ট্রফি হাতে ক্লাসিকোর অপেক্ষায়

খুব ব্যস্ত একটা দিন গেল কেনি ডালগ্লিশের। গলফ খেলার কথা ছিল। কিন্তু সব অনুষ্ঠান বাতিল করলেন সাবেক লিভারপুল কোচ। লুইস সুয়ারেজের হাতে পুরস্কার তুলে দিতে হবে, সুযোগটা হাতছাড়া করেন কী করে! সুয়ারেজ নিজেই নাকি অনুরোধ করেছিলেন, ডালগ্লিশই যেন পুরস্কারটা তুলে দেন। তিনিই তো তখনকার আয়াক্সের স্ট্রাইকারকে নিয়ে এসেছিলেন অ্যানফিল্ডে। পরশু বার্সেলোনায় ইউরোপিয়ান গোল্ডেন বুট পুরস্কারটা লিভারপুলের প্রথম দীক্ষাগুরুর কাছ থেকেই নিলেন সুয়ারেজ।
থাকার কথা ছিল আরও একজনের—ক্রিস্টিয়ানো রোনালদো। তিনিও সুয়ারেজের সমান গোল (৩১) করেছিলেন। গত মৌসুমে ইউরোপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কারটা যুগ্মভাবে পেয়েছেন দুজন। কিন্তু রোনালদো পরশু পুরস্কার নিতে আসেননি। স্প্যানিশ দৈনিক এল মুন্দো দেপোর্তিভোর দাবি, সুয়ারেজ থাকবেন বলেই নাকি রোনালদো যাননি। সামনের মাসে আলাদা একটা অনুষ্ঠানে পুরস্কারটা নিতে চেয়েছেন ‘সিআর সেভেন’।
রোনালদো নেই, সব আলো তাই ছিল সুয়ারেজের ওপর। এমনিতেই পুরস্কারপ্রাপ্তির আনন্দে উদ্বেল, সুয়ারেজের চোখেমুখে খেলা করছিল যেন আশু ভারমুক্তির একটা আনন্দও। কিয়েলিনিকে কামড়ে দেওয়ার সাজা চার মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে সপ্তাহ খানেক পর রিয়াল মাদ্রিদের সঙ্গে এল ক্লাসিকো দিয়ে। প্রীতি ম্যাচে উরুগুয়ের হয়ে এই সপ্তাহে জোড়া গোল করে পা জোড়ায় শাণ দেওয়া হয়ে গেছে। বার্সেলোনার হয়ে অভিষেকের জন্য পুরোপুরি প্রস্তুত সুয়ারেজ, ‘উরুগুয়ের হয়ে ম্যাচ দুটি খেলার আগে যদি জানতে চাইতেন, আমি ঠিক নিশ্চিত হয়ে বলতে পারতাম না কিছু। এই দুটি ম্যাচ খেলার পর আমি বুঝতে পারছি যা ভেবেছিলাম তার চেয়েও ভালো অবস্থায় আছি। আমার মনে হয় এখন আমি খেলার জন্য শতভাগ তৈরি।’
গায়ে উঠেছে বার্সেলোনার জার্সি। তবে সুয়ারেজের হৃদয়ে লিভারপুল যে আলাদা একটা জায়গা নিয়ে আছে, সেটি বললেন পুরস্কারটি হাতে নিয়েই, ‘আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ আমার স্ত্রী ও সন্তানদের ধন্যবাদ দিতে চাই। এবং অবশ্যই লিভাপুলের সবাইকে। শুধু গত বছরের জন্য নয়, ওখানকার সাড়ে তিন বছরের জন্যও। সময়টা অসাধারণ কেটেছিল। এটা সম্ভব হয়েছে এই মানুষটার (ডালগ্লিশ) জন্য।’
ডালগ্লিশ অবশ্য রসিকতা করে বললেন, সুয়ারেজের জন্য অ্যানফিল্ডের দুয়ার খোলা, ‘আমার মনে হয় না এখানে কেউ ওকে থামাতে পারবে। সবখানেই সে অসাধারণ সাফল্য পেয়েছে, বার্সেলোনায়ও না পাওয়ার কোনো কারণ নেই। তবে কোনো সমস্যা হলে আমরা ওকে ধারে নিয়ে আসতে পারি!’ এএফপি, মার্কা।