টেকনিশিয়ান গার্দিওলার ট্যাকটিকসেই সমস্যা!

এখনো কিছুই শেষ হয়ে যায়নি। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে লিভারপুলের কাছে ৩-০ গোলে হেরেছে ম্যানচেস্টার সিটি। নিজেদের মাঠে দ্বিতীয় লেগে ৪ গোলের ব্যবধানে জয় পেলেই এ ম্যাচের কথা ভুলে যাবে সবাই। মৌসুমের শুরুতে লিভারপুলকে ৫-০ ব্যবধানে হারিয়ে সেটা যে সম্ভব, দেখিয়ে দিয়েছে পেপ গার্দিওলার দল। কিন্তু তেমন কিছু ঘটার অপেক্ষায় বসে নেই কেউ। সুযোগ পেয়েই গার্দিওলার সমালোচনায় ঝাঁপিয়ে পড়েছেন সবাই।
আইরিশ সম্প্রচার সংস্থা আরটিইর ফুটবল বিশেষজ্ঞ ইমন ডানফি তো রীতিমতো ধুয়ে দিলেন গার্দিওলাকে, ‘কয়েক বছর ধরে পেপ গার্দিওলাকে নিয়ে একটা গোঁড়া সমর্থক দল তৈরি হয়েছে। এদের ধারণা, গার্দিওলার জাদুকরী ক্ষমতা আছে, সে অসাধারণ, অসাধারণ এক কোচ যে শুধু জেতে না, খেলাকেই পালটে দেয়। অন্য ভাষায়, খেলাটার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়কে উপেক্ষা করেই শিরোপা জেতা যায়, যেটা হলো রক্ষণ। গার্দিওলার ব্যাপারে একটি প্রশ্নের উত্তর তাই এখনো মেলেনি—সে কি মেসি, জাভি কিংবা ইনিয়েস্তা ছাড়া জিততে পারে?’
বার্সেলোনার স্বর্ণযুগকে পেয়েছিলেন গার্দিওলা। মেসি-ইনিয়েস্তা-জাভিই শুধু নন, সে দলে ছিল পুয়োল, পিকের মতো ডিফেন্ডারও। দানি আলভেজের মতো দুর্দান্ত এক রাইটব্যাকও ছিল তাঁর সে দলে। ফলে রক্ষণ নিয়ে না ভাবলেও চলত গার্দিওলাকে। ডানফির চোখে এ কারণেই রক্ষণকে গুরুত্ব না দেওয়া গার্দিওলার খুব বড় এক ভুল, ‘সে যত বেশি পয়েন্টের ব্যবধানেই প্রিমিয়ার লিগ জিতুক না কেন, তাকে তো রোনালদো, মেসির বিপক্ষে খেলতে হবে। তাকে লিভারপুলে গিয়ে খেলতে হয়েছে। ওর কাছে নিকোলাস ওটামেন্ডির মানের এক সেন্টার ব্যাক আছে যে মোটেও ভালো না এবং সে ব্যাপারটাকে গুরুত্বই দেয় না!’
রক্ষণকে গার্দিওলা গুরুত্ব দেন না, এটা বলা হয়তো ভুল হবে। সিটিতে এ মৌসুমেই রক্ষণের পেছনে ২৫০ মিলিয়ন ডলার ইউরো খরচ করেছেন গার্দিওলা। তবে এর অধিকাংশই ফুলব্যাকদের পেছনে। বল পায়ে স্বচ্ছন্দ ডিফেন্ডার কিনতে গিয়ে সত্যিকারের রক্ষণে মন দিতে পারে, এমন ডিফেন্ডার কেনায় মনোযোগ নেই কাতালান কোচের। ডানফির চোখে গার্দিওলা ট্যাকটিকসের এই ভুল ঠিক না করলে কখনো চ্যাম্পিয়নস লিগ জিততে পারবেন না, ‘সবাই ভাবছিল সিটি অনায়াসে চ্যাম্পিয়নস লিগ জিতবে (ইংলিশ লিগের পারফরম্যান্স দেখে) কিন্তু ওরা ভুল করছে। কারণ, যদি লিভারপুল ওদের শেষ করতে না পারে তবে রিয়াল মাদ্রিদ কিংবা বার্সেলোনা ঠিকই করবে।’
ডানফির মতো এতটা তীব্র ভাষা ব্যবহার না করলেও সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড সেন্টারব্যাক রিও ফার্ডিনান্ডও গার্দিওলার সমালোচনা করেছেন। বিটি স্পোর্টের সঙ্গে আলোচনায় ফার্ডিনান্ড বলেছেন, ‘গার্দিওলার ট্যাকটিকসে ভুল ছিল। সিটি যখন নিজেদের অর্ধে রক্ষণ করতে গেছে, তখনই ঝামেলায় পড়েছে । মাঠের অন্য প্রান্তে ঠিকই ভালো করেছে (লিভারপুলকে চাপে রাখা)। কিন্তু নিজেদের বক্সে ওরা পুরো ভিন্ন এক দল। ওদের রক্ষণ আজ দুর্বল ছিল।’