টানা হারের তিক্ত রেকর্ড ইউনাইটেডের

সাদা চোখে শিরোনামটা চমকে ওঠার মতোই। হারের রেকর্ড আর ম্যানচেস্টার ইউনাইটেড—শব্দগুলো তো একই বাক্যে খুব একটা মানায় না।
তার ওপর লিগে টানা তিন জয় দিয়ে শুরু করা ইউনাইটেড ছয় দিন আগে প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির কাছে ২-১ গোলে হেরেছিল, তারপর গতকাল হারল ইউরোপা লিগের প্রথম ম্যাচে ফেইনুর্ডের কাছে। তার মানে ছয় দিনে মাত্র দুটি হার। তাতেই কী এমন রেকর্ড হয়ে গেল!
হয়েছে। গতকাল ইউরোপা লিগে ফেইনুর্ডের মাঠে ১-০ গোলের হারেই একটা তিক্ত ‘রেকর্ড’ গড়ে ফেলেছে ইউনাইটেড। ইউরোপিয়ান প্রতিযোগিতায় প্রতিপক্ষের মাঠে এটি ইউনাইটেডের টানা চতুর্থ হার। এর আগে ইউরোপে ভ্রমণে বেরিয়ে যে টানা এতগুলো ম্যাচ নিজেদের ইতিহাসে কখনো হারেনি ইংল্যান্ডের অন্যতম সফল ক্লাবটি।
গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগে গ্রুপপর্বের শেষ ম্যাচে ভলফসবুর্গের মাঠে ২-৩ গোলের হার দিয়ে শুরু হয়েছিল এই ‘যাত্রা’। ওই হারে চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে ইউরোপা লিগে এসে পড়ে ইউনাইটেড। সেখানেও প্রতিপক্ষের মাঠে একই দুর্ভাগ্য। প্রথমে পুঁচকে মিটশেলানের মাঠে হার। সেটি অবশ্য ঘরের মাঠে পুষিয়ে দিয়ে ইউরোপা লিগের শেষ ষোলোতে উঠেছিল লুই ফন গালের ইউনাইটেড। কিন্তু সেখানেও লজ্জা। এবারের হার চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলের মাঠে। যা ইউনাইটেডকে ছিটকেই ফেলল ইউরোপা লিগ থেকে।
গত মৌসুমের ওই টানা তিন হারের পর এবার ইউরোপা লিগের প্রথম ম্যাচ—ইউরোপিয়ান মঞ্চে প্রতিপক্ষের মাঠে টানা চার হারের লজ্জা প্রথমবারের মতো। অবশ্য এবারের হারের জন্য রেফারিকেও চাইলে দুষতে পারে ইউনাইটেড। ম্যাচ শেষ হওয়ার ১২ মিনিট আগে প্রতি আক্রমণে টনি ভিলেনার গোল জয় এনে দেয় ফেইনুর্ডকে, কিন্তু সেটি অফসাইডের কারণে বাতিলও হতে পারত। গোলে শট নেওয়ার আগে ভিলেনা ক্রসটি পেয়েছিলেন সতীর্থ নিকোলাই জার্গেনসনের কাছ থেকে, যিনি ছিলেন অফসাইড।
ইউনাইটেড দুষতে পারে নিজেদেরও। তাদের খেলায়ও যে ঠিক ইউনাইটেডসুলভ প্রত্যয় ছিল না। কোচ হোসে মরিনহো অবশ্য দলটাও নামিয়েছিলেন প্রায় নতুন। গত শনিবার সিটির কাছে হেরে যাওয়া ম্যাচের দলে বদল এনেছেন ৮টি! রেখে দিয়েছেন শুধু গোলকিপার ডেভিড ডি গিয়া, ডিফেন্ডার এরিক বাইয়ি ও মিডফিল্ডার পল পগবাকে। এদের মধ্যে এই মৌসুমেই দলবদলের বিশ্ব রেকর্ড গড়ে এসেছেন বলেই হয়তো, সমালোচকদের চোখটা পগবার ওপরই বেশি ছিল।
এখন পর্যন্ত অবশ্য নিজের ঝলকের কিছুই দেখাতে পারেননি ফ্রেঞ্চ মিডফিল্ডার। গতকালও পুরোটা ম্যাচে প্রায় অচেনা হয়েই ছিলেন। অবশ্য ইউনাইটেড কোচ দলের সবচেয়ে দামি রত্নটিকে আগলে রাখছেন, ‘আমি কোনো একক খেলোয়াড়ের সমালোচনা করতে চাই না। ও পুরো দলের মতোই তো খেলেছে। প্রথমার্ধে নিয়ন্ত্রণ ওদের (ইউনাইটেড) হাতে ছিল, কিন্তু গতি ছিল কম। দ্বিতীয়ার্ধে খেলায় তীব্রতা বেড়েছিল, কিন্তু তখনই গোলটা খেয়ে গেল ওরা।’
ছয় দিনের মধ্যে টানা দুই হারে অবশ্য মহাভারত অশুদ্ধ হয়ে যাওয়ারও কিছু দেখছেন না মরিনহো, ‘(মৌসুমের শুরুতে) কমিউনিটি শিল্ড জেতার পর যখন টানা তিনটি ম্যাচে জিতেছি, তখন আমি উচ্ছ্বাসে ভেসে যাইনি। আমি বলিনি আমাদের দল ফেনোমেনাল, বা আমরা সব প্রতিপক্ষকে দুমড়ে-মুচড়ে দেব। তবে সত্যি বলতে, হেরে যাওয়া এই দুই ম্যাচে আমরা খুব একটা ভালোও খেলিনি। অবশ্য যা হয়েছে তা-ও দলের জন্য শাস্তির মতো, কারণ (দুটি ম্যাচে) যে ফল হয়েছে তার চেয়ে বেশি কিছুই পাওয়া উচিত ছিল আমাদের।’
চাওয়া-পাওয়ার সমীকরণে মেলানোর সুযোগ পরশুই পাচ্ছেন মরিনহো। লিগে নামতে হবে ওয়াটফোর্ডের মাঠে। লড়াই সূত্র: বিবিসি, ইএসপিএন।