টিভিতে ফুটবল লিগ
এ মৌসুমের পেশাদার ফুটবল লিগ শুরু হয়েছে ৭ এপ্রিল। দুই সপ্তাহ হয়ে গেল, একটি ম্যাচও মাঠ থেকে সরাসরি সম্প্রচার করেনি কোনো টেলিভিশন চ্যানেল। তবে এবার পেশাদার ফুটবল লিগ সরাসরি সম্প্রচারে এগিয়ে এসেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল নাইন। আগামী পরশু থেকেই তারা পেশাদার লিগের খেলাগুলো সম্প্রচার করবে।
পুরো লিগের সব ম্যাচ অবশ্য সম্প্রচার করবে না চ্যানেল নাইন। লিগের মোট ১১০টি ম্যাচের গুরুত্বপূর্ণ ২৫-৩০টি ম্যাচই সম্প্রচার করবে। প্রথম পর্বে দেখানো হবে ১৫টি ম্যাচ। ঢাকার বাইরের কয়েকটি ম্যাচও সম্প্রচার করার পরিকল্পনা আছে স্যাটেলাইট টিভি চ্যানেলটির। কাল এ উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও চ্যানেল নাইনের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি হয়েছে। বাফুফের পক্ষে চুক্তিতে সই করেন পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী। চ্যানেল নাইনের পক্ষে হেড অব মার্কেটিং নুরুল ইসলাম খসরু। এ সময় উপস্থিত ছিলেন প্রিমিয়ার লিগের প্রধান পৃষ্ঠপোষক মান্যবরের ব্যবস্থাপনা পরিচালক ইমরান ইসলাম চৌধুরীসহ অনেকে।
এর আগেও অবশ্য চ্যানেল নাইন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বিভিন্ন প্রীতি ম্যাচ এবং বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সরাসরি সম্প্রচার করেছিল। এরই ধারাবাহিকতায় তাদের এবার পেশাদার লিগের ম্যাচ দেখানোর সিদ্ধান্ত।