টুইটে সর্বনাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কে হায় হৃদয় খুঁড়ে টুইট করতে ভালোবাসে? হতে পারে, সার্জি গার্দিওলাও এই কথাটাই আওড়াচ্ছেন। বার্সেলোনা ‘বি’ দলের হয়ে নাম লিখিয়ে ফেলেছিলেন এই তরুণ, ন্যু ক্যাম্পে খেলার স্বপ্নও দেখতে শুরু করে দিয়েছিলেন। কিন্তু স্বপ্ন স্বপ্নই থেকে গেছে, নাম লেখানোর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই চুক্তি বাতিল করেছে বার্সেলোনা। এখন অ্যালকরকনের এই সাবেক ডিফেন্ডার নিশ্চয়ই আফসোস করছেন, দুই বছর আগে টুইটগুলো যদি না করতেন! তখন বার্সেলোনাকে রীতিমতো বিষোদ্গার করেছিলেন, অশ্রাব্য কিছু গালিও দিয়েছিলেন। এমনকি মেসিকে নিয়েও টুইট করেছিলেন, ‘ওর কাজ তো দলের খেলা নষ্ট করা।’ গার্দিওলা অবশ্য চালাকি করে বার্সেলোনার সঙ্গে চুক্তির ঠিক আগেই টুইটগুলো মুছে ফেলেছিলেন। কিন্তু মানুষজন আরও বেশি চালাক, অনেকেই সেই টুইটগুলোর ‘স্ক্রিনশট’ রেখে দিয়েছিলেন। সেগুলো প্রকাশ্যে আসার পরই ২৪ বছর বয়সী এই ফুটবলারের কপাল পুড়েছে। মার্কা।