টানা ১১ হবে কি মদরিচের?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টানা ১১ শিরোপা জেতার প্রস্তুতিতে কমতি নেই মদরিচের। ছবি: রয়টার্স
টানা ১১ শিরোপা জেতার প্রস্তুতিতে কমতি নেই মদরিচের। ছবি: রয়টার্স
>রিয়াল মাদ্রিদের হয়ে শেষ ১০ ফাইনালেই জয়ের মুখ দেখেছেন মদরিচ। ক্রোয়েশিয়ার জার্সিতে আজ তাঁর সুযোগ আছে একে ১১তে নিয়ে যাওয়ার। সুযোগ কাজে লাগাতে পারবেন মদরিচ?

বিশ্বকাপের মঞ্চে ক্রোয়েশিয়ার প্রথম পা রাখা ১৯৯৮ সালে। প্রথমবারই তৃতীয় হওয়ার সাফল্য আর পার করা হয়নি পরবর্তী প্রজন্মের। এবারও ক্রোয়েশিয়ার সেমিফাইনাল খেলার কথা ভাবেনি কেউ। এ দলকে নিয়ে বাজি ধরার সাহস খোদ সে দেশের মানুষেরও ছিল না। রাকিতিচ, মানজুকিচদের দলটিকে নেতৃত্ব দিয়ে বিশ্বকাপের ফাইনালে নিয়ে এসেছেন লুকা মদরিচ।

শরণার্থী শিবির থেকে বিশ্বকাপের ফাইনালে। মদরিচ, রাকিতিচদের গল্প ঈর্ষা জাগাতে বাধ্য। তবে দলের অধিনায়ক মদরিচের ফাইনাল–ভাগ্য এর চেয়ে বেশি ঈর্ষণীয়। শেষ ১০ ফাইনালে হারের মুখ দেখেননি মদরিচ। টানা ১১ নম্বর ফাইনালেও কি এ রেকর্ড ধরে রাখতে পারবেন ক্রোয়াট জাদুকর?

রিয়াল মাদ্রিদের জার্সিতে মোট ১৪টি শিরোপা জিতেছেন মদরিচ। এর মাঝে এক ম্যাচ ফাইনাল খেলে জিততে হয়, এ রকম ১১টি শিরোপা জিতেছেন মদরিচ। চারটি চ্যাম্পিয়নস লিগ, তিনটি ক্লাব বিশ্বকাপ, তিনটি ইউরোপিয়ান সুপার কাপ ও একটি কোপা দেল রে শিরোপা। ১১টি ফাইনালের মাঝে শুধু ২০১৪ সালের ক্লাব বিশ্বকাপ ফাইনালে চোটের কারণে মাঠের বাইরে ছিলেন মদরিচ। মদরিচের ক্যারিয়ারে একমাত্র ফাইনাল হারের দাগা দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

নগর প্রতিদ্বন্দ্বীদের কাছে ২০১৩ কোপা দেল রে ফাইনালে হেরেছে রিয়াল। কোপার সেই ফাইনাল বাদে আর কোনো ফাইনালে হারেননি মদরিচ। ২০১৪ চ্যাম্পিয়নস লিগের ফাইনাল থেকে ২০১৮ চ্যাম্পিয়নস লিগ ফাইনাল পর্যন্ত ১০ ফাইনালেই জয়ী দলের প্রাণভোমরা ছিলেন মদরিচ।