টুইটারে এক মন্তব্যেই ৩১ লাখ টাকা জরিমানা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টুইট করে বেশ ঝামেলাতেই পড়েছেন ফার্ডিন্যান্ড। ফাইল ছবি
টুইট করে বেশ ঝামেলাতেই পড়েছেন ফার্ডিন্যান্ড। ফাইল ছবি

ফেসবুক–টুইটারে হরহামেশাই কতই না বেফাঁস কথা লিখে বসি আমরা। আগপিছ না ভেবেই। কিন্তু ভাবুন তো একবার, সামাজিক যোগাযোগের এই মাধ্যমগুলোতে আপনার লেখা কোনো একটি মন্তব্য, আরও নির্দিষ্ট করে বললে একটা শব্দ, মাত্র একটা শব্দের জন্যই যদি আপনাকে গুনতে হয় ৩১ লাখ টাকার আক্কেল সেলামি!
এমনটাই ঘটেছে রিও ফার্ডিন্যান্ডের সঙ্গে। ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই তারকা নাম লিখিয়েছেন কিউপিআরে। দল বদলালেও হুটহাট মেজাজ খারাপ করে ফেলার মেজাজটা কিন্তু ঠিকই আছে সাবেক ইংলিশ অধিনায়কের। সম্প্রতি টুইটারে অন্য এক টুইটার ব্যবহারকারীর মায়ের উদ্দেশে অপমানসূচক একটা শব্দ ব্যবহার করে মন্তব্য করেছেন ফার্ডিন্যান্ড। তিন ম্যাচের জন্য নিষেধাজ্ঞার পাশাপাশি ২৫ হাজার ব্রিটিশ পাউন্ড জরিমানা করা হয়েছে তাঁকে। বাংলাদেশি মুদ্রায় যেটি ৩০ লাখ ৯৬ হাজার টাকারও বেশি। পাশাপাশি কিছু বাধ্যতামূলক শিক্ষা কর্মসূচিতেও নাম লেখাতে হবে তাঁকে।
ঘটনার শুরু বেশ কিছু দিন আগে। ফার্ডিন্যান্ড কিউপিআরে আসছে—এমন খবরের পরিপ্রেক্ষিতে এক টুইটার ব্যবহারকারী উসকানিমূলক মন্তব্য করেন। কিউপিআরের ভালো একজন সেন্টার ব্যাক নেওয়া উচিত— মন্তব্যটি হজম করতে পারেননি ফার্ডিন্যান্ড। তিনি তখন সেই ব্যবহারকারীর মায়ের উদ্দেশে সেই অপমানজনক কথাটি বলেন।
টুইটারে ৫৯ লাখেরও বেশি অনুসারী আছে ফার্ডিন্যান্ডের। তিনি নিজেও প্রায়ই ‘কিচিরমিচির’ করেন। জাতীয় দলের হয়ে ৮১ ম্যাচ খেলা এই তারকার কাছ থেকে এমন আচরণ গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছে ইংলিশ ফুটবল সংস্থা (এফএ)। এএফপি।