টিভি ধারাবাহিকে ম্যারাডোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্ধবী রোসিও অলিভার সঙ্গে বরফঢাকা পাহাড়ে বেশ মজার সময়ই কাটছে ম্যারাডোনার। পরশু আর্জেন্টিনার উশুআইয়াতে l এএফপি
বান্ধবী রোসিও অলিভার সঙ্গে বরফঢাকা পাহাড়ে বেশ মজার সময়ই কাটছে ম্যারাডোনার। পরশু আর্জেন্টিনার উশুআইয়াতে l এএফপি

সিনেমা তাঁকে নিয়ে কম তৈরি হয়নি। তাঁর জীবনী, মানুষের প্রতি তাঁর ভালোবাসা, এমনকি ১৯৮৬ বিশ্বকাপে হাত দিয়ে করা সেই বিতর্কিত গোলও উঠে এসেছে রুপালি ফিতেয়। ডিয়েগো ম্যারাডোনা আর্জেন্টিনায় একজন বিশ্বজয়ী খেলোয়াড়ই তো নন, তার চেয়েও বেশি কিছু—ফুটবল ঈশ্বর। গান, কবিতা, কমিক বুক—সবকিছুতেই তিনি আছেন। তাহলে ছোট পর্দাটা আর বাকি থাকে কেন? এবার সেটিও হচ্ছে। আর্জেন্টিনায় একটি টিভি সিরিজ হচ্ছে ম্যারাডোনার জীবনী নিয়ে।
আর্জেন্টাইন টিভি চ্যানেল তেলেফে ছোট পর্দায় ম্যারাডোনার জীবন চিত্রায়ণের ঘোষণা দিয়েছে গত পরশু। শুধু আর্জেন্টিনাই নয়, বৈশ্বিক দর্শকদের কথা মাথায় রেখেই সিরিজটি বানানো হবে। দুই পক্ষে চুক্তিও হয়ে গেছে। তবে কবে থেকে, কখন এই সিরিজ প্রচারিত হবে; কে অভিনয় করবেন—এসব এখনো জানায়নি তেলেফে।
ধারাবাহিকটির জন্য চিত্রনাট্য লিখতে অবশ্য খুব বেশি ঝামেলা পোহাতে হওয়ার কথা নয়। আর্জেন্টাইন কিংবদন্তির জীবনটাই তো যেন এক নিখুঁত চিত্রনাট্য। সিরিজের সংবাদ বিজ্ঞপ্তিতে ম্যারাডোনা নিজেই বলেছেন, ‘আমার জীবনের একটি মাস থেকেই ১০০টা পর্ব বানানো যাবে। যা কিছু আমি করেছি, কল্পনাও তাতে হার মেনে যায়।’
হয়তো সত্যি। উত্থান-পতন, সাফল্য-বিতর্ক রেললাইনের মতো সমান্তরালে চলেছে ম্যারাডোনার জীবনে। প্রায় একার ঔজ্জ্বল্যে দেশকে বিশ্বকাপ এনে দেওয়া আলোকিত মুহূর্ত যেমনি আছে, তেমনি আছে ডোপ পাপে নিষেধাজ্ঞা, মদ্যপানে আসক্তির অন্ধকার অধ্যায়ও। দক্ষিণ আমেরিকান দেশটিতে ম্যারাডোনা তবু ‘দেবতা’র সমান। রোজারিও তে একটা চার্চও আছে ম্যারাডোনার নামে—চার্চ অব ম্যারাডোনা।
‘ফুটবল ঈশ্বর’-এর জীবনীকে টিভির পর্দায় তুলে আনার চ্যালেঞ্জটা টের পাচ্ছেন প্রযোজক তেলেফের পরিচালক টমাস ইয়াঙ্কেলেভিচও, ‘সর্বকালের সেরা খেলোয়াড়, এবং সম্ভবত পৃথিবীতে সবচেয়ে বেশি পরিচিত মানুষটির জীবনকে গল্পে রূপ দেওয়ার কথা ভাবাও একজন প্রযোজকের জন্য অসম্ভবের কাছাকাছি একটা চ্যালেঞ্জ।’
অবশ্য চ্যালেঞ্জ আর ম্যারাডোনা যখন একই বাক্যে, জয়ের প্রেরণা খুঁজতে বেশি দূরে তাকানোর প্রয়োজন নেই প্রযোজকদের। এএফপি।