টুখেল যেন এসেছিলেন জাদুর কাঠি নিয়েই

টুখেল চেলসিকে জেতালেন চ্যাম্পিয়নস লিগছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার লিগের তখন ১৯ রাউন্ড শেষ, ৬টি ম্যাচ হেরে আর ৫টি ড্র করে চেলসি নবম স্থানে। দলবদলে বিশাল অঙ্কের অর্থ খরচ করেও দলকে আশানুরূপ ফল এনে দিতে না পারায় বরখাস্ত হয়েছেন কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। দলের খেলায় ছন্নছাড়া ভাব। ছন্নছাড়া সেই চেলসিকে ছন্দে ফেরাতে চেলসি ল্যাম্পার্ডকে বিদায় করে কোচ করা হয় টমাস টুখেলকে। পিএসজি থেকেও তখন বরখাস্ত এই টুখেল। জার্মান এই কোচ যেন প্যারিস থেকে লন্ডনে পা রেখেছিলেন জাদুর কাঠি নিয়েই।

টুখেল দায়িত্ব নেওয়ার পর প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে মাত্র তিনটি ম্যাচ হেরেছে চেলসি। লড়াই করতে করতে শেষ পর্যন্ত চতুর্থ স্থানে থেকে লিগ শেষ করতে পেরেছে ‘ব্লুজ’রা। চেলসির মালিক রোমান আব্রামোভিচকে টুখেল মৌসুমের সবচেয়ে বড় উপহারটি দিলেন কাল। ম্যানচেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়ে টুখেলের চেলসি ঘরে তুলেছে চ্যাম্পিয়নস লিগ শিরোপা। এর পুরস্কারও পেতে যাচ্ছেন চেলসির জার্মান কোচ। তাঁর সঙ্গে নতুন চুক্তি করবে স্টামফোর্ড ব্রিজের দলটি।

টানা দুইবার নিজ দলকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তুলে অবশেষে দেখা পেলেন শিরোপার।
ছবি: রয়টার্স

চ্যাম্পিয়নস লিগের ফাইনাল শেষের সংবাদ সম্মেলনে চেলসির সঙ্গে নতুন চুক্তির সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন টুখেল নিজেই। ল্যাম্পার্ডকে বরখাস্ত করার পর জানুয়ারির শেষ দিকে টুখেলকে স্টামফোর্ড ব্রিজে নিয়ে আসে চেলসি। তাঁর সঙ্গে তখন দেড় বছরের চুক্তি করে প্রিমিয়ার লিগের ক্লাবটি। একই সঙ্গে চুক্তিতে একটা শর্ত ছিল যে এটা এক বছরের জন্য বাড়ানো যাবে। ফুটবলবিষয়ক খবরের ওয়েবসাইট গোলডটকম নিশ্চিত হয়েছে টুখেলের সঙ্গে অন্তত ২০২৩ সাল পর্যন্ত নতুন চুক্তি করতে যাচ্ছে চেলসি।

চ্যাম্পিয়নস লিগ জয়ের পর সংবাদ সম্মেলনে টুখেল বলেছেন, ‘আমি শতভাগ নিশ্চিত নই। তবে সম্ভবত আমি নতুন চুক্তি পেতে যাচ্ছি।’ নতুন চুক্তির খবরটা টুখেলকে কে দিয়েছেন সেটাও বলেছেন তিনি, ‘নতুন চুক্তি হতে পারে। আমার ম্যানেজার আমাকে সে রকমই বলেছে। কিন্তু আমি এ বিষয়ে এখনো কিছু জানি না। দেখি কী হয়।’

টুখেলের অধীনে দুর্দান্তরূপে ঘুরে দাঁড়িয়েছিল চেলসি।
ছবি: রয়টার্স

চেলসির মালিক আব্রামোভিচের সঙ্গে এখনো চুক্তির বিষয়ে কোনো কথা হয়নি টুখেলের, ‘আমি মালিকের সঙ্গে মাঠে একটু আগেই কথা বলেছি। দারুণ এক মুহূর্ত ছিল এটি। আমরা আগামীকাল (আজ) আবার কথা বলব। দেখি ভবিষ্যতে কী হয়।’ আব্রামোভিচকে কী বলবেন সেটাও ঠিক করে রেখেছেন টুখেল, ‘তাকে একটা বিষয় নিশ্চিত করব যে আমি এখনো সাফল্য পেতে উন্মুখ। আমি পরবর্তী শিরোপাটাও জিততে চাইব।’

চেলসিতে যে সুখেই আছেন সেটাও আব্রামোভিচকে বলবেন টুখেল, ‘উচ্চাভিলাষী এই ক্লাবের অংশ হতে পেরে আমি সত্যিই খুব খুশি। তাই আরও জয় পেতে চাই। আমি চাই পরের মৌসুমের প্রথম ম্যাচ থেকেই আমার দল তাদের সেরা খেলাটা খেলুক।’

টুখেল যেন প্যারিস থেকে লন্ডন এসেছিলেন জাদুর কাঠি নিয়েই।
ছবি: রয়টার্স

চেলসির দায়িত্ব নেওয়ার পর কালই প্রথম আব্রামোভিচের সঙ্গে দেখা হয়েছে টুখেলের। কোচ ছাঁটাই করায় ‘পটু’ আব্রামোভিচকে ভালোই লেগেছে তাঁর, ‘তাকে কাছ থেকে দেখতে পারার অভিজ্ঞতাটা ছিল দারুণ। আমাদের মধ্যে যোগাযোগ হতো, কিন্তু সরাসরি নয়। কী হচ্ছে তা তিনি আমার কাছ থেকেই জেনে নিতেন। আর এখন তার সঙ্গে দেখা হলো।’