টের স্টেগেনের ফেরা
পেশাদার ফুটবলে ‘আনুগত্য’ যখন মোটামুটি দুর্লভ, পুরোনো ক্লাবে ফেরার সেই আবেগ হয়তো সেভাবে অনেককে স্পর্শ করে না। কিন্তু যে ক্লাব জানে প্রথম সবকিছু, সেখানে ফেরাটা স্মৃতিকাতর তো বটেই। মার্ক আন্দ্রে টের স্টেগেনের জন্য আজ বরুসিয়া মনশেনগ্লাডবাখে ফেরাটা তাই বিশেষ কিছুই। চ্যাম্পিয়নস লিগে ম’গ্লাডবাখ আতিথ্য দেবে বার্সাকে।
দুই বছর আগে এই গ্লাডবাখ থেকেই বার্সেলোনায় যোগ দিয়েছিলেন টের স্টেগেন। ক্যারিয়ারের শুরু, ইউরোপিয়ান মঞ্চে নিজেকে চেনানো—সবই এই গ্লাডবাখেই। এই প্রথম পুরোনো ক্লাবে ফেরার অনুভূতিটা কেমন, সেটা টের স্টেগেনের কথা থেকেই একটু আঁচ করে নেওয়া যায়, ‘আমি গত দুই বছর ছাড়া পুরো ক্যারিয়ারই তো এই ক্লাবে কাটিয়েছি। বরুসিয়ায় এত দ্রুত ফিরব, সেটা ভাবিনি। ওদের ভক্তরা জানে, এই ক্লাবকে আমি কতটা ভালোবেসেছিলাম, নিজেকে কতটা উজাড় করে দিয়েছিলাম।’ তবে মাঠে নামবেন আবেগ পেছনে ফেলেই, ‘বরুসিয়া আমার প্রথম ভালোবাসা এবং সেটাই থাকবে। কিন্তু মাঠে আমি শতভাগ বার্সাকেই দেব, এখন আমার ক্লাব একটাই।’
সব খেলোয়াড়ের কাছ থেকেই শতভাগ চাইবে বার্সা। কারণ, সাফল্যে-ঐতিহ্যে প্রতিদ্বন্দ্বী দুই দলে যতই পার্থক্য থাকুক, ম্যাচটা সহজ না-ও হতে পারে। প্রথম কারণ, লিওনেল মেসি কুঁচকির চোটের কারণে খেলতে পারবেন না। আরেকটা কারণ, ইতিহাস। জার্মানিতে সর্বশেষ ছয় ম্যাচের মাত্র একটি জিতে ফিরতে পেরেছে বার্সা, গত বছরও লেভারকুসেনের মাঠে গিয়ে ড্র করেছে। গ্লাডবাখ এবার প্রথম ম্যাচে সিটির কাছে ৪-০ গোলে হেরে গেছে, কিন্তু নিজেদের মাঠে সর্বশেষ ১১ ম্যাচের সব কটিতেই জিতেছে। এএফপি।
আজ মুখোমুখি
অ্যাটলেটিকো-বায়ার্ন
ম’গ্লাডবাখ-বার্সেলোনা
আর্সেনাল-বাসেল
সেল্টিক-ম্যান সিটি
লুদোগোরেৎস-পিএসজি
নাপোলি-বেনফিকা
বেসিকতাস-ডায়নামো কিয়েভ
রোস্তভ-পিএসভি
* শুরুতে স্বাগতিক দল