ওয়ান্দা মেত্রোপলিতানোয় কাল রাতে ফিরতি লেগে গোল হয়নি। কিন্তু মারামারি হয়েছে। লাল ও হলুদ মিলিয়ে কার্ড দেখানো হয় মোট দশটি। তবু ঝামেলা মাঠেই রেখে আসতে পারেনি দুই দল। মারমুখো পরিস্থিতি তৈরি হয়েছে টানেলেও।
শেষ বাঁশি বাজার পর আতলেতিকো মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির খেলোয়াড়েরা টানেল দিয়ে ড্রেসিংরুমে ফেরার পথেও লেগে যায়। শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে শান্ত হয় পরিস্থিতি।
টিভি ফুটেজে দেখা গেছে সিটির উইঙ্গার জ্যাক গ্রিলিশ, আতলেতিকোর সেন্টার–ব্যাক স্তেফান সাভিচ ও ফুলব্যাক সিমে ভারস্কো ও সিটির রাইটব্যাক কাইল ওয়াকার টানেলে বাদানুবাদে জড়ান। ম্যাচে আতলেতিকোর সেন্টার–ব্যাক ফেলিপে লাল কার্ড দেখার পর জ্যাক গ্রিলিশের চুল টেনে ধরেছিলেন সাভিচ।
মন্টেনেগ্রোর এই ডিফেন্ডার টানেলে গ্রিলিশের সঙ্গে আবারও কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন। দুজনেই মারমুখো ছিলেন। আতলেতিকোর কোচিং স্টাফ এ সময় ভারস্কোকে না ঠেকালে পরিস্থিতি আরও খারাপ হতে পারত। উত্তেজিত কাইল ওয়াকারকে ধরে রেখেছিলেন সিটি গোলকিপার এদেরসন। এরপর উয়েফার অনুরোধে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।
কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগের এই ম্যাচে এর আগে মাঠে ৯১ মিনিটে সিটি তারকা ফিল ফোডেনকে ফেলিপে লাথি মারার পর ঝামেলায় জড়িয়ে পড়ে দুই দল। আতলেতিকো কোচ দিয়েগো সিমিওনে টানেলের ঘটনাটি নিয়ে জানিয়েছেন, ‘আমি দেখিনি। মাঠে দর্শকদের অভিবাদন জানাচ্ছিলাম। ভেতরে (টানেলে) ঢোকার সময় কাউকে দেখিনি।’ আতলেতিকোর খেলোয়াড়দের আচরণ নিয়ে সিটি কোচ পেপ গার্দিওলা তাঁর অনুভূতি প্রকাশ করেছেন এক কথায়, ‘কিছুই বলার নেই।’
প্রথম লেগে ১-০ গোলের জয়ে এগিয়ে ছিল সিটি। ফিরতি লেগের শেষ দিকে সিটির খেলোয়াড়েরা ইচ্ছে করেই সময় নষ্ট করছেন এবং সে কারণেই বাগ্বিতণ্ডা—এমন কথাই বলেছেন আতলেতিকোর অধিনায়ক কোকে, ‘এমন ম্যাচ পাগল বানিয়ে দিতে পারে। যখন আপনি গোলের সুযোগ তৈরি করছেন, কিন্তু ওরা মাঠে পড়ে যাচ্ছে, ইচ্ছে করেই সময় নষ্ট করছে...এটাই ফুটবল। লোকে এমনিতে এসব কারণে আমাদের সমালোচনা করে। দেখা যাক, আজকের (কাল রাতে) ঘটনাটা নিয়ে কী ভাবে।’
সিটি ডিফেন্ডার আয়মেরিক লাপোর্ত অবশ্য সময় নষ্ট করার পাল্টা অভিযোগ তুলেছেন আতলেতিকোর খেলোয়াড়দের প্রতি, ‘অযথাই মারামারিতে জড়িয়ে ওরাই (আতলেতিকো) সময় নষ্ট করেছে। ওরা কেমন তা আমরা আগে থেকেই জানি। তারা সব সময় এমনই করে।’ তবে সিটির খেলোয়াড়দের দফায় দফায় সময় নষ্ট করা নিয়ে আতলেতিকো কোচ সিমিওনে বেশ ব্যঙ্গাত্মক উত্তর দেন, ‘কোনটা?’—অর্থাৎ, অনেকবারই তো সময় নষ্ট করেছে, এর মধ্যে কোনটা? সিমিওনের অবশ্য এ নিয়ে কোনো অভিযোগ নেই, ‘আমার কিছু বলার নেই। এসব বিষয় সামলাতে রেফারি আছেন।’
ফিরতি লেগে গোল করতে পারেনি কোনো দল। দুই লেগ মিলিয়ে ১-০ গোলের অগ্রগামিতায় চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি।