টের পাওয়া যাচ্ছে উত্তাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধারণত শুক্রবারে কোনো কর্মকর্তাকেই পাওয়া যায় না। কিন্তু ফুটবল ফেডারেশনে (বাফুফে) কালকের দিনটি ছিল ব্যতিক্রম। দুপুর থেকেই বাফুফে ভবনে গিজগিজে ভিড়। এসেছিলেন কার্যনির্বাহী কমিটির প্রায় সব সদস্য। ভিড় ছিল গণমাধ্যমকর্মীদেরও। প্রতিটি তলায় কর্মকর্তা-কর্মচারীদের ব্যস্ত ছোটাছুটি। চার বছর আগে ঢাকায় হওয়া আর্জেন্টিনা-নাইজেরিয়া প্রীতি ম্যাচের পর আবারও সরগরম বাফুফে ভবন। সব উন্মাদনা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলকে ঘিরে। ভবনে পা রাখলেই টের পাওয়া যাচ্ছে একটা অন্যরকম আবহ।
টুর্নামেন্ট শুরু হতে বাকি আর মাত্র ১২ দিন। ষষ্ঠ দলটি চূড়ান্ত হওয়ার পর পরশু হয়ে গেছে টুর্নামেন্টের লোগো উন্মোচন। কাল ছিল কার্যনির্বাহী কমিটির জরুরি সভা। সেই সভাও ছিল অনেক উত্তপ্ত। বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের বিভিন্ন কার্যক্রমের অনুমোদন নিয়ে একটি পক্ষ নানা প্রশ্ন তোলেন সভায়। তাঁরা বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে এসব নিয়ে উত্তপ্ত বাক্যবিনিমেয় জড়ান। এবং একপর্যায়ে সভা ছেড়ে বেরই হয়ে যান বাফুফের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সদস্য হারুনুর রশিদ। যদিও তঁাদের শান্ত করতে পরে কাজী সালাউদ্দিন দুঃখপ্রকাশ করেছেন। টুর্নামেন্ট আয়োজনের লক্ষ্যে বিভিন্ন উপকমিটি করতে আজও একাধিক সভায় বসবেন কর্মকর্তারা।
আগেই টুর্নামেন্টের আয়োজক কমিটির চেয়ারম্যান করা হয়েছে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে। কাল হয়ে গেল টুর্নামেন্ট কমিটিও। এ ছাড়া ১২টি উপকমিটি করা হচ্ছে। টিকিটের দামটাও চূড়ান্ত। গ্রুপপর্বের ম্যাচে সাধারণ গ্যালারির টিকিটের দাম ৫০ টাকা, ভিআইপি ১০০ টাকা। সেমিফাইনাল ও ফাইনালে গ্যালারির টিকিট ৮০ এবং ভিআইপির দাম ১৫০ টাকা। তবে কোথায় টিকিট পাওয়া যাবে সে ব্যাপারে কাল পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
টুর্নামেন্ট দরজায় কড়া নাড়লেও এখন পর্যন্ত কোচ লোডভিক ডি ক্রুইফের দেখা নেই। কবে নাগাদ তিনি আসবেন, তা নিয়েও সংশয়ে খোদ ফেডারেশনই। গত মঙ্গলবার ক্রুইফের বাবা মারা গেছেন। তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া শেষ হলেই হয়তো চলে আসবেন ক্রুইফ। কোচ নিয়ে বেশ উদ্বিগ্ন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, ‘ক্রুইফের সঙ্গে আমার সর্বশেষ কথা হয়েছে তার বাবা মারা যাওয়ার দিন। ওই ঘটনার একটু আগেই নাকি তিনি বাংলাদেশের উদ্দেশে রওনা দিতে প্রস্তুত হয়েছিলেন। ক্রুইফ চলে এলে সেটা আমাদের দলের জন্য অনেক ভালো হতো। তবে কবে নাগাদ আসবেন এটা এখনো জানি না। তা ছাড়া শেষ দিকে এসে দলের জন্য কতটুকু কী করতে পারবেন, সেটাও দেখার বিষয়। আমি কোচের পুরো ব্যাপারটা নিয়েই উদ্বিগ্ন আছি।’