
কোনোরকমে একটা দল গড়ে আর সুদূরপ্রসারী পরিকল্পনা নেই। বাংলাদেশের ক্লাব ফুটবল তাই মুখ থুবড়ে পড়ে আছে।
বৃত্তটা ভাঙতে বাফুফে নতুন কলেবরে ঢাকার বাইরে নিচ্ছে পেশাদার ফুটবল লিগ। কিন্তু পেশাদার কাঠামো এত দিন কাগজ-কলমে থাকলেও নতুন পরিকল্পনায় সেটিও আর থাকবে না। পেশাদার লিগ হবে টুর্নামেন্টের আদলে!
ঢাকায় দর্শকখরাই এভাবে লিগ আয়োজনের পক্ষে বড় যুক্তি। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনও একই কথা বলছেন, ‘আমরা আটটি পেশাদার লিগ করলাম। কিন্তু খেলাটা সারা দেশে ছড়ানো গেল না। ঢাকা থেকে দলগুলো এক পাও নড়তে চায় না। ঢাকায় খেলা মানে গ্যালারি শূন্য।’ সেই শূন্য গ্যালারি আর দেখতে হবে না, ঢাকার বাইরে উৎসাহ-উদ্দীপনা তৈরি হবে এমন আশার বেলুন ফুলছে বাফুফে ভবনে।
আগামী ২০ জুলাই চট্টগ্রাম থেকে প্রায় পাঁচ মাসের বিশাল এই আয়োজন শুরু হওয়ার কথা। তারপর সিলেট, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল ও ঢাকায় পর্যায়ক্রমে খেলা। ১২টি দলই একেকটি ভেন্যুতে যাবে, এক পর্বে ম্যাচ হবে ৬টি। এক পর্ব শেষে সব দলের গন্তব্য আরেক ভেন্যু। মোট ২২ রাউন্ড খেলা হবে ছয় ভেন্যুতে। প্রায় ৪ রাউন্ড বা চারবার খেলা হবে একেটি ভেন্যুতে, প্রতি ভেন্যুতে ম্যাচ হতে পারে ২২টি। বিশাল আয়োজন!
একসময় নিটল-টাটা জাতীয় লিগ এভাবেই সাড়াও ফেলেছিল। তবু ওই লিগ বন্ধ করে পেশাদার যুগে পা রাখা ১০ বছর আগে। এখন আবার ১০ বছর পেছনে ফেরা নিয়ে প্রশ্ন উঠছে। তবে ব্যক্তিগতভাবে সালাউদ্দিনও চান না এভাবে খেলা হোক। বাংলাদেশের প্রথম পেশাদার ফুটবলার হিসেবে পেশাদারিটা তাঁর ভালোই জানা। কিন্তু বাফুফে সভাপতি হিসেবে তাঁর অভিজ্ঞতা ভালো নয়। ঢাকার ক্লাবগুলো বঙ্গবন্ধু স্টেডয়ামকেই ভেন্যু বানিয়ে খেলছে বছরের পর বছর। অথচ কোনো ব্যবস্থা নিতে পারছেন না। তাই এখন সব ক্লাবকে ঢাকার বাইরে নিয়ে যাওয়া হচ্ছে সব খরচ দিয়ে।
এমন উদ্যোগে ক্লাব কখনোই স্বনির্ভর হবে না। সালাউদ্দিনও এটা মানেন,‘ অবশ্যই, ক্লাব এতে নিজের পায়ে দাঁড়াবে না।’ তবে এর ভালো দিকও দেখছেন বাফুফে সভাপতি, ‘ঘুরে ঘুরে দলগুলো একেকটি ভেন্যুতে খেললে দর্শক আসবে, টিভিতে খেলা দেখানো হলে সাড়া পড়বে। এভাবে দু-এক বছর পর ক্লাব ঢাকার বাইরে খেলতে আগ্রহী হবে।’
বর্তমান বাস্তবতায় ফুটবল লিগকে জমিয়ে তুলতে কিছু একটা করা উচিত। তবে পেশাদার লিগ প্রবর্তনের সময় বাফুফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল এটিকে দীর্ঘস্থায়ী সমাধান মনে করেন না। সালাউদ্দিনেরও একই অভিমত, ‘পেশাদারির পথেই যেতে হবে আমাদের। ক্লাবকে স্বনির্ভর করা দরকার। এখন লিগ বা টুর্নামেন্ট যে ফরম্যাটেই খেলা হোক, আপাতত শুরু করি, দেখা যাক কী হয়।’
পেশাদার লিগ চালুর উদ্দেশ্য ছিল ক্লাবের পেশাদার কাঠামো শক্তিশালী করা। এত বছরেও সেটার যৎসামান্য অগ্রগতি না হওয়ায় হতাশ সালাউদ্দিন।
তবে সব জীর্ণতা মুছে ফেলার আশা দেখছেন কর্তারা, বছরে চার কোটি টাকায় পরশু পাঁচ বছরের জন্য সাইফ পাওয়ারটেকের কাছে পেশাদার লিগের স্বত্ব বিক্রি করে বাফুফে বেশ খুশি। তবে খুশির মধ্যেই সালাউদ্দিন স্বীকার করলেন, ‘এভাবে টুর্নামেন্টের আদলে পেশাদার লিগ আয়োজন আমিও চাই না। কিন্তু করতে বাধ্য হচ্ছি।’