টার্ফ বসছে কমলাপুরে
অবশেষে কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে বসতে যাচ্ছে অ্যাস্ট্রো টার্ফ। আগামী সপ্তাহের মধ্যেই এই টার্ফ বসানোর কাজ শুরু হয়ে যাবে। এর আগে কাল ফিফার একটি প্রতিনিধিদল পরিদর্শন করেছেন স্টেডিয়াম।
ফিফার কৃত্রিম টার্ফবিষয়ক পরামর্শক মার্কাস কেলার, টার্ফ স্থাপনকারী কানাডিয়ান প্রতিষ্ঠান গ্রেট স্পোর্টস ইনফ্রার কর্মকর্তা পিটার ফন রেইজেন এবং কে জন কাল গিয়েছিলেন স্টেডিয়ামে। টার্ফ বসানোর কাজের অগ্রগতি দেখে সন্তুষ্ট কেলার জানালেন, ‘৮-১০ দিনের মধ্যে টার্ফ বসানো শুরু করা যাবে।’ তবে এর আগে টার্ফ বসানোর আনুষঙ্গিক কাজ সেরে ফেলতে হবে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী দুই মাসের মধ্যেই টার্ফ বসে যাবে স্টেডিয়ামে এবং মাঠটি খেলার উপযোগী হবে।
টার্ফের জন্য মাঠ বরাদ্দ পেতে বাফুফেকে দুই বছর ধরে দেনদেরবার করতে হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সঙ্গে। ফিফার পাঠানো টার্ফ চট্টগ্রাম বন্দরে এসে পড়ে ছিল মাস ছয়েক।