লিগে সর্বশেষ ছয় ম্যাচে দুই দলের আশ্চর্য সমতা! রিয়াল মাদ্রিদ জিতেছে চার ম্যাচে, হেরেছে একটিতে, ড্রও একটি। আলাভেসও তা-ই। ম্যাচেও দুই দলের কেউই খুব বেশি দাপট নিয়ে খেলেছে, তা বলা যাবে না। কিন্তু রিয়াল পার্থক্যটা গড়ে দিল সুযোগ কাজে লাগানোর দক্ষতায়। আলাভেসকে কাল ঘরের মাঠে ৩-০ গোলে হারিয়ে জিনেদিন জিদানের ব্যস্ত মাসের শুরুটা করল স্বস্তি দিয়ে।
ব্যস্ত মাস বলতে, এই এপ্রিলেই রিয়ালের ম্যাচ আছে ৯টি। যার মধ্যে লিগে বার্সেলোনার ও অ্যাটলেটিকো মাদ্রিদের মতো প্রতিপক্ষ, চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখ। নিয়মিত অধিনায়ক সার্জিও রামোসকে তাই বিশ্রাম দিয়েছিলেন জিদান।
কিন্তু রিয়াল কোচ খেলোয়াড়দের চোটে পড়ার যে ভয়টা পাচ্ছিলেন, সেটিই দুঃস্বপ্ন হয়ে দেখা দিল শুরুতে। ম্যাচের ১১ মিনিটেই খুঁড়িয়ে মাঠ ছাড়েন ডিফেন্ডার রাফায়েল ভারানে, তাঁর বদলি নামাতে হয় ড্যানি কারভাহালকে। এই কারভাহালের সঙ্গেই বল দেওয়া-নেওয়ার পর ৩০ মিনিটে রিয়ালকে এগিয়ে দেন করিম বেনজেমা। এ নিয়ে রেকর্ড টানা ৫০ ম্যাচে গোল পেল রিয়াল।
তবে দ্বিতীয়ার্ধের শুরুতে মনে হচ্ছিল, বিরতিতে ভুলে দুই দলের জার্সি বদল হয়ে যায়নি তো! বিরতির পর প্রথম ২০ মিনিটে আলাভেস খেলেছে দুর্দান্ত, রিয়াল ছিল অচেনা হয়ে। আলাভেস উইঙ্গার এডগার মেন্ডেজ তো কয়েক গজ দূর থেকে বল মেরেছেন পোস্টের বাইরে! এর মধ্যেও অবশ্য একবার আলাভেসের পোস্টে বল জড়িয়ে দেন ক্রিস্টিয়ানো রোনালদো, তবে ছিলেন অফসাইডে।
পড়ে পাওয়া সুযোগগুলো কাজে লাগাতে না পারার মূল্যই দিতে হলো আলাভেসকে। ৮৫ থেকে ৮৮-তিন মিনিটের মধ্যেই দুই গোল করল রিয়াল। প্রথমে রোনালদোর থ্রু ধরে গোল করেন ইসকো, তার তিন মিনিট পর গোল নাচোর। বক্সের বাইরে থেকে বেলের ফ্রিকিক বারে লেগে ফিরলে সেটিকে আবার জালে জড়িয়ে দেন নাচো। সনি সিক্স।