পুরো নাম: আদেনর লিওনার্দো বাচ্চি
ডাকনাম: টিটে
জন্ম: ২৫ মে, ১৯৬১
অর্জন
২০১২ সালে করিন্থিয়ানসের হয়ে ফিফা ক্লাব বিশ্বকাপ ও কোপা লিবার্তাদোরেস কাপ জয়।
একই দলের হয়ে ২০১১ ও ২০১৫ সালে ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপ এবং ২০১৩ সালে ব্রাজিলিয়ান কাপ জয়।
পছন্দের ফর্মেশন: ৪-২-৩-১।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম আগের দিনই প্রায় নিশ্চিত করে দিয়েছিল। কাল বেশির ভাগ ব্রাজিলিয়ান পত্রিকার খবর থেকে প্রায় শব্দটাও উঠে গেছে। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) অবশ্য এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। তবে ওই আনুষ্ঠানিকতাই শুধু বাকি। টিটেই ব্রাজিলের নতুন কোচ।
টিটে নামে পরিচিত হলেও তাঁর আসল নামটা অন্য সব ব্রাজিলিয়ানদের মতো বেশ ভারী—আদেনর লিওনার্দো বাচ্চি! টিটে অবশ্য অলিম্পিক ফুটবলে দায়িত্ব নেবেন না। অনূর্ধ্ব-২০ দলের কোচ রজারিও মিকালেকে দেওয়া হয়েছে সেই দায়িত্ব।

করিন্থিয়ানস সভাপতি রবার্তো দে আন্দ্রাদে এরই মধ্যে নিশ্চিত করে দিয়েছেন টিটের জাতীয় দলের কোচ হওয়ার খবর, ‘টিটে আর করিন্থিয়ানসের কোচ নন। তিনি সিবিএফের প্রস্তাব গ্রহণ করেছেন।’ এ নিয়ে সিবিএফ করিন্থিয়ানসের সঙ্গে কোনো পরামর্শ করেনি বলে আন্দ্রাদে মহা খাপ্পা, ‘ওরা (সিবিএফ) আমাদের ফোন করে কিছু জিজ্ঞেস করার সৌজন্যটুকুও দেখায়নি। এতে কিছুই বদলাত না, আমরা সানন্দেই সম্মতি দিতাম। কিন্তু সিবিএফ সেই কাজটিও করল না। ওরা আসলে জানেই না কীভাবে ভদ্রলোকদের সঙ্গে কথাবার্তা বলতে হয়। টিটের মতো একজন কোচকে পাওয়ার যোগ্যই নয় সিবিএফ।’ সিবিএফ অবশ্য পাল্টাবিবৃতিতে দাবি করেছে, ওরা করিন্থিয়ানস সভাপতি রবার্তো দে আন্দ্রাদের সঙ্গে অনেকবার যোগাযোগ চেষ্টা করেও পায়নি।
৫৫ বছর বয়সী টিটে ২০১২ সালে করিন্থিয়ানসকে জিতিয়েছেন কোপা লিবার্তাদোরেস ও ক্লাব বিশ্বকাপ, পরের বছর কোপা সুদামেরিকানা। ড্রেসিংরুমে কড়া নিয়মানুবর্তী বলে সুখ্যাতি আছে তাঁর। ব্রাজিল দলে হয়তো এটাই এখন সবচেয়ে বেশি জরুরি। অবশ্য কোচ বদলালেই রাতারাতি সব বদলে যাবে—এমন আশা না করার জন্য ব্রাজিল সমর্থকদের সতর্ক করে দিয়েছেন দেশটির প্রভাবশালী ফুটবল কলামিস্ট জুকা কেফুরি, ‘টিটে জয়ের ধারায় আছেন, ব্রাজিলের ফুটবলকে কক্ষপথে ফেরানোর পরিকল্পনাও আছে তাঁর। তবে তিনিও কিন্তু ফলনির্ভর ফুটবলের দর্শনেই বিশ্বাসী। দুঙ্গার চেয়ে তিনি বেশি কার্যকর হবেন বলেই মনে করি। তবে ব্রাজিলের ফুটবলের এখন যেসব সমস্যা, কোচ বদলালেই তা শেষ হয়ে যাবে না।’ এএফপি, রয়টার্স।