ট্রফিটা ঘরেই রাখার আকাঙ্ক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাইজেরিয়ান স্ট্রাইকার এলিটার মতো আজ দুই হাত বাড়িয়েই শেখ কামাল ক্লাব কাপের শিরোপাটি নিজের করে নিতে চাইবে চট্টগ্রাম আবাহনী।
নাইজেরিয়ান স্ট্রাইকার এলিটার মতো আজ দুই হাত বাড়িয়েই শেখ কামাল ক্লাব কাপের শিরোপাটি নিজের করে নিতে চাইবে চট্টগ্রাম আবাহনী।

স্বপ্নপূরণের শেষ ধাপে দাঁড়িয়ে চট্টগ্রামের ফুটবল আকাশে এখন বারুদের গন্ধ। আজ ফাইনালে ইস্টবেঙ্গলকে হারাতে পারলেই শেখ কামাল ক্লাব কাপের প্রথম আসরের চ্যাম্পিয়নের নাম হবে চট্টগ্রাম আবাহনী। আয়োজক দল এর চেয়ে বেশি কিছু চাইতে পারত না কখনোই।
ট্রফিটা রেখে দেওয়ার তীব্র আকাঙ্ক্ষা সবার মধ্যে। শফিকুল ইসলাম মানিকের চাওয়া তো আরও বেশি। শিরোপা জিতেই টুর্নামেন্ট শেষ করতে চান চট্টগ্রাম আবাহনীর কোচ। কাল সংবাদ সম্মেলনে তাঁর পাশে বসে অধিনায়ক জাহিদ হাসান এমিলিও ট্রফির জন্য জানালেন আকুলতা, ‘সব ভালো তার, শেষ ভালো যার। কাজেই শেষটা ভালো করতেই হবে।’
শুরুর দিকে প্রত্যাশায় লাগাম পরানো থাকলেও ঘরের দলের ওপর এখন বিশ্বাস জন্মেছে অনেক। গুছিয়ে ওঠা দলে কোনো চোটের হানা তেমন নেই। স্ট্রাইকার কিংসলে গোলের মধ্যে আছেন। জাহিদ ধারাবাহিকতা রাখতে পারলে জয় আসার সম্ভাবনা থাকছে ভালোই।

ফাইনালের আগে কাল শেষ মুহূর্তের প্রস্তুতি সেরেছে ইস্টবেঙ্গল l শামসুল হক
ফাইনালের আগে কাল শেষ মুহূর্তের প্রস্তুতি সেরেছে ইস্টবেঙ্গল l শামসুল হক

ফাইনালে জয়টা বেশি তৃপ্তি দেবে, কারণ ইস্টবেঙ্গলের কাছে গ্রুপ ম্যাচে হারের প্রতিশোধও তাতে নেওয়া হবে। তবে মানিক ম্যাচটাকে দেখতে চাইছেন দুই দেশের বা দুই বাংলার লড়াই হিসেবেও, ‘কাপটা জিতলে এর সুফল পড়বে আমাদের ফুটবলে।’
প্রথম ম্যাচের অচেনা ইস্টবেঙ্গল এই কদিনে বেশ চেনা। তাই ছক কাটতেও সুবিধা হচ্ছে। ইস্টবেঙ্গলের মাঝমাঠ অকার্যকর করার দিকেই বেশি নজর স্বাগতিক দলের। অবিনাশ রুইদাস, প্রহ্লাদ রায়, মোহাম্মদ রফিকদের নিয়ে গড়া এই মাঝমাঠই মূল চালিকাশক্তি অতিথি দলের।
নিরঙ্কুশ ফেবারিট অবশ্য কোনো দলই নয়, ঘরের মাঠে গ্যালারি ভর্তি দর্শক চট্টগ্রাম আবাহনীকে দেবে বাড়তি সুবিধা। তবে ইস্টবেঙ্গল দলটা ১৪ জন প্রথম সারির খেলোয়াড় বাদেই বেশ সংগঠিত। তবে ইস্টবেঙ্গলের শক্তি বাড়াতে তরুণ কোরিয়ান মিডফিল্ডার ডু ডং আজ খেলতে পারেন।
দুই দলের বিদেশিরাই গড়ে দেবেন ফাইনালের ভাগ্য—এমনটা বলছেন অনেকে। তবে ইস্টবেঙ্গলের পরিসংখ্যান তা বলছে না। সদ্য টানা ষষ্ঠ কলকাতা লিগ ঘরে তুলতে দলটির ৪৮ গোলের ১২টি করেছেন এক বিদেশি, অন্য এক বিদেশি দুটি। অর্থাৎ দল হিসেবেই তারা খেলছে এবং এই টুর্নামেন্টেও তা-ই।
ইস্টবেঙ্গল কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য শুরু থেকেই প্রতিটি সংবাদ সম্মেলনে একটা কথাই বলে আসছিলেন। অলিখিত এক লড়াই জয়ের তৃপ্তি তাঁর চোখে-মুখে দেখা যায়। কালও একই ছবি, ‘নবীন এই দলটা নিয়ে আসার সময় আমাদের ওখানকার সাংবাদিকেরা হেয় করেছে আমাদের। অনেকে বলেছে, এটি অনূর্ধ্ব-১৯ দল। কিন্তু ছেলেরা যেভাবে পারফর্ম করছে, আমি সত্যিই গর্বিত।’

চট্টগ্রাম আবাহনীর এমিলি নাকি ইস্টবেঙ্গলের দীপক—কোন অধিনায়কের মুখে আজ শেষ হাসি?  l প্রথম আলো
চট্টগ্রাম আবাহনীর এমিলি নাকি ইস্টবেঙ্গলের দীপক—কোন অধিনায়কের মুখে আজ শেষ হাসি? l প্রথম আলো

হ্যাঁ, নবীন দল নিয়ে ফাইনালে ওঠা সহজ নয়। আসলে ইস্টবেঙ্গলের ভিত্তিটা অনেক মজবুত, বোঝা যায় এই খেলোয়াড়েরা নিচ থেকে উঠে এসেছেন। সারা বছর অনুশীলন, টেকনিক্যালি দলটা বেশ ভালো। টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিতও। তবে মাত্রই পঞ্চম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা চট্টগ্রাম আবাহনী ওপার বাংলার দলটির জয়রথ থামাতে চায়। প্রায় শতাব্দীপ্রাচীন যে দলটির এটি ২০১তম আন্তর্জাতিক ম্যাচ! জয়ই ৮৪টি।
২০০৩ সালে ইন্দোনেশিয়ায় আসিয়ান কাপ জয় দেশের বাইরে সর্বশেষ ট্রফি জয়। যুব ভারতীতে এক লাখ দর্শকের সামনে প্রায়ই বড় ম্যাচ খেলে ইস্টবেঙ্গল এবং চাপটা নিতে জানে। যে অভিজ্ঞতা চট্টগ্রাম আবাহনী খেলোয়াড়দের খুবই কম। ফিটনেসেও চট্টগ্রাম আবাহনীর চেয়ে ইস্টবেঙ্গল কিছুটা এগিয়ে।
মনোবল দিয়েই সেটি পুষিয়ে দিতে চান মানিক। তবে ২০১০ সালে অর্জুন পুরস্কার পাওয়া ইস্টবেঙ্গল অধিনায়ক ও এই টুর্নামেন্টের অন্যতম সেরা ডিফেন্ডার দীপক মন্ডল চান স্বাগতিকদের সুযোগ দিতে রাজি নন, ‘জানি ম্যাচটা কঠিন হবে। তবে ফাইনালে জিততে আমরা উন্মুখ।’
রাত ৭টা ৪০ মিনিটে এম এ আজিজ স্টেডিয়ামে শুরু চূড়ান্ত লড়াই, শেষ বাঁশির পর ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংক্ষিপ্ত অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আতশবাজির বর্ণিল উৎসব আছে পরপরই। সেই উৎসবে ট্রফিটা ঘরের ছেলেদের হাতে থাকলেই আয়োজনের ষোলোকলা পূর্ণ হবে!

চট্টগ্রাম আবাহনী–ইস্টবেঙ্গল মহারণ
যেভাবে দুই দল ফাইনালে
চট্টগ্রাম আবাহনী ইস্টবেঙ্গল
গ্রুপ পর্ব
১-২ ইস্টবেঙ্গল ২-১ চট্টগ্রাম আবাহনী
১-০ ঢাকা আবাহনী ৩-১ করাচি ইলেকট্রিক
৪-২ করাচি ইলেকট্রিক ০-০ ঢাকা আবাহনী
সেমিফাইনাল
৩-১ স্পিন গর বাজান ৩-০ ঢাকা মোহামেডান
লড়াইয়ের আগে

শফিকুল ইসলাম মানিক
শফিকুল ইসলাম মানিক

কাপটা জিতলে এর সুফল পড়বে আমাদের ফুটবলে
শফিকুল ইসলাম মানিক
কোচ, চট্টগ্রাম আবাহনী

বিশ্বজিৎ ভট্টাচার্য
বিশ্বজিৎ ভট্টাচার্য

ছেলেরা যেভাবে পারফর্ম করছে, আমি সত্যিই গর্বিত
বিশ্বজিৎ ভট্টাচার্য
কোচ, ইস্টবেঙ্গল