ট্রফিটা পেল শাপেকোয়েনস

ট্রফি জয়ের আনন্দ সেখানে ছিল না। বরং কর্মকর্তা-সমর্থকদের মুখগুলোয় ছিল শোকের গাঢ় ছায়া। এভাবে তো কোপা সুদামেরিকানা ট্রফিটা জিততে চায়নি শাপেকোয়েনস! ৯০ মিনিটের ফুটবলের লড়াইয়ে নয়, ট্রফিটা যে এল অনেক প্রাণের বিনিময়ে।
কলম্বিয়ার অ্যাটলেটিকো ন্যাসিওনালের বিপক্ষে ফাইনালের প্রথম লেগ খেলতে যাওয়ার সময়ই মেডেলিনে বিমান দুর্ঘটনায় আরও অনেক যাত্রীর সঙ্গে প্রাণ হারান শাপেকোয়েনসের খেলোয়াড়েরা। ম্যাচটি হওয়ার প্রশ্নই ওঠে না, তবে অ্যাটলেটিকোর অনুরোধেই কনমেবল কর্তৃপক্ষ বিজয়ী ঘোষণা করে শাপেকোয়েনসকে। সেটিরই ট্রফি পরশু তুলে দেওয়া হলো ব্রাজিলের ক্লাবটির নতুন প্রেসিডেন্ট পিনিলো ডেভিড দে নেস ফিলহোর হাতে।
তবে পুরস্কার বিতরণী মঞ্চে হলো এক আবেগঘন দৃশ্য। শাপেকোয়েনস সভাপতি মঞ্চে ডেকে নেন অ্যাটলেটিকোর প্রতিনিধি ড্যানিয়েল জিমেনেজকে, যাঁর গলায় ছিল শাপেকোয়েনসের স্কার্ফ। মঞ্চে উঠে দুজন যখন জড়িয়ে ধরেন দুজনকে, পুরো হলের দর্শকদেরই চোখ ভিজে ওঠে জলে। চোখ ভিজেছে হয়তো স্বর্গে বসে থাকা শাপেকোয়েনস ফুটবলারদেরও। এএফপি।