টিম কাহিল আছেন মামুনুলদের বিপক্ষে

ফুটবল জীবনে এরচেয়ে বড় পরীক্ষার সামনে বোধ হয় মামুনুল-এমিলিরা পড়তে পারতেন না। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের গ্রুপ অস্ট্রেলিয়াকে পেয়েই সেই পরীক্ষার প্রতীক্ষা শুরু হয়েছিল। মামুনুল-এমিলি-হেমন্তদের সেই প্রতীক্ষার চূড়ান্ত পর্যায় এখন উপস্থিত। সেপ্টেম্বরের ৩ তারিখ পার্থে বাংলাদেশের বিপক্ষে হোম ম্যাচের জন্য দল ঘোষণা করেছে এশীয় চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। দলটি দেখে বাংলাদেশের ফুটবলাররা রোমাঞ্চিত হতে পারেন। এই দলে যে আছেন টিম কাহিল ও মাইল জেদিনাকের মতো বিশ্ব তারকারা।
অস্ট্রেলিয়ার ঘোষিত ২৩ সদস্যের এই দলটির ১৪ জন ফুটবলারই ইউরোপের কোনো না কোনো শীর্ষ লিগে খেলে থাকেন। এই চৌদ্দজন ফুটবলার খেলেন ভ্যালেন্সিয়া, কিউপিআর, বেয়ার লেভারকুসেন ও ক্রিস্টাল প্যালেসের মতে মতো ক্লাবগুলোতে। অস্ট্রেলিয়ার হয়ে ৮৩টি আন্তর্জাতিক ম্যাচে ৩৯ গোল করা টিম কাহিল এই দলের সবচেয়ে বড় তারকা। কাহিল অস্ট্রেলিয়ার জার্সি গায়ে খেলেছেন টানা তিনটি বিশ্বকাপ। এ ছাড়া তিনটি এশিয়ান কাপ ও একটি কনফেডারেশন কাপের অভিজ্ঞতায় ঋদ্ধ। কাহিল ২০০৪ সালে এথেন্স অলিম্পিকেও দেশের অনূর্ধ্ব-২৩ দলের জার্সি গায়ে খেলেছিলেন। ক্লাব ফুটবলে তাঁর বর্তমান ক্লাব চীনের সাংহাই সিনহুয়া। কাহিলের মতো ফুটবলারের বিপরীতে খেলতে পারাটা হয়ে বাংলাদেশের ফুটবলারদের জন্য বিরাট এক অভিজ্ঞতাই।
জেদিনাকও অস্ট্রেলিয়ার অন্যতম বড় তারকা। তাঁর আন্তর্জাতিক আবির্ভাবের সংখ্যা ৫৯। গোল করেছেন নয়টি। এই মুহূর্তে ক্রিস্টাল প্যালেসের হয়ে খেলা এই ফুটবলার খেলেছেন ২০১০ ও ২০১৪ সালের বিশ্বকাপ ফুটবলও।
অস্ট্রেলিয়ার মতো প্রতিপক্ষ দল ঘোষণা করে দিলেও বাংলাদেশ এখনো ক্যাম্পই শুরু করতে পারেনি। সদ্যই প্রিমিয়ার লিগ শেষ করলেন বেশিরভাগ খেলোয়াড়েরা। ফুটবল ফেডারেশনও ব্যস্ত ছিল অনূর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে। জাতীয় দলের কোচ লোডভিক ডি ক্রুইফতো বিশাল ছুটি কাটিয়ে সদ্যই ফিরেছেন তাঁর কর্মক্ষেত্রে। শেখ জামাল ও আবাহনীর মধ্যকার প্রিমিয়ার লিগের শেষ ম্যাচটির পরপরই নাকি এই ক্যাম্প শুরু হবে।
ক্যাম্প শুরু না হলেও একটা স্বস্তির ব্যাপার অবশ্য আছে। জাতীয় দলের সিংহভাগ খেলোয়াড়ের দল শেখ জামাল সম্প্রতি কিরগিজস্তানের এএফসি কাপের বাছাইপর্ব খেলে এসেছে। ম্যাকাওয়ের সিএএসএ বেনফিকাকে ৪-১ ও কিরগিজস্তানের এফসি আলগার সঙ্গে ১-১ গোলে ড্র হয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই এশিয়ার এই ক্লাব প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে পৌঁছে গেছে তারা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে মালয়েশিয়ার বিপক্ষে একটি ফিফা প্রীতি ম্যাচে মাঠে নামারও কথা আছে মামুনুল-বাহিনীর।
অস্ট্রেলিয়া দল: অ্যালেক্স কিসাক, অ্যাডাম ফেডরিসি, ম্যাট রায়ান, ম্যাথু স্পিরানোভিচ, অ্যালেক্স উইকিনসন, এজাজ বেহিচ, জেসন ডেভিডসন, তারেক এলরিচ, বেইলি রাই, রায়ান ম্যাকগোয়ান, মার্ক মিলিগাম, মাইল জেদিনাক, টমি ওয়ার, মাসিমো লুয়োনগো, ম্যাট ম্যাকেই, টম রজিক, অ্যারন মুই, জ্যাকসন অরভিন, টিম কাহিল, ম্যাথু লেকি, টমি জুরিক, নাথান বার্নাস, রবি ক্রুজ।