্ষা করতে পারেননি কোচ দ্রাগো মামিচ।
ম্যাচের ২৫ মিনিটে অবশ্য দারুণ একটা সুযোগ পেয়েছিল আবাহনী। একা বক্সে বল নিয়ে ঢুকে পড়েন স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবন। সামনে তখন শুধুই বেঙ্গালুরুর গোলরক্ষক। কিন্তু শেষ পর্যন্ত তড়িঘড়ি করে শট নেওয়ার আগেই বল ঠেকিয়ে দেন বেঙ্গালুরুর গোলরক্ষক। ৪০ মিনিটে প্রথমে গোল করে দলকে এগিয়ে নেন বেঙ্গালুরুর নিশু কুমার। সুনীল ছেত্রী ও ড্যানিয়েল বক্সের বাইরে বল দেওয়া নেওয়া করে আলতো করে সামনে বাড়িয়ে দেন। সুযোগ সন্ধানী নিশু চমৎকার প্লেসিয়ে গোল করে উল্লাসে মেতে ওঠেন। ৮২ মিনিটে জয় নিশ্চিত গোলটি করেছেন মারজান জুগোভিচ। বক্সের মধ্যে দাঁড়ানো লিংগডোর ক্রস থেকে পাওয়া বলে জুগোভিচ শট নেন। গোলরক্ষক সোহেল অবশ্য ঠেকিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু বলটি ক্রসবারের নিচের দিকে লেগে ঢোকে জালে! বাকি সময় অবশ্য চেষ্টা করেও গোল দিতে পারেনি কোনো দল।
এএফসি কাপে আবাহনীর পরের ম্যাচ আগামী ৩ মে, ঢাকায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে।