কমলাপুর স্টেডিয়ামে টার্ফ বসানোর কাজ থমকে আছে অনেক দিন ধরে। কারণটা আর কিছু নয়, চট্টগ্রাম বন্দরে টার্ফ এসে পড়ে আছে আড়াই মাসেরও বেশি। এর শুল্ক এসেছে প্রায় দেড় কোটি টাকা। অনুদানের জিনিস এত টাকা দিয়ে ছাড় করাতে অপারগ বাফুফে। বলা হচ্ছে, সেই সামর্থ্যও তাদের নেই।
ওদিকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বলছে, নিয়মের বাইরে যাওয়া সম্ভব নয়। টাকা দিলে তবেই টার্ফ ছাড় হবে। উদ্বেগের বিষয়, টার্ফ ছাড় না হওয়ায় প্রতিদিন সাড়ে তিন শ ডলার করে জরিমানা গুনছে বাফুফে। এরই মধ্যে জরিমানার অঙ্ক পৌঁছেছে প্রায় ২০ লাখ টাকায়। বন্দর থেকে ওটা না আনা পর্যন্ত জরিমানা বাড়বেই।
টার্ফটা বিনা মূলে৵ই পাওয়া। যুক্তরাষ্ট্র থেকে যার প্রথম অংশ চট্টগ্রাম বন্দরে আসে গত ১৫ জানুয়ারি। পরের অংশ ১২ ফেব্রুয়ারি। অথচ সেটি ছাড় করাতে এতটা দেরি হওয়ায় টার্ফের ভবিষ্যৎই এখন অনিশ্চিত। কমলাপুরে খেলাও হচ্ছে না এ কারণে। নিচের দিকের অনেক আয়োজনই এই স্টেডিয়ামে হওয়ার কথা। টার্ফ না বসানোয় সবই বন্ধ।
এর আগে বাফুফেকে ফিফার দেওয়া প্রথম টার্ফটি ছাড় করাতে অবশ্য কোনো টাকা লাগেনি। জাতীয় রাজস্ব বোর্ড তখন শুল্ক বাবদ সব টাকাই মওকুফ করে দেয়। এবার না দেওয়ায় বাফুফের জ্যেষ্ঠ সহসভাপতি সালাম মুর্শেদীর কণ্ঠে হতাশা, ‘আগেরবার এনবিআর শুল্ক মওকুফ করেও এবার করতে চাইছে না। কিন্তু আড়াই মাস ধরে এভাবে টার্ফ পড়ে থাকা মানে দেশের ফুটবলের জন্যই বড় ক্ষতি।’
বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন, আপাতত টার্ফ ছাড় করে দেওয়ার অনুরোধ ফেডারেশনের পক্ষ থেকে করা হয়েছে এনবিআরকে। অন্তত জরিমানার হাত থেকে যেন রেহাই মেলে। পরে এ ব্যাপারে এনবিআরের নেওয়া যেকোনো সিদ্ধান্তই মানার অঙ্গীকার করেছে বাফুফে। সাধারণ সম্পাদকের দাবি, ‘দেড় কোটি টাকা ব্যাংকে জমা রাখা সাপেক্ষে ওটা ছাড় করবে বলছে এনবিআর। কিন্তু ফেডারেশন চলে স্পনসরের টাকায়। এত টাকা শুল্ক দিয়ে তো ওটা ছাড় করা সম্ভব নয়।’
তাহলে কি টার্ফ এভাবেই পড়ে থাকবে? উত্তর নেই বাফুফের কাছে। অথচ ফিফার নিয়ম হলো, একটা টার্ফ বসানো শেষ হলে আরেকটির জন্য আবেদন করা যাবে। কিন্তু একটা টার্ফ বসাতেই দেখা যাচ্ছে চার-পাঁচ বছর পার! ক্ষতিটা দেশের ফুটবলেরই।